একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁকে ফোকরে বিজ্ঞাপনবাংলা নববর্ষের প্রথম দিনে সারা শহরের লোক এসে জড়ো হয় রমনা, শাহবাগ এলাকায়। বছরের অন্য কোনো দিন এত মানুষ একসঙ্গে পাওয়া যায় না আর কোথাও। দেখা গেল, বহু লোক জমায়েতের এই সুযোগটাকে একটু অন্যভাবে কাজে লাগিয়েছে অনেকেই। বহুজাতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে চায়নিজ রেস্তোরাঁ পর্যন্ত, সবাই যার যার মতো করে ছোটখাটো একেকটা শোভাযাত্রা নিয়ে এসেছে। তবে শোভাযাত্রাটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য ছিল পণ্যের বিজ্ঞাপন। লোকের নজর কাড়তে এসব শোভাযাত্রার আয়োজকেরা অংশগ্রহণকারীদের কাউকে কাউকে টম অ্যান্ড জেরি সাজিয়ে এনেছেন। কেউ বেহারা দিয়ে খালি পালকি বইয়ে বেড়িয়েছেন পথে পথে। কেউ আবার লোকজনকে পণ্যের নাম লেখা ছাতা হাতে ধরিয়ে আর টি-শার্ট পরিয়ে মিছিল করেছেন। মোট কথা, পয়লা বৈশাখের ভিড়ভাট্টার সুযোগে একটু বুদ্ধি করে অনেকেই বিজ্ঞাপনের এই সুযোগ লুফে নিয়েছেন। শুনতে কি চাও তুমি...কলকাতার বিখ্যাত গায়ক অঞ্জন দত্ত বড় হয়ে গানে গানে আফসোস করেছিলেন ছোটবেলার খেলনাওয়ালার কাছে শোনা বেসুরো সুর আবার শোনার জন্য। ছোটবেলার সেই বেসুরো সুরের সঙ্গে যে স্মৃতিবিজড়িত, তার কাতরতা এ দেশেও কম নয়। এর প্রমাণ মিলল পয়লা বৈশাখের দিন। ছোটরা নয়, বাদ্য-বাজনা কেনার ব্যাপারে বড়দের আগ্রহই একটু বেশি চোখে পড়ল। একতারা, মাটির বেহালা, ডুগডুগি, ঢোল, বাঁশের বাঁশি, প্লাস্টিকের শিঙা কিনেই ক্ষান্ত হননি তাঁরা; নিবিষ্ট মনে বাদ্য বাজাতে বাজাতে ঘুরে বেড়িয়েছেন সবখানে। বড়দের এমন ছেলেমানুষি দেখে কেউ বিরক্ত হয়েছে, কেউ হেসেছে, আবার কেউ কেউ আফসোস করেছে—‘আহার, কেন যে এরা বড় হলো!’ সত্যি সত্যি ‘স্ক্রিন প্রিন্ট’হাতে আঁকতে সময় লাগে। আর সবাই সেই কাজ পারেও না। আঁকলে আঁকাবাঁকা হয়। তাই বুদ্ধি করে এবারের বৈশাখে কেউ কেউ স্ক্রিন প্রিন্টের ছাঁচ নিয়ে এসেছিল। তাতে বৈশাখের শুভেচ্ছা বাণী আর একতারা, ফুল, নকশা আঁকা। ছাঁচ বসিয়ে কেবল রং লেপ্টে দিলেই হলো। মুহূর্তের মধ্যে গালের চামড়ায় ফুটে ওঠে নকশা। একেই বলে সত্যি সত্যি স্ক্রিন প্রিন্ট!হুক্কা পান!ছবির এই হুক্কাটা স্রেফ মিছেমিছি টান দেওযার জন্যই। এটা কেবল ঘর সাজানোর কাজে আসে। কিন্তু পয়লা বৈশাখের দিন কোনো কোনো মেলায় টাকার বিনিময়ে সত্যিকারের ‘হুক্কা’ দিয়ে ধূমপানের আসর বসেছিল। হুক্কা আমাদের দেশের গ্রামীণ ঐতিহ্যের একটা অংশ হলেও সচেতন নাগরিক হিসেবে তামাক সেবনকে সমর্থন করে না অনেকেই। অভিভাবকেরা এই নিয়ে অভিযোগও করেছেন। কেননা, কোনো কোনো মেলায় আয়োজকদের রাখা টাকার বিনিময়ে ‘হুক্কা’ দিয়ে ধূমপান করানোর বিষয়টি মেনে নিতে পারেননি তাঁরা। আসলে দেশজ ঐতিহ্য হলেও হুক্কায় ধূমপান কোনো সু-অভ্যাস নয়। তাই দেশজ ঐতিহ্যের দোহাই দিয়ে ‘হুক্কা’ দিয়ে ধূমপানকে উৎসাহিত করাটা নিঃসন্দেহে অনৈতিক। এ রকম একটা উৎসবের দিনে ভবিষ্যতে আয়োজকেরা তাঁদের আয়োজন নিয়ে আরও একটু সচেতন হবেন—এমনটাই আশা করেন অভিভাবকেরা। কে তাহারে চিনিতে পারে...? —বলেন তো, এইটা কী?—এইটা জামরুল।—উহু, হয় নাই।—তাহলে বরই?—নাহ, তাও না।—গাব?—না, এইটা হচ্ছে গোলাপজাম।—কই এই জিনিস তো কখনো দেখিনি?—দেখবেন কী করে! এই ফলের গাছ এখন খুঁজেও পাওয়া যায় না। যা দু-একটা আছে, তার বেশির ভাগই ঢাকায় আসার আগেই বিক্রি হয়ে যায়, বুঝলেন?দুই বন্ধু কথা বলছিলেন গোলাপজাম নিয়ে। শাহবাগের মোড়ে এই ফল নিয়ে বসেছিলেন বিক্রেতা। খেতে বেশ মিষ্টি। মজার ব্যাপার হলো, হলুদ রঙের বিচিত্র এই ফলে কামড় দিলে টাটকা গোলাপের গন্ধ বের হয়। পয়লা বৈশাখ উপলক্ষে বহু দূর থেকে নিয়ে এসেছিলেন এক দোকানি। নইলে এই ফল সহজে চোখে পড়ে না।শব্দে শব্দে কাটাকাটিপ্রবাদ আছে—অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। প্রবাদটি যে কতখানি বাস্তব, তা বোঝা গেল এবারের পয়লা বৈশাখে। পয়লা বৈশাখের দিন সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল লোকে লোকারণ্য। মলচত্বরে ছিল ছাত্রলীগের কনসার্ট। এর ঠিক পাশেই কলাভবনের সামনে ছিল নাট্যকলা বিভাগের কনসার্ট। দুই পাশের মঞ্চই কাঁপাচ্ছেন আয়োজকদের আনা শিল্পীরা। দুই কনসার্টের গানের সুর আর কথা মিলে এক জগাখিচুড়ি অবস্থার সৃষ্টি হয়েছিল। রাজু ভাস্কর্যের সামনের বিশাল মঞ্চে এসে সবাইকে নাচিয়ে গেল এলআরবি, মাকসুদ, অর্থহীনসহ আরও অনেকে। তারা যখন এ পাশে রাজু ভাস্কর্যে গান গাইছিল, ঠিক তাঁদের বিপরীত দিকেই ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে তখন বাজছে বাউলসংগীত। অবস্থা এমন বেগতিক যে ডাইনে শব্দ, বাঁয়ে শব্দ—যেদিকে কান যায় খালি শব্দ আর শব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি। কারণ হিসেবে তারা বলল, বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের অনুষ্ঠান আমাদের ঐতিহ্য। এটা সব সময় হচ্ছে এবং হওয়া উচিত। তবে অনুষ্ঠানের নামে বিভিন্ন বহুজাতিক কোম্পানির ব্যানার প্রদর্শনী আর শব্দযন্ত্রণা সৃষ্টির এই প্রবণতা বাদ দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি নিজেরাই দায়িত্ব নিয়ে অনুষ্ঠানগুলো আয়োজন করত, তাহলে বোধহয় এ ধরনের জগাখিচুড়ি অবস্থা হতো না। সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় যা দেখাল, তাতেই বোঝা যায়, সমন্বয়হীনতা আর বিশৃঙ্খলা কীভাবে একটা ভালো বিষয়কেও পণ্ড করে দেয়। বছরের প্রথম দিনেই গচ্চা...বছরের প্রথম দিনটা যেভাবে কাটে, বছরের বাকি দিনগুলোও সেভাবেই কেটে যায়। এটা কথার কথা হলে ভালো কথা, না হলে যারা পয়লা বৈশাখে আনন্দ খুঁজতে ঘরের বাইরে বেরিয়েছিল, তাদের পুরো বছর দুর্ভোগ পোহাতে পোহাতেই কাটবে। কেননা, পয়লা বৈশাখের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে আসা মানুষকে গচ্চা দিতে হয়েছে পদে পদে। সেদিন গরম পড়েছিল প্রচণ্ড, পানির পিপাসায় লোকজন কাতর। আর এ সুযোগ কাজে লাগাতে পানির ব্যবসায় নেমে পড়েছিলেন অনেকেই। তৃষ্ণার্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে ঠান্ডা পানির বোতল কেনার জন্য। এই ফাঁকে ১০ টাকার পানির বোতল ২০-২৫ টাকায় পর্যন্ত বিক্রি হয়েছে। এত দাম কেন? জানতে চাইলে তাঁদের সাফ সাফ জবাব, ‘পানি ঠান্ডা করতে ৪০০ ট্যাকার বরফ কিনন লাগছে।’ তো সারা দিনে কম বোতল তো বিক্রি হয়নি, তবু বিকেল বেলা পর্যন্ত সেই ৪০০ টাকা আর উশুল হলো না তাঁদের? শুধু পানি বিক্রেতারাই নন, ভাতওয়ালা, মুড়িওয়ালা, কলাওয়ালা, আচারওয়ালা, ফলওয়ালা—কেউ কম যাননি এই পাল্লায়। আর সবাই যখন দাম বাড়িয়েছেন, তখন রিকশাচালক আর অটোরিকশাচালকেরাই বা বসে থাকবেন কেন? তাঁরাও বাড়তি ভাড়া চেয়ে থম মেরে বসে ছিলেন। কিছু বললে উত্তর তো তৈরিই আছে—‘বছরের পয়লা দিন, কিছু বেশি দিবেন না?’ জন্ম হোক যথা...জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো—এ রকম একটা মহৎ বাণী গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল ভ্যানটি। ভ্যান নয় ঠিক, এটা হলো ভ্রাম্যমাণ টয়লেট। ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে সারা শহরের বিভিন্ন জায়গায় এই টয়লেটগুলো ঘুরে বেড়িয়েছে মানুষকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কাজে সাহায্য করতে। তাতে করে চরম মুহূর্তে অসংখ্য মানুষের সামনে রাস্তার পাশেই বসে পড়ে বিব্রত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে অনেকেই। আর বাংলা বছরের প্রথম দিনটিতে এ রকম বিব্রতকর অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য ঢাকা সিটি করপোরেশনকে অন্তর থেকে ধন্যবাদ দিয়েছে জনগণ।আলোকচিত্রীদের ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার ছবি তোলার জন্য ভোর থেকেই চোখ থেকে ঘুম পালিয়ে যায় আলোকচিত্রীদের। পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার সময় ছবি তোলার জন্য প্রস্তুত আলোকচিত্রীরা। আর ছবি তোলার স্থানের জন্য তাঁদের প্রথম পছন্দ টিএসসির সামনের রাজু ভাস্কর্য। ভাস্কর্যের সামনে, পাশে, ওপরে, নিচে কোথাও তাই জায়গা খালি নেই। ভাস্কর্যের পুরো অংশেই আলোকচিত্রীরা বসে-দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। তৈরি হয় নতুন এক ভাস্কর্য!সবুজ বাঁচান...এই শহরের সবুজ এখন প্রায় বিরান হওয়ার পথে। ছিটেফোঁটা যা সবুজ চোখে পড়ে, তার বেশ খানিকটা আছে রমনা আর শাহবাগ এলাকায়। শহরব্যাপী পয়লা বৈশাখ পালন করা হয়, কিন্তু এই উৎসবের কেন্দ্রবিন্দু হিসেবে থাকে রমনা ও শাহবাগ। তাই আমোদ করতে সবার আগে এখানেই এসে হাজির হয় শহরের লোকজন। কিন্তু পয়লা বৈশাখের এই আমোদের দামটা চুকাতে হয় রমনা আর শাহবাগের সবুজ গাছপালাকে। পয়লা বৈশাখে রমনায় বেড়াতে এসে ইচ্ছেমতো গাছে চড়ে ফল-পাকড় পেড়েছে লোকজন। শুধু ফল পাড়লেও কোনো কথা ছিল না, গাছের ডাল ভেঙে, পাতা ছিঁড়ে একাকার করে গেছে। এদিকে শাহবাগের সড়ক বিভাজকের ওপর লাগানো গাছগুলোও হয়েছিল আক্রমণের শিকার। রাস্তার পাশে কনসার্ট হওয়ায় দাঁড়ানোর জায়গা না পেয়ে লোকজন উঠে গেছে সড়ক বিভাজকের ওপর। দর্শকের পায়ের চাপে থেঁতলে যাওয়া গাছগুলো শত পরিচর্যায়ও বেঁচে উঠবে—এমন আশা না করাই ভালো। পুলিশ প্রসাশনকে দোষ দিয়েই বা কী লাভ? তারা নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি গাছ রক্ষা করবে? সচেতন হতে হবে আমাদেরই। পয়লা বৈশাখ আসবে, আনন্দ হবে; কিন্তু গাছ ভেঙে, সবুজ নষ্ট করে নয়। মুখোশের আড়ালেএকজন পরেছিলেন বাঘের মুখোশ। আরেকজন সিংহের। গরিলাও ছিল, ভূত-প্রেত ছিল। আরেক দল সেজে এসেছিল আরব শেখ। গোটা পাঁচেক জংলি। রাজা ছিলেন, ছিলেন তাঁর দুই পেয়াদা। এমনকি মিস্টার বিন পর্যন্ত এসেছিলেন পয়লা বৈশাখের উৎসবে। না তাঁরা কেউ-ই সত্যি সত্যি আসেননি। তবে ওই রকম করে সেজেগুজে, মুখোশ পরে হাজির হয়েছিলেন অনেকেই। আর তাঁদের এমন সাজগোজের বহর দেখে আনন্দের সীমা ছিল না সাধারণ মানুষের। অমঙ্গল ঠেকাতে...‘মুছে যাক গ্লানি...ঘুচে যাক জ্বরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা...’ গানে গানে চলেছে মঙ্গল শোভাযাত্রা। নববর্ষকে বরণ করতে চারুকলা থেকে প্রতিবছরই শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলদ্বীপ জ্বেলে সব জ্বরা-জীর্ণতা বিসর্জন দিয়ে নবপ্রত্যয়ের আশাজাগানিয়া পদযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা। কিন্তু এবারের মঙ্গল শোভযাত্রার রূপ দেখে কিছুটা আঁতকে উঠতে হলো। মঙ্গল শোভাযাত্রার শুরুতেই এম-১৬ হাতে সোয়াত বাহিনীর সদস্যরা। তাঁদের সতর্ক নজরদারি, চারধারে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। এতেই তো শেষ নয়। তাঁদের পরের ধাপেই ছিলেন ডিএমপির চৌকস পুলিশ বাহিনীর সদস্যরা। তাঁদের হাতেও ছিল অধুনিক আগ্নেয়াস্ত্র। অমঙ্গলের আশঙ্কায় মঙ্গল শোভাযাত্রার সামনে এই বিশাল অস্ত্রধারী বাহিনী কিন্তু অনেকেরই চিত্তকে অপ্রসন্ন করে তুলেছিল, কিন্তু সেই খেয়াল বোধহয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ছিল না। সে আশায় গুড়ে বালিনতুন নিয়ম অনুযায়ী ফার্মগেট এলাকার সব মার্কেট মঙ্গলবার পূর্ণ দিবস বন্ধ থাকে। কিন্তু বৈশাখের আগের দিন একটু বেচাকেনা হবে—এই আশায় ফার্মগেটের সেজান পয়েন্ট এবং এর পাশাপাশি আরও কয়েকটি মার্কেটের ঝাঁপ খোলা হয়। বেচাকেনাও শুরু হয়েছিল ভালোই। কিন্তু কোথা থেকে এসে বিপত্তি ঘটাল পুলিশ। তারা মার্কেট বন্ধ রাখতে বলছে। কিন্তু মার্কেটের দোকানিরা নারাজ বন্ধ করতে। অবশেষে পুলিশের প্যাঁদানি খাওয়ার হাত থেকে বাঁচতে মার্কেট বন্ধ করে দেওয়া হয়। অনেকেই দেখে বলছিল, ‘বেচারা হয়তো পান্তা-ইলিশ খাওয়ার টাকার জন্য দোকান খুলেছিল। কিন্তু সে আশাটুকুও পূরণ হলো না।’