একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিখা নেভেনি...অনেকগুলো মানুষ। সারে সারে দাঁড়ানো। রোদ উঠেছে প্রচণ্ড। দরদর করে ঘাম ঝরছে সবার। তবুও সবাই ঠায় দাঁড়িয়েছিলেন। কারও মুখে কোনো কথা নেই। কোনো স্পন্দন, কোনো চাঞ্চল্য নেই। শোকের এক অদ্ভুত অদৃশ্য পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে সেই মানুষগুলোকে। স্তব্ধতা ঠাঁই করে নিয়েছিল যেন সবার ভেতরে। তাঁদের এই নিস্তব্ধতা, তাঁদের এই শোক শিখার জন্য। সায়মা সিদ্দিকা শিখা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। তিনি ছোট বোনকে সঙ্গে নিয়ে দাদার বাড়িতে যাওয়ার সময় গত ২৬ মার্চ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর জন্যই ইংরেজি বিভাগের ছাত্রছাত্রী আর শিক্ষকেরা ৩ এপ্রিল দাঁড়িয়েছিলেন ঢাকা-আরিচা সড়কে, হাত ধরে মানববন্ধন রচনা করে। মৌন হয়েছিলেন তাঁরা। কিন্তু বুকে তাঁদের একটা দাবি—শিখার মতো আর কাউকে যেন এমন অকালে ঝরে যেতে না হয়, এমন করে কাউকে কিছু না বলেই হুট করে যেন চলে যেতে না হয়। তাঁদের দাবি ছিল, নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়কের।এ রাস্তা দিয়েই যাচ্ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ফাহমিদা নবী, বিউটি আর পুতুল। শিখার জন্য করা সেই মানববন্ধন দেখে তাঁরাও এলেন যোগ দিতে। জানালেন তাঁদের একাত্মতার কথা।শিখার বন্ধুরা থেমে থেমে ডুকরে কেঁদে উঠছিলেন বারবার। তাঁদের সেই কান্না আর মানববন্ধনে দাঁড়ানো সেই মানুষগুলোর কাতরতা দেখে মনে হচ্ছিল, এই মানুষগুলোর ভেতর দিয়েই শিখা বেঁচে আছেন, বেঁচে থাকবেন। শিখা নেভেনি...।রাস্তা না খাদ?কে বিশ্বাস করবে বনানীর মতো অভিজাত এলাকার দৃশ্য এটা? এটা বনানী লেকপাড়ের পায়েচলার পথ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, গত ছয় থেকে সাত মাস ধরে পথটির এ দশা। রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয়, পাহাড়ের ওপর থেকে নামতে হচ্ছে। এ রকম একটা গুরুত্বপূর্ণ জায়গার পথ এভাবে ভেঙে পড়ে আছে এত দিন ধরে, কর্তৃপক্ষ কি এসব দেখে না? হাতেনাতে প্রমাণঅবিশ্বাস করার কোনো উপায় নেই, একেবারে হাতেনাতে প্রমাণ। ‘ওয়াটারপ্রুফ’ ঘড়ি বলে অন্য কিছু গছিয়ে দেওয়ার চেষ্টা যে করা হচ্ছে না, সেটা প্রমাণ করতেই বুঝি এ ব্যবস্থা। বনানীতে ফুটপাতের এক ঘড়িবিক্রেতার দোকানে গিয়ে দেখা গেল এই দৃশ্য। ঘড়ি যে পানিরোধী, সেটা বোঝানোর জন্যই তিনি এক পাত্র পানি নিয়ে তাতে ঘড়ি ডুবিয়ে রাখেন। ক্রেতারা এসে পানিতে হাত ডুবিয়ে ঘড়ি নেড়েচেড়ে দেখেন। পছন্দ হলে কেনেন। ওয়াটারপ্রুফ কি না তা জিজ্ঞেস করারও উপায় নেই, হাতেনাতে প্রমাণ একেই বলে! গরিবের ক্যারমবনানী লেকের পাড়ে বসে ওরা মহাআনন্দে ক্যারম খেলছিল। খানিকটা খেয়াল করতেই অবাক হতে হলো। অদ্ভুত এক ক্যারমবোর্ড দিয়ে খেলছে ওরা। বোর্ড বলতে কাঠের ফিনফিনে পাতলা এক টুকরো কাঠ। ঘুঁটি হচ্ছে কোমল পানীয়ের বোতলের মুখ, আর স্ট্রাইকার এক টুকরো টাইলস। বোর্ডের কোথাও কোনো গর্ত নেই ঘুঁটি ফেলার জন্য। এর বদলে বোর্ডের চারদিকে সবুজ রঙের মার্কার দিয়ে আঁকি-বুকি কাটা। জিজ্ঞেস করলাম, ‘বোর্ডে তো গর্ত নেই, ঘুঁটি ফেলবে কী করে?’ওদের মধ্য থেকে একজন গম্ভীর গলায় জবাব দেয়, ‘গরিবের ক্যারমবোর্ডে ফুটা থাকে না।’উত্তর শুনে মোটামুটি থমকে যেতে হলো! বলে কি এই ‘পিচ্চি’! এই ‘পিচ্চি’র নাম সাগর। সে-ই এই ক্যারমবোর্ডের উদ্ভাবক। তাদের মধ্যে একজনের সত্যিকারের একটা ক্যারমবোর্ড আছে। অসুস্থ বলে সে আজ খেলতে আসেনি। তাই তার ক্যারমবোর্ডও পাওয়া যায়নি। কিন্তু তাই বলে খেলা থেমে থাকবে না কি? সে জন্যই নিজের হাতে এই বোর্ড বানিয়ে সঙ্গীদের সঙ্গে ক্যারম খেলা শুরু করে দিয়েছে সাগর। একেই বলে বুদ্ধি!