একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোলার শখ বাবার সঙ্গে কোথাও বোধ হয় যাচ্ছিল ছেলেটা। বাসে প্রচুর যাত্রী, বসার সিট নেই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হচ্ছিল তাঁদের। তো হঠাৎ ছেলের শখ হলো বাসের হাতল ধরে ঝুলবে। বাবা তো রাজি হন না। ছেলেও নাছোড়বান্দা। শেষে ভদ্রলোক বাধ্য হয়েই ছেলেটাকে ধরে ঝুলিয়ে দিলেন বাসের হাতলে। ছেলে মহা খুশি। সিটে বসা একজন বয়স্ক যাত্রী ছেলেটার এই কাণ্ড দেখে হাসতে হাসতে স্বগতোক্তির মতো করে বললেন, ‘বাবা, এখন তো শখ করে ঝুলতাছ, আরেকটু বড় হও। তহন বুঝবা, বাসের হাতল ধইরা ঝুইলা আইতে আর যাইতে কেমুন মজা লাগে।’গাড়ির জরিপ রাস্তার দিকে মুখ করে বসে ছিলেন তাঁরা দুজন। বসে বসে কী যেন দেখছিলেন, আর হাতে ধরা কাগজে আঁকিবুঁকি কাটছিলেন। জনতা বেশ কৌতূহল নিয়ে দেখছিল উঁকিঝুঁকি মেরে, তাঁরা কী করেন সেটা বোঝার জন্য। শেষে একজন এগিয়ে এসে প্রশ্ন করেন, ‘ভাই, আপনারা কী করেন?’তাঁদের মধ্যে থেকে একজন জবাব দিলেন, ‘গাড়ি গুনি।’প্রশ্নকর্তা ধরেই নিলেন, লোকটা তাঁর সঙ্গে মশকরা করার চেষ্টা করছেন। আবার প্রশ্ন করলেন, ‘গাড়ি গুনে! কেমনে?’হাতের কাগজ তুলে দেখালেন সেই লোকটা, ‘একটা করে গাড়ি যায়, আর এখানে একটা করে দাগ দিই।’বলতে বলতে একটা গাড়ি চলে গেল চোখের সামনে দিয়ে, আর সঙ্গে সঙ্গে কাগজে একটা দাগ দিলেন তিনি। এবার বোধ হয় পথচারীর বিশ্বাস হলো। বললেন, ‘গাড়ি গুনে কী হবে?’—গাড়ির জরিপ হচ্ছে। এই রাস্তায় সারা দিনে কতগুলো গাড়ি যাতায়াত করে, তার জরিপ হচ্ছে। এখান থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে, পরে বিভিন্ন গবেষণা কার্যক্রম চালানো হবে। —আহমেদ শাকিলরাতদুপুরে পানির খোঁজে... একটু রাত করে যাঁরা ফার্মগেট থেকে মিরপুর, বনানী ও উত্তরাগামী বাসে ওঠেন, ব্যাপারটা রোজই চোখে পড়ে তাঁদের। ‘আনন্দ’ প্রেক্ষাগৃহের কাছেই ত্রিকোণাবৃতির পার্কের পাশে পানির পাত্র হাতে সারিতে দাঁড়িয়ে থাকে অনেক কিশোর, যুবক। ঢাকা ওয়াসা মডস জোন-৩-এর ফার্মগেট পানির পাম্প থেকে পানি নিতেই ঘণ্টার পর ঘণ্টা সার ধরে অপেক্ষা করে তারা। বিষয়টা জানতে এক রাতে ঢোকা হয় নলকূপের ভেতরে। দেখা গেল, রাত ১১টা বাজলেও সেখান থেকে পানি সংগ্রহ করছেন অনেক নারী। অনেকে আবার পানির জন্য সার ধরে দাঁড়িয়ে আছেন। যে গতিতে একেকজন পানি সংগ্রহ করছেন, তাতে সবার পানি নেওয়া শেষ হতে ১২টা থেকে একটা বেজে যাবে। সারিতে দাঁড়িয়ে থাকা নারীরা জানান, গ্রিন রোড, রাজারবাগ এলাকার ওয়াসার পানির লাইন থেকে যে পানি পাওয়া যায় তাতে শেওলা আসে। আর পানিতে কটু গন্ধও থাকে। ওই পানি দিয়েই তাঁরা ঘর-গৃহস্থালির কাজ করেন। খাওয়ার পানির জন্য প্রতিদিন তাঁদের রাতের বেলা পানির পাম্পে আসতে হচ্ছে। — তায়েব মিল্লাতকম্পিউটার ছিনতাই! আগারগাঁওয়ের আইডিবি ভবনের কম্পিউটার বাজার থেকে নতুন কম্পিউটার নিয়ে বাড়ি ফিরছিলেন কাওসার নামের এক শিক্ষার্থী। রিকশায় চড়ে যাচ্ছিলেন শিশুমেলার দিকে। মাঝামাঝি পথ পেরোতেই হঠাৎ রিকশা থামিয়ে দিলেন রিকশাচালক। কারণ জিজ্ঞেস করতেই বললেন, রিকশায় কী যেন সমস্যা হয়েছে। তিনি কাওসারকে রিকশা থেকে নামতে বললেন। কাওসার নামতেই এক পাশ থেকে এক ছিনতাইকারী এসে অস্ত্র দেখিয়ে তাঁকে জড়িয়ে ধরল আর এই ফাঁকে রিকশাচালক রিকশা চালিয়ে কম্পিউটার নিয়ে হাওয়া। পরে পাশে দায়িত্বরত পুলিশকে জানালে পুলিশ উত্তর দিলেন, এমন তো প্রায়ই হয়! হতাশ হয়ে বাসার পথ ধরলেন কাওসার। আশপাশে থাকা কয়েকজন পথচারী জানান, কম্পিউটার বাজার থেকে কম্পিউটার কিনে বাসায় ফেরার পথে অনেকেই এমন ছিনতাইয়ের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু নির্বিকার পুলিশ প্রশাসন।—নুরন্নবী চৌধুরীমশারিতে ঢাকা ছোলাভুনা ছবিটি পুরান ঢাকার ধোলাইখাল এলাকার। পথের ধারে ছোলাভুনা বিক্রি করছিল একজন। স্ট্যান্ডের ওপর মসলা, ছোলা আর ঘুগনির বিশাল পাত্রের পুরোটাই মুড়ে দেওয়া হয়েছে মশারিতে। ক্রেতা এলে বিক্রেতা তার ঝাঁপির মশারি তুলে ছোলাভুনা বানিয়ে দিচ্ছেন। বানানো হয়ে গেলে আবার উপকরণগুলো মুড়ে রাখছেন মশারিতে। দেখে বোঝা যাচ্ছিল, বিক্রেতাটি বেশ সচেতন। মশারির প্রসঙ্গ তুলতেই বিক্রেতা বলেন, ‘মানুষরে জাইনা-শুইনা খারাপটা কেমনে খাওয়াই। এর লাইগা মশারির ব্যবস্থা। আবার মশারি টানাইছি বইল্লা আমার বুট-ঘুগনি চলেও বেশি।’ —আজহার হোসেনবিশুদ্ধতার নমুনা বিশুদ্ধতার নামে অশুদ্ধতার চর্চা নগরজীবনের নিয়মিত দৃশ্য। ঢাকার বিভিন্ন স্থানে এমন দৃশ্য সব সময়ই দেখা যায়। নগরের লালমাটিয়া হাউজিংয়ের ওয়াসার মডস জোনের পাশেই একটি পানির ট্যাংকে লেখা আছে, ‘সেবা উত্তম ইবাদত/বিশুদ্ধ খাবার পানি’। কিন্তু দেখাই যাচ্ছে, ক্রমেই নোংরা হওয়ার পথে আছে ট্যাংটি। আবার এতে কোনো পানিও পাওয়া গেল না। স্থানীয় বাসিন্দা আরিফ মুন্নার দাবি, ট্যাংকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক, নয়তো এটি সরিয়ে নেওয়া হোক।—কবীর শাহরীয়ার