একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজড়া সম্মেলনওসমানী উদ্যানের গেট দিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকছিলেন তাঁরা। দেখে মনে হলো, ঢাকা শহরের সব হিজড়া বোধ হয় চলে এসেছেন এখানে। লোকজন হাঁ হয়ে দেখছে তাঁদের ভিড় করে। কিন্তু ওদের কোনো প্রতিক্রিয়া নেই। স্বভাবজাতভাবে তাঁরা উল্টো একটা কথাও বললেন না। চুপচাপ সবাই গিয়ে জড়ো হলেন ওসমানী উদ্যানের একেবারে মাঝখানে। তাঁদের যিনি নেত্রী, তিনি দাঁড়িয়ে কথা বলা শুরু করলেন। তখন বোঝা গেল, এটা আসলে একটা ছোটখাটো সম্মেলন।দর্শকের ভিড়ে খুব একটা কাছে যাওয়া যায়নি বলে কথা ঠিকমতো শোনা যায়নি। সম্মেলন শেষ হওয়ার পর নেত্রীকে খানিকটা ফাঁকা পাওয়া গেল। তখন তাঁর কাছে গিয়ে জানা গেল আসল ঘটনা। বললেন, ‘আমরা যাঁরা প্রকৃত হিজড়া, তাঁরা সব সময়ই অবহেলিত, অধিকারবঞ্চিত। ইদানীং কিছু পুরুষ হিজড়া সেজে আমাদের বদনাম করতেছে। এরা চুরি, ছিনতাই করে, ড্রাগ বেচে, আজেবাজে কাজ করে বিভিন্ন জায়গা থেকে চান্দা তোলে, আর দোষ হয় আমাদের। এখন এরা আবার দল পাকিয়ে হিজড়াদের নাম করে এনজিও ব্যবসা চালু করেছে। এসব এনজিও আমাদের দুঃখ-দুর্দশার ছবি তুলে বিভিন্ন জায়গায় দেখায়। তারপর সাহায্যের টাকা নিজেরা লুটেপুটে খায়। আমাদের দাবি হচ্ছে, হিজড়াদের নাম ব্যবহার করে আর এসব ধান্ধা করা যাবে না। হিজড়াদের সাহায্য করার কথা বলে টাকা মেরে খাওয়া চলবে না। আমাদের নাম দিয়ে চাঁদা তুলে, ছিনতাই করে আমাদের বদনাম করা চলবে না।’ তাঁর বক্তব্য শুনে সমবেত সব হিজড়া হইহই করে উঠলেন। নিজেদের সমর্থনের কথাটা জানিয়ে দিলেন স্পষ্ট করে। একলা পেয়ে...বারডেমের গেটে সেই লোকটা মার দিচ্ছিলেন হ্যাংলা-পাতলা মানুষটাকে। মারতে মারতে বলছিলেন, ‘সন্ত্রাস করস না? ওই...পো...তুই কত বড় সন্ত্রাস হইছস?’ বলতে বলতে আবার মার। যে মানুষটা মার খাচ্ছেন, তিনি কিছু বলার সুযোগ পাচ্ছেন না। আশপাশের জমায়েত লোকজন দেখছিল ঘটনাটা, আর এই ভেবে সন্তুষ্ট হচ্ছিল, যাক, তবু একজন সন্ত্রাসীকে বাগে পেয়ে কেউ না কেউ তো মার লাগাচ্ছে। তাদেরও খানিকটা আগ্রহ হচ্ছিল লোকটাকে দু-চার ঘা লাগাতে, কিন্তু লোকটার চেহারা-সুরত দেখে কেন যেন সন্ত্রাসী বলে মানতে একটু কষ্ট হচ্ছিল। সে জন্যই বোধ হয় আগ্রহ থাকা সত্ত্বেও কেউ অংশ নিল না ‘ধোলাই কর্মে’। তবে যে লোকটা মারছিলেন, তিনি মোটামুটি সবার হয়ে বেশ ভালো করেই মেরেই দিচ্ছিলেন। সে জন্যই দর্শকেরা দেখছিল বেশ তৃপ্তি নিয়ে। কিন্তু হঠাৎ করে কী হলো, একটা উটকো লোক এসে বাগড়া দিল সেই ‘ধোলাই বিনোদনে’। তাঁকে দেখে লোকটা মার থামিয়ে দিলেন। আর পাবলিকও এমন মাগনা বিনোদন থেকে বঞ্চিত হয়ে খানিকটা আফসোস করল। তবে যাকে এতক্ষণ সন্ত্রাসী বলে মার দেওয়া হচ্ছিল, সেই লোকটা এতক্ষণে কিছু বলার সুযোগ পেলেন। যে ‘ধোলাই বিনোদন’ থামালেন, তাঁকে বললেন, ‘ভাই, দেখেন ভাই, সবাই মিলে তাঁরে মারছে, হেই শোধ তুলতে হ্যায় আমারে একলা পাইয়া মারতেছে।’ কথাটা শুনে দর্শক এইবার মোটামুটি নড়েচড়ে বসল। একজন এগিয়ে এসে বললেন, ‘ভাই, ঘটনাটা কী?’তখন তাঁরা সবিস্তারে বিবরণ দেওয়া শুরু করলেন। ঘটনা যা জানা গেল তা হলো এ রকম—প্রহাররত লোকটা বাসের ভেতর কথাকাটাকাটি করে এক যাত্রীকে ধাক্কা মেরে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে প্রায় মেরে ফেলছিল। তখন বাসের সব যাত্রী মিলে তাঁকে সেই কুকর্মের জন্য ধোলাই দিয়েছে। সম্মিলিত ধোলাই খেয়ে শেষে লোকটা বাস থেকে নেমে যান। পরে এই মানুষটা যখন বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে একলা পেয়ে হাতের সুখ মিটিয়ে মেরে শোধ তুলছিলেন লোকটা। তার মানে দাঁড়াল, এই মানুষটার কোনো দোষ নেই। এতক্ষণ নিরপরাধ একটা লোক খামাখা মার খাচ্ছিলেন। এবার টনক নড়ল সবার। সবাই মিলে খোঁজা শুরু করলেন কুলাঙ্গারটাকে। কিন্তু তিনি কোথায়? বেগতিক দেখে কোন ফাঁকে সটকে গেছেন! লোকজন আফসোস করতে লাগল—‘ইস, আগে টের পাইলে, হালারে...।’মারের প্রতিবাদ করা লোকটা এতক্ষণ পর আবার মুখ খুললেন, ‘টের পাবেন কী করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ মজা নিচ্ছিলেন না? একটা নিরীহ লোককে আপনাদের সামনে মারল, আপনারা কেউ একবার জিজ্ঞেসও করলেন না—‘‘কী ব্যাপার ভাই, মারছেন কেন?’’। জিজ্ঞেস করবেন কেন? জিজ্ঞেস করলে আপনাদের মজা নষ্ট হয়ে যেত না?’এবার দর্শকেরাও চুপচাপ কেটে পড়ল। ট্যাঙ্গের মেডিসিন গুলিস্তানে কাচের বাক্সে হলুদ হলুদ শরবত বিক্রি হচ্ছিল। ভেতরে বরফ আর সবুজ সবুজ লেবু ভাসছে। মধ্য দুপুরের মগজ গলানো রোদ। কোনো বাতাস নেই। চারপাশে অসহ্য গরম। বুক ফেটে যাওয়ার দশা। শরবতের গ্লাস পাঁচ টাকা। তাই লোকজন এক গ্লাসের জায়গায় দুই গ্লাস ঢেলে নিচ্ছিল। কারণ সস্তা, শীতল আরাম। কিন্তু শরবতের চেহারাটা ঠিক সুবিধার নয়। ‘কিসের শরবত এটা?’জানতে চাইলে শরবতওয়ালা জবাব দেন—‘ট্যাঙ্গের মেডিসিন।’তার মানে ট্যাং না?না, ট্যাঙ্গ না, ট্যাঙ্গের মতন মেডিসিন পাওয়া যায়। শরবত বানাইলে খাইতে ট্যাঙ্গের মতন লাগে।আর কিছু বলা হলো না। কারণ, আরও জনা কয় কাস্টমার জুটে গেছে তাঁর দোকানে। এরা শরবত খেতে উদগ্রীব। তা সেই শরবত ট্যাং দিয়েই বানানো হোক, কি ট্যাঙ্গের মেডিসিন দিয়ে। ঝাঁকার বদলে মাইক্রোবাস তাঁদের মাথা গামছায় বাঁধা। বোঝা গেল, তাঁরা মিনতিগিরি করেন। আরও পরিষ্কার করে বোঝা গেল, মাইক্রোবাসের সিটের ওপর রাখা তাদের বাঁশের ঝাঁকাগুলো দেখে। তাঁরা তিনজন মিলে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন মাইক্রোবাসটাকে। প্রশ্ন করলাম, বিষয়টা কী? বোঝা ফেলে মাইক্রোবাস ঠেলছেন যে? তাঁরা জবাব দিলেন, ডেরাইভার আমাগো কইছে ‘সিএনজি শ্যাষ হইয়া গেছে, গাড়িডা একটু ঠেইল্যা একটা সিএনজি স্টেশনে নিয়া দেন, আপনাগো একশো টাকা দিমুনে। আমরা রাজি হইয়া গেছি। ঝাঁকা দিয়া মাল বইলেও হেই ট্যাকাই পাইতাম। অহন মাল না বইয়া গাড়ি ঠেলতাছি। আমাগো ভাই ট্যাকা পাওয়া দিয়া কথা।’জগন্নাথ হলে...দৃশ্যটা দেখে প্রায় পিলে চমকানোর দশা। একটা মানুষ মরে পড়ে আছে। গায়ে লাল লাল ছোপ। যদিও বোঝা যাচ্ছিল, এগুলো মাটির মূর্তি। কিন্তু তার পরও বারবার চমকে চমকে উঠতে হচ্ছিল সেদিকে তাকিয়ে। আর জগন্নাথ হলের ছাত্রদের তৈরি সেই কৃত্রিম দৃশ্যগুলো দেখতে দেখতেই মনে পড়ে যাচ্ছিল একাত্তরের ২৫ মার্চের কথা। আজ আমরা যে মাটির মূর্তি দেখেই চমকে যাচ্ছি, অথচ সেদিন এখানে এর বদলে ছিল সত্যিকারের লাশ। তখনকার জ্যান্ত মানুষগুলোর কেমন লেগেছিল, সেটা ভাবলেই শিউরে ওঠে মন। খারাপ লাগে এ দেশের সেই মানুষগুলোর কথা ভাবলেই, যাঁদের নৃশংসভাবে মেরে এমন করেই হয়তো ফেলে রেখেছিল পাকিস্তানি বাহিনী। মনটা ভার হয়ে যায় তখন।