একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত আসনের হিসাববাসের ডান পাশের প্রথম তিন সারি সিট মহিলা আর শিশুদের জন্য সংরক্ষিত। অন্তত বাসে যারা নিয়মিত যায়, তারা তাই জানে। সমস্যা হলো, ঢাকা শহরে দুই রকমের সিটওয়ালা বাস আছে। একটার ডান পাশের প্রতি সারিতে তিনটি করে সিট থাকে, আরেকটায় দুটো করে। মুশকিল হলো, সিট কয়টা রাখার নিয়ম, সেটা বললে সবাই বলে—প্রথম তিন সারি। আসলে এটা প্রথম তিন সারি, নাকি ডান পাশের নয়টি সিট, সে ব্যাপারে কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাই এ রকম দুই সিটওয়ালা একটা বাসের প্রথম তিন সারি পূরণ হওয়ার পর যখন একজন নারীযাত্রী উঠলেন, তখন দাঁড়িয়ে থাকা এক পুরুষযাত্রী চতুর্থ সারিতে বসে থাকা ভদ্রলোককে বললেন, ‘ভাই ওঠেন, মহিলা সিট ছেড়ে দেন।’তাঁর কথা শুনে বসে থাকা সেই যাত্রী তো রীতিমতো আকাশ থেকে পড়েছেন। বললেন, ‘মহিলা সিট তো সামনের সারিতে শেষ। এখানে হবে কেন?’আগেরজন জবাব দিলেন, ‘মহিলাদের জন্য তো নয়টি সিট। সামনের তিন সারিতে ছয়টা হইছে, আরও তিনটি সিট বাকি আছে। আপনি ওঠেন। আপা, আপনি এখানে আইসা বসেন।’সেই ভদ্রলোক গেলেন ক্ষেপে, ‘আরে এ নিয়ম আবার কবে হইছে? সামনের তিন সারি মহিলাদের, ব্যাস শেষ!’পাল্টা জবাবে তিনিও একটা কড়া কথা শোনাতে যাচ্ছিলেন, ঠিক তখুনি সেই ভদ্রমহিলা বলে উঠলেন, ‘ভাই আমি এই স্টপেজে নেমে যাব।’ —কাওছার আহমেদমশা মারতে একজোটঢাকার নিকুঞ্জে স্থায়ী জলাবদ্ধতা আর মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। বারবার ঢাকা সিটি করপোরেশনের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করে এ ভোগান্তির কথা তুলে ধরলেও ডিসিসির কোনো টনকই নড়েনি। এখন বর্ষা না থাকলেও এ সময়ে নিকুঞ্জের প্রতিটি রাস্তায় জলাবদ্ধতা রয়েছে। সে সুযোগে বংশ বিস্তার করছে মশককুল। অতিষ্ঠ এলাকাবাসী তাই নিজেরাই উদ্যোগী হয়েছে মশক নিধনে। গত ১১ মার্চ নিকুঞ্জ কল্যাণ সমিতির সেচ্ছাসেবকদের তাই দেখা গেল স্প্রে মেশিন দিয়ে মশার ওষুধ ছিটাতে। নিকুঞ্জ কল্যাণ সমিতির নেতারা বলছেন, ডিসিসির সামান্যতম নাগরিক সুবিধা প্রদান না করাতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই নিজস্ব অর্থায়নে যতটা পারা যায় এলাকার উন্নয়ন তারা করছে কিন্তু ডিসিসি যদি এগিয়ে না আসে তাহলে তাও দুরূহ হয়ে পড়বে। —তানজিম আল ইসলামআলাউদ্দিনের মনোবিজ্ঞান!বাংলাবাজারের ইসলামিয়া অপটিকের সামনের বারান্দা। ভিড়ের মধ্যে সাপ খেলা দেখাচ্ছিলেন সাপুড়ে আলাউদ্দিন। ভিড় ঠেলে ভেতরে দেখা যায়, ছোট-বড় গোটা পাঁচেক সাপভর্তি বাক্স নিয়ে বসে আছেন তিনি। প্রথমে ব্যাগ থেকে সাপের বাক্সগুলো মেঝেতে সাজিয়ে রেখে একটা চক দিয়ে বৃত্তাকার দাগ দিলেন। এরপর জমায়েত মানুষের উদ্দেশে চিত্কার-চেঁচামেচিসহ সাপ খেলা দেখার আহ্বান জানান। জনতার মনে আত্মবিশ্বাসহীনতার বীজ ঢোকাতে উচ্চস্বরে জানান দিলেন, ‘কেউ এ দাগের ভেতরে আইছেন তো মরছেন। আমার ঝোলাভর্তি নাগিন আর কালসাপ। কেউরে ছাড় দেয় না।’ সাপুড়ের ব্যাগের দিকে তাকিয়ে বোঝা গেল, আসলে সাপুড়ে যেটাকে ঝোলা বলছে, সেটা একটা জিপারওয়ালা ছোট ভ্রমণব্যাগ। আর আট-দশটা সাপুড়ের মতো আলাউদ্দিনের মাথাভর্তি জটলা বা হাতভর্তি কবজের বালা নেই। বেশভূষা রীতিমত আধুনিক আর কেতাদুরস্ত। চুল সুন্দরমতো আঁচড়ানো, আর গায়ে ফুল-হাতা শার্টের ওপর সোয়েটার। সেই আলাউদ্দিন আবার নিজেকে দাবি করছিলেন ১৫ বছর ধরে তিনি দীক্ষা নিয়েছেন ওস্তাদের কাছে। দীক্ষা নিয়ে পাকা হয়ে তারপর তিনি নেমেছেন সাপের খেলা দেখাতে। দশ-পনেরো মিনিট সাপ আর নেউলের যুদ্ধের বিবরণ দিয়ে শুরু করলেন তাঁর সাপ দেখানো। বাক্স থেকে সাপের মাথাটুকুন বের করে সবাইকে বোঝালেন, আসলেই তাঁর ঝোলায় সাপ রয়েছে। তারপর বর্ণনা করতে শুরু করলেন সাদা লজ্জাবতী গাছের গুণাগুণ। একই সঙ্গে দুই টাকা দরে বিক্রিও করলেন লজ্জাবতীর শেকড়। শেকড় বিক্রির পর তিনি আসল উদ্দেশ্য বয়ান করলেন। ভিড়ে থাকা কমবয়সীদের পাঁচ মিনিটের জন্য সরে যেতে বললেন। দুরন্ত সাহসী কিশোর যারা সরে যায়নি, তাদের মনোবল ভাঙতে সাপ দিয়ে ভয় দেখিয়ে ও চিত্কার-চেঁচামেচি করে দূরে সরিয়ে দিলেন। সাপুড়ের আসল উদ্দেশ্য এতক্ষণ পর বোঝা গেল। এবার তিনি দাঁড়িয়ে থাকা ক্রেতা, যারা সাদা লজ্জাবতীর শেকড় কিনেছিল তাদের জন্য মাটিতে একটি রেখা টানলেন। রেখার চারপাশে সারিবদ্ধভাবে দাঁড় করালেন তাদের। নিজের ব্যাগ থেকে কিছু পর্নো ছবি বের করে দেখালেন ক্রেতাদের। ততক্ষণে ক্রেতারা সম্মোহিত আলাউদ্দিনের কথার জাদুতে। আলাউদ্দিন প্রত্যেক ক্রেতার কাছে গিয়ে কানে কানে শুনতে লাগলেন যৌনবাহিত নানা দুর্বলতার কথা। প্রত্যেকের বর্ণনা শোনার পর কারও কাছে ১০০ এবং কারও কাছে ১৫০ টাকার বিনিময়ে নানান গাছ-গাছড়া বিক্রি করলেন তিনি। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে এতগুলো মানুষকে ঠকিয়ে হাতিয়ে নিলেন হাজারখানেক টাকা। —আজহার হোসেনচিন্তা করেনি, থামিয়েছে...সাইনবোর্ডে লাল রং দিয়ে একেবারে স্পষ্ট করে লিখে দেওয়া আছে ‘এখানে গাড়ি থামাইবার কথা চিন্তাও করিবেন না।’ ভাষা দেখলেই বোঝা যায়, বাসওয়ালাদের প্রতি কর্তৃপক্ষের একেবারে চূড়ান্ত রকম কঠোর নির্দেশ। কিন্তু এই বাস চালককে দেখে কি মনে হচ্ছে? এমন কঠিন নির্দেশেও তার কিছু যায় আসে? —কাওছার শাকিলটিএসসির ব্যাংকে একদিনঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির জনতা ব্যাংকে গিয়েছিলাম আইইআরের ফরম কেনার উদ্দেশে। নির্দিষ্ট ১৩ নম্বর কাউন্টার থেকে সংগ্রহের পর ব্যাংকের ভেতরেই কাউন্টারের পাশে রাখা কতগুলো ডেস্কের একটায় বসে পড়ি ফরম পূরণ করার জন্য। অন্য ডেস্কে আরও শিক্ষার্থী ছিল, যারা ফরম পূরণ করছে। গভীর মনোযোগে যখন আমি নির্দেশিকা পড়ায় ব্যস্ত, তখনই কোথা থেকে এক যুবক আমার পাশে এসে একটি খাতা খুলে আমার সামনে মেলে ধরল। খাতাটিতে সিরিয়াল দিয়ে মানুষের নাম ও দান করা অর্থের পরিমাণ লেখা। তার আরেক হাতে কাগজে লেখা, যুবকটি একজন বাকপ্রতিবন্ধী। আমি ব্যস্ত ছিলাম তাই মাথা নেড়ে ‘না’ করলাম। সে আমার দিকে এক মুহূর্ত তাকিয়ে এক পা পেছাল। এরপর ঘুরে খাতা বন্ধ করে সোজা চলে গেল। আশপাশে আর কারও কাছে সাহায্য চাইল না দেখে অবাক হলাম। এরপর পুরো বোকা হলাম সামনে রাখা মুঠোফোনটা না দেখতে পেয়ে। ততক্ষণে বুঝলাম, সাহায্য চাইতে এসে খাতা বাড়িয়ে তার নিচ দিয়ে আমার সাধের মুঠোফোনটি নিয়ে গেছে। দোষটা হয়তো আমারই। টেবিলে ফরমের ওপর মুঠোফোন রেখে ব্যাগ থেকে জিনিস বের করছিলাম। দূর থেকে তা দেখেই সে শুধু আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। এই নগরজীবনে একটু অসাবধান হলেই এমন ধরা খেতে হয়।রাজিয়া,কদমতলা, বাসাবো, ঢাকা।ঢাকা কলেজের ডাকাত!গত ৫ ফেব্রুয়ারি শ্যামলী থেকে লোকাল বাসে করে নিউমার্কেটের দিকে আসছিলাম। বাসের ভেতর প্রচণ্ড ভিড়। তার পরও হেলপার এক ছাত্রকে গাড়িতে ওঠার সুযোগ করে দিল। হেলপার বারবার ভাড়া দেওয়ার জন্য বললে ছাত্রটি জানাল, ছাত্রদের ভাড়া ফ্রি। সুন্দর পোশাক পরা ছেলেটিকে দেখে গরিব মনে হলো না, তবে মনে হলো ধান্ধাবাজ। গাড়িটি ঢাকা কলেজের সামনে আসার পর ছেলেটি হেলপারকে ধমক দিয়ে কোনো ভাড়া না দিয়েই নেমে যায়। তখন চালক হেলপারকে জিজ্ঞেস করলেন, ছাত্রটি ভাড়া দিয়েছে কি না। হেলপার উত্তর দিল, ‘হ্যারা ঢাকা কলেজের ডাকাইত, এগুলান কি পড়তে আহে, সন্ত্রাসী হইতে আহে।’ খারাপ লাগল এ কথা শুনে। গুটি কয়েক ছাত্র নামধারী সন্ত্রাসীর কারণে ঢাকার ঐতিহ্যবাহী এ কলেজ সম্পর্কে নাগরিকদের ধারণা ক্রমেই নেতিবাচক হচ্ছে।—রোমানা রুমুদিনে এক টিকিট, রাতে আরেকদিবানিশি পরিবহন যখন তাদের সার্ভিস শুরু করে তখন বাংলামোটর মোড় থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত নির্ধারিত টিকিটে ভাড়া ছিল পাঁচ টাকা। ছয় মাস পর এই রাস্তায়ই মালিবাগ রেলগেট পর্যন্ত যেতে হলে বাংলামোটর থেকে বাড্ডার ১০ টাকার টিকিট কাটতে হতো। কারণ বাস কর্তৃপক্ষ মালিবাগ রেলগেট পর্যন্ত নির্ধারিত পাঁচ টাকার টিকিট বন্ধ করে দেয়। এভাবেই বাড়তি ভাড়ায় চলতে থাকে এই রাস্তায় যাতায়াত। দিন বিশেক আগে এই কাউন্টারে মালিবাগ রেলগেটের জন্য ১০ টাকার নোট দিলে কাউন্টারম্যান পাঁচ টাকা ফিরিয়ে সেই আগের মালিবাগ রেলগেটের একটি টিকিট আমার হাতে ধরিয়ে দেন। এই টিকিট (পাঁচ টাকার) আবার কবে শুরু হলো জিজ্ঞেস করতেই কাউন্টারম্যান জানান, এই টিকিট তো সব সময়ই ছিল। অন্য যাত্রীরাও প্রতিবাদ করে কাউন্টারম্যানকে জানান, তাঁরাও আজই পাঁচ টাকার টিকিটে যাচ্ছেন। এরই মধ্যে বাস চলে এলে আসল ঘটনা উদ্ঘাটন সম্ভব হয়নি। দিন পাঁচেক পর একই কাউন্টারে ওই পরিবহনের একই গন্তব্যের টিকিট কাটতে গেলে ১০ টাকার সেই বাড্ডা পর্যন্ত টিকিট হাতে ধরিয়ে দেন আরেক কাউন্টারম্যান। পাঁচ টাকার টিকিটের কথা জানালে তিনি জানান, এই টিকিট অনেক আগেই (বছর দেড়েক) বন্ধ হয়ে গেছে। সযতনে সংগৃহীত আগের বারের পাঁচ টাকার টিকিটটি কাউন্টারম্যানকে দেখালে মুহূর্তেই তাঁর মুখ কালো হয়ে যায়। পাশে এসে দাঁড়িয়ে গলা নামিয়ে বলেন, আপা, সকালে মানুষ কম থাকে, তখন এ টিকিট (পাঁচ টাকার) দেওয়া হয়, এটা রাতে দেওয়ার নিয়ম নেই। —বিপাশা রায়