একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে কি নতুন চড়েন?ভদ্রমহিলা বাসে চড়ার পর থেকেই খুঁতখুঁত করছিলেন। বাসভর্তি লোকজন, গাদাগাদি ভিড়। বসার জায়গা না পেয়ে এক যাত্রী দাঁড়িয়েছিলেন তাঁর কাছাকাছি। তাঁকে হঠাৎ করে বললেন, ‘এই যে এত কাছে দাঁড়াচ্ছেন কেন? পা লেগে যাবে তো!’কথাটা শুনে ভদ্রলোক আকাশ থেকে পড়লেন। বাসের ভেতর দাঁড়ানোর জায়গা নেই, মানুষ একজন আরেকজনের পায়ে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন। আর তিনি কখন পায়ে পা লাগবে সেই চিন্তায় এখনই তড়পাচ্ছেন। ভদ্রলোক আর কিছু বললেন না, খানিকটা সরে দাঁড়ালেন। এর খানিক পরেই সেই ভদ্রমহিলা পাশের যাত্রীকে বললেন, ‘আপনার ব্যাগটা কোলে নিয়ে বসেন। আমার পায়ে লেগে যাবে।’ এই যাত্রীও ভদ্রমহিলার আচরণে বেশ অবাক হলেন। এরপর তিনি যেটা করলেন, সেটা সবচেয়ে মারাত্মক। লোকজন গেটের কাছে দাঁড়ানো। সেই ভদ্রমহিলা হঠাৎ বললেন, ‘আপনারা গেট থেকে একটু নেমে দাঁড়ান, আমি নামব।’ একজন জিজ্ঞেস করলেন, ‘কোথায় নামবেন?’ উত্তরে তিনি যে জায়গার কথা বললেন, সেটা আসতে তখনো অনেক দেরি। কাজেই সবাই বলল, এখনো দেরি আছে, বসেন। তিনি বললেন, ‘আমি জানি, কিন্তু আপনারা গেট থেকে সরে না দাঁড়ালে আমি নামব কী করে? আপনাদের সাথে ছোঁয়া লেগে যাবে না?’এইবার যাত্রীরা গেল খেপে। একজন বললেন, ‘আপনি কি বাসে নতুন চড়েন?’ভদ্রমহিলা জবাব দিলেন, ‘না’। যাত্রীটি বললেন, ‘কিন্তু আপনার আচরণ দেখে তো মনে হচ্ছে না আপনি বাসে চড়েন।’ততক্ষণে ভদ্রমহিলার স্টপেজ এসে গেছে। তিনি নামার সময় দু-চারজনের পা মাড়িয়ে তারপর নেমে গেলেন বাস থেকে। তার পরই বাসের সবাই হেসে ফেলল একযোগে। —আহমেদ শাকিলগরুজট! মহানগর জেনারেল হাসপাতালের পাশে বাবুবাজার সেতুর মুখে যানজট নিত্যদিনের ঘটনা। যানজটের কারণে পথচারীরা দুর্ঘটনার আশঙ্কামুক্ত হয়ে রাস্তা পার হতে পারে। কিন্তু যখন যানের ফাঁক গলে হাঁটার কোনো জায়গা থাকে না, তখন সড়কে জনজটও তৈরি হয়। কারণ, অনেক খুঁজে পেতে কোনো একটা ফোকর পেলে তা দিয়ে একে একে সবাই এগিয়ে যায়। দিনকয়েক আগে দেখা গেল, মহানগর জেনারেল হাসপাতালের পাশে পাঁচটি গরু যানজটে আটকা পড়েছে। একজন মাংস- ব্যবসায়ী এগুলো নিয়ে যাচ্ছিলেন মাংসের বাজারে। কিন্তু যানজটের কারণে গরুগুলো নিয়ে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে। গরুর পাশ দিয়ে অনেক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। অনেককেই বলতে শোনা গেল, ‘ঢাকা শহরে এখন গরুজটের মধ্যেও পড়তে হয়।’ —ঢাকায় থাকি প্রতিবেদকম্যানহোলের ঢাকনা কই? নগরের ব্যস্ততম এলাকা পল্টন। প্রেসক্লাব থেকে পল্টন মোড়ের কাছাকাছি আসতেই পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল। কিন্তু কোথাও পানি পড়তে না দেখে আরেকটু এগিয়ে যেতেই বিষয়টি পরিষ্কার হলো। ফুটপাতের ওপর ম্যানহোলের ঢাকনা নেই। ম্যানহোলের ভেতর থেকে পানি বয়ে যাওয়ার শব্দ ভেসে আসছিল। ব্যস্ততম এলাকায় ম্যানহোলের ঢাকনা নেই। অথচ কর্তৃপক্ষের নজরে আসছে না বিষয়টি। পাশেই রয়েছে পুলিশ বক্স।পশুর ছাউনিতে মানুষ!আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষামূলক অনেক কাজই করানো হয়। শেখানো হয় হাতে-কলমে। এ রকমই একটি প্রকল্পের গবেষণার জন্য রয়েছে পশুর ছাউনি। ছাউনির সাইনবোর্ড দেখেই বোঝা যায়, অনেক আগেই হয়তো গবেষণা শেষ হয়ে গেছে। আর যদি শেষ না হয় তাহলে সঠিকভাবে এর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কেননা, সাইনবোর্ডে লেখা আছে ‘গবেষণা এলাকায় অনুমতি ব্যতীত সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ।’ কিন্তু সেই নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। অনেকেই ছাউনির ভেতর বসে আছে। কেউবা গোসল করছে।শহীদ মিনারের করুণ অবস্থা পূর্ব নাখালপাড়া হাজী মরণ আলী ইসলামিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার সামনে একটি শহীদ মিনার রয়েছে। কিন্তু শহীদ মিনারটির পরিচর্যা করার মতো কেউ নেই। শুধু তা-ই নয়, শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ কিছুদিন আগে ভেঙে গেলেও সেটি ঠিক করা হচ্ছে না। শহীদ মিনারের ওপরে ও পাশে ময়লা-আবর্জনা জমে আছে। এ অবহেলা করার জন্যই কি শহীদ মিনারটি তৈরি করা হয়েছিল? —রিমন রাহীগাছে ঝুলছে চেয়ার-পালকি-হাতুড়ি!জ্যৈষ্ঠ মাস ফলের মাস। এ সময় গাছের ডালে ডালে ঝুলে থাকে আম, জাম, লিচু। আরও কত ফল যে এ মাসে ধরে, তার ইয়ত্তা নেই। ফলের এ মাসেই একটি বটগাছে ঝুলছে হাতুড়ি, চেয়ার, কলস, পালকি, তলোয়ার। এসব দৃশ্য দেখা গেল কারওয়ান বাজারের ট্রাক টার্মিনালে। এখানকার বায়তুন নূর জামে মসজিদের পাশেই দাঁড়িয়ে আছে বটগাছটি। এ গাছে ঝুলে আছে উপকরণগুলো। তবে সেগুলো এ গাছে ধরেনি। মূলত সুতা দিয়ে সেগুলোর আদল ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ জন্যই প্লাস্টিকের তৈরি সবচেয়ে বড় প্রাণী হাতিও ঝুলছে গাছের মগডালে। গাছে ঝুলে থাকা উপকরণগুলো মূলত বিভিন্ন প্রার্থীর প্রতীক। আগামী ১৯ জুন কলাবাগান মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাচন। কলাবাগানের মাঠে এখনো এর কোনো উত্তেজনা নেই। নির্বাচনী হাওয়ায় সরগরম তেজগাঁও ট্রাক টার্মিনাল। প্রার্থীরা প্রচারণার অংশ হিসেবে প্রতীকের আদলের পাশাপাশি পোস্টার, ব্যানারে ছেয়ে ফেলেছেন পুরো টার্মিনাল। নির্বাচনের আমেজে বায়তুর নূর জামে মসজিদের পাশে প্রার্থী, ভোটার ও ট্রাককর্মীদের ভিড় লেগেই আছে। — তায়েব মিল্লাতপল্টনের বদলে হাসপাতালে শেওড়াপাড়া থেকে জীবন যাবেন পল্টনে। তাঁর হাতে সময় কম। সব লোকাল বাসই মিরপুর ১০ নম্বর মোড়ের দিক থেকে ‘সিটিং গেটলক’ হয়ে এদিকে আসছে। তাই শেওড়াপাড়ার যাত্রীরা আর বাস পাচ্ছে না। বাস না পেয়ে জীবন সিএনজি অটোরিকশার খোঁজ করতে লাগলেন। বসে থাকা এক সিএনজি-চালককে তিনি জিজ্ঞেস করলেন, ‘ভাই যাবেন?’ চালক বলেন, ‘কোথায়?’ জীবন বলেন, ‘পল্টন।’ শুনে চালক বলেন, ‘ভাড়া দিতে হবে ১৫০ টাকা।’ জীবন বলেন, ‘মিটার থেকে ১০ টাকা বাড়িয়ে দিই।’ এতে রাজি হন না চালক। জীবন ১০০ টাকা পর্যন্ত ভাড়া দিতে চাইলেন। কিন্তু সিএনজি-চালক ১৫০ টাকায় অনড়। শেষে জীবন ১৫০ টাকায় রাজি হলেন। কিন্তু এবার বেঁকে বসলেন চালক। তিনি যাবেন না। কারণ, জীবন দরদাম করেছেন। শুরু হলো বাগিবতণ্ডা। এবার চালক গালিগালাজ শুরু করে দিলেন। তা শুনে জীবন উত্তেজিত হয়ে পড়লেন। সিএনজি অটোরিকশার সামনের দিকে কাচে ঘুষি মেরে বসলেন। এতে কাচ ভেঙে যায়। জীবনের হাত কেটে রক্ত পড়তে লাগল। দ্রুত পল্টনের বদলে তাঁকে দ্রুততার সঙ্গেই যেতে হলো চিকিৎসকের কাছে। কাটা অংশ জোড়া লাগাতে তাঁর হাতে পাঁচটি সেলাই পড়ল। — খালেদ সরকার