একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুর হাসি!বঙ্গবন্ধুর জন্মদিনে অর্থাৎ ১৭ মার্চ স্টেডিয়াম এলাকার কোথাও শিশুদের নিয়ে একটা সভা হচ্ছিল। সভা কোথায় হচ্ছে, সেটা দেখা না গেলেও স্টেডিয়ামের বাইরের অংশে মাইক লাগিয়ে সরাসরি সম্প্রচার হচ্ছিল সভার বক্তাদের বক্তব্য। তো এক বক্তা শিশুদের উদ্দেশ করে বলছিলেন, ‘আজকে বঙ্গবন্ধুর জন্মদিন। তোমাদের জন্মদিনে তোমরা কী করো? কেক কাটো, তাই না? আজকে তোমরা বাসায় গিয়ে বঙ্গবন্ধুর জন্য কেক কাটবে। বাবা-মা যদি কেক কিনে না দেন, তাহলে কান্নাকাটি করবে...।’এটুকু শোনার পর ভেতরের দর্শকদের কী প্রতিক্রিয়া হলো তা বোঝা গেল না, তবে স্টেডিয়ামের ক্রেতা-বিক্রেতারা তাঁর এমন হাস্যকর আবদারে হাসতে হাসতে খুন। এদিকে তিনি তখনো বলে চলেছেন, ‘বঙ্গবন্ধুর একটা প্রিয় গান ছিল। তোমরা কি জানো সেই গানটা কী?’ বলেই তিনি জাতীয় সংগীত গাইতে শুরু করলেন। কিন্তু বিপত্তিটা বাধল এখানেই। ‘ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কী দেখেছি, আমি কী দেখেছি মধুর হাসি...’ তারপর ‘সোনার বাংলা’ না বলে তিনি বলে বসলেন ‘আমার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’স্টেডিয়ামের চারধারে আবার উঠল হাসির রোল। বাঁচিয়ে দিল ক্যাপশাহবাগের ব্যস্ত রাস্তায় হঠাত্ করেই মেয়েটা দৌড় দিল রাস্তা পার হওয়ার জন্য। একটা বাস ছুটে আসছিল দ্রুতবেগে। কিন্তু দৌড়াতে গিয়ে মেয়েটার মাথার রোদটুপি খুলে পড়ে গিয়েছিল বাতাসে। সেটা নিতে উল্টে সরে গিয়েছিল বলেই বেঁচে গেল মেয়েটা। কেননা সেই দ্রুতবেগে ছুটে আসা বাসের ড্রাইভার শত চেষ্টা করেও বাসটাকে সময়মতো ব্রেক করতে পারেননি। দৌড় অব্যাহত রাখলে মেয়েটা ততক্ষণে যেখানে পৌঁছে যেত, সে জায়গাটা পার হয়ে আরও অনেকটা সামনে গিয়ে থামল বাসটি। মেয়েটার এই কাণ্ড দেখে বাসের ড্রাইভার আর যাত্রীরা সবাই বুঝি হাঁফ ছেড়ে বাঁচল। ভাগ্যিস, মেয়েটা ক্যাপটা কুড়িয়ে নিতে পিছিয়ে গিয়েছিল। নইলে পরদিনের পত্রিকার পাতায় আরেকটা সড়ক দুর্ঘটনায় অপমৃত্যুর খবর পাওয়া যেত নির্ঘাত। পুলিশের বিজ্ঞাপন শেরেবাংলানগরের রাস্তায় বাস দিয়ে যাওয়ার সময় পিলে চমকে ওঠার মতো দশা হলো একটা সাইনবোর্ড দেখে। মাথায় পুলিশের পরিচিত প্রতীক বড় করে দেওয়া আর পাশেই লেখা ‘সুখবর (?) সুখবর (??) মাদকসেবন করুন, পুরস্কার জিতুন!’ মোটামুটি ঘাবড়ে যাওয়ার মতোই কথা। শেষে বাস থেকে নেমে বিজ্ঞাপনটা পুরোপুরি পড়ার পর বোঝা গেল, আসলে এটা মাদককে নিরুৎসাহিত করতেই লেখা। মাদকের বিরুদ্ধে পুলিশের এই তৎপরতা দেখে ভালোই লাগল কিন্তু সেই সঙ্গে এও মনে এল, বিজ্ঞাপন দিলই যদি, সবগুলো লেখা আরেকটু বড় করে দিলেই হতো। তা হলেই তো এমন চোখ কপালে তোলার দশা হতো না পথচারীদের। আর এ রকম মজার বিজ্ঞাপন নয়, পুলিশ কাজের কাজটা ঠিকই করতে পারে মাদক ব্যবসা বন্ধ করে। এ কর্তব্যটুকু তারা ঠিকমতো পালন করে কি না, তা নিয়েই কিন্তু সন্দিহান নগরবাসী।ফুটপাতে স্ট্রবেরি ঢাকার মানুষ এত দিন আটকে ছিল স্ট্রবেরি স্বাদওয়ালা আইসক্রিম আর ক্যান্ডিতে। কালেভদ্রে বড় বড় ফলের দোকানে মিলত বিদেশ থেকে আসা প্যাকেটজাত স্ট্রবেরি; তাও দু-একজন সৌভাগ্যবান ছাড়া আর কারও কপালে জুটত না। কিন্তু এখন ঢাকার ফুটপাতে অহরহ দেখা মিলছে স্ট্রবেরির। পাওয়া যাচ্ছে এ দেশেই উৎপাদিত টাটকা তাজা স্ট্রবেরি। দামে অবশ্য সামান্য একটু চড়াই-উতরাই আছে। যেমন গুলিস্তান এলাকায় ছোট এক প্যাকেট বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। আবার কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা প্যাকেট। কোথাও কোথাও আবার ৭০-৮০ টাকায়ও বিক্রি হচ্ছে প্রতি প্যাকেট স্ট্রবেরি। মানের দিক থেকে অবশ্য তেমন কোনো তারতম্য নেই। কিন্তু ঢাকার বাজারে নতুন উঠেছে বলে ক্রেতাদের কাছ থেকে যে যেমন পারছে খসিয়ে নিচ্ছে বিক্রেতারা। তাই একটু দরদাম করে কিনলে ন্যায্য দামেই মিলবে বিদেশি এই ফল চেখে দেখার সুযোগ।স্মৃতিসৌধের পরিচর্যা আর কয়েক দিন পরই স্বাধীনতা দিবস। তাই চলছে স্মৃতিসৌধ ধোয়া মোছার কাজ। নারীকর্মীরা পানি আর ব্রাশ দিয়ে ডলে-ঘষে বেদির দাগ তুলছিলেন। রাষ্ট্রীয়ভাবে একটু বেশি গুরুত্বপূর্ণ বলেই শহীদ মিনারের মতো অতটা অবহেলার শিকার হয় না স্মৃতিসৌধ। তবে ঘষাঘষির তোড়জোড় দেখে মনে হলো, দরকার না পড়লে খুব বেশি সেবা-যত্নও জোটে না স্মৃতিসৌধের ভাগ্যে।সিএনজি ফুরিয়ে চারজন মিলে বাস ঠেলে নিয়ে যাচ্ছিলেন। কারণ মাঝপথে এসে টের পেয়েছেন সিএনজি ফুরিয়ে গেছে। আসলে যেখান থেকে সিএনজি নেবেন বলে চালক ভেবেছিলেন, সেখানে সিএনজি পাওয়া যায়নি। ভেবেছিলেন, সামনের কোনো একটা স্টেশন থেকে নিয়ে নেবেন। কিন্তু সেখানেও দেখা দিয়েছে গ্যাসের অভাব। তাই সিএনজির সন্ধানে এগোতে হলো আরও সামনে। কিন্তু বিধি বাম! গ্যাসের সংকট নেই এমন সিএনজি স্টেশন খুঁজে পাওয়ার আগেই ফুরিয়ে গেল জ্বালানি। কী আর করা, শেষে পরবর্তী সিএনজি স্টেশনটা বাসে চেপে নয়, বাস ঠেলতে ঠেলতেই খুঁজতে বেরোলেন তাঁরা।