একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকটা ভিক্ষা করতে চান না...বগলের চাপে যখন তিনি পত্রিকার গাঁটরিটা প্রাণপণে ধরে রাখার চেষ্টা করেন, তখনই দেখা যায়, বাঁ হাতটা কবজি পর্যন্ত কাটা। চেপে ধরা গাঁটরিটা সামলান সেই কাটা হাত দিয়েই। আরেক হাতে পত্রিকার কোনাটা ধরে গছিয়ে দিতে চেষ্টা করেন বাসের জানালায় বসা কোনো যাত্রীকে। আর জানালাগুলো এমন উঁচুতে, দুই পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়েও নাগাল পাওয়া যায় না। তবু গোলাম কিবরিয়ার এই করতে হয় সারা দিন। কিন্তু দিন শেষে হিসাব মেলে না তাঁর। সারা দিন পত্রিকা বিক্রি করে যা পান, তার সঙ্গে চাল, ডাল, তেলের ঊর্ধ্বমুখী দাম আর সংসারের খাওয়ার মুখগুলোর অঙ্কটাকে মেলাতে চেষ্টা করলেই হিমশিম খেতে হয় তাঁকে। তখন তাঁর মুখ শুকিয়ে যায়। গোলাম কিবরিয়া তখন উঠে পড়েন কোনো একটা বাসে। মানুষের কাছে কাটা হাতটা দেখিয়ে ভিক্ষা চান। কমতিটুকু পুষিয়ে নিতে হবে না? নইলে সংসারের কাউকে না কাউকে তো উপোস থাকতেই হবে। অথচ এমন দিন ছিল না তাঁর। রোলিং মিলে কাজ করতে গিয়ে হাতটা কাটা গেল। তার পর থেকে এই দশা। মালিক ক্ষতিপূরণ দিলেন না। উপরন্তু বললেন, ‘তোর হাত নাই, তুই আমার এইখানে থাইকা করবি কী? অন্যখানে কাম দ্যাখ।’ গোলাম কিবরিয়া নানা ঘাট ঘুরে শেষে পত্রিকা বেচা ধরলেন। কিন্তু পত্রিকার কাটতি সব সময় থাকে না। তখনই তাঁকে ভিক্ষা করতে হয়। অথচ তিনি তা চান না, ‘বিশ্বাস করেন ভাই, আমার ভিক্ষা করতে ইচ্ছা করে না। নিজের কাটা হাতটা দেখাইয়া মানুষের কাছে যখন সাহায্যের জন্য হাত পাতি, তখন আমার বাবার কথা মনে হয়। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। এখন বুড়া হইছে, ঘরে বইসা থাকেন। কিন্তু মান-সম্মানের জ্ঞানটা এখনো টনটনা। সংসার চালাইতে আমি ভিক্ষা করি, এইটা শুনলে খুব কষ্ট পাইব।’তাহলে করবেনটা কী আপনি?‘আমারে কিছু টাকা দিলে আমি একটা দোকান দিতে পারি। বেশি না ২৫-৩০ হাজার টাকা হইলেই সারে।’কিন্তু সেও তো ভিক্ষাই হয়ে গেল, তাই না? কিবরিয়া চোখের পানি মুছতে মুছতে জবাব দেন, ‘আমি ভিক্ষা করতে চাই না, টাকাটা আমি শোধ কইরা দেব।’—কাওছার আহমেদচর্বি আছে চর্বি‘চর্বি আছে চর্বি’—রাস্তায় চলতে চলতে এই হাঁক শুনে যেকোনো মেদ-ভুঁড়িওয়ালা লোক ভড়কে যেতে পারেন! এখন পথেঘাটে চর্বি কেনাবেচা হচ্ছে, তবে তা মানুষের নয়, বরং কোরবানির পশুর। কোরবানির ঈদের পর নগরের বিভিন্ন স্থানে গরু আর ছাগলের চর্বি কিনতে ফেরিওয়ালারা হাঁকাহাঁকি করছেন। মোহাম্মদ রসুল মিয়া সারা বছর পুরোনো খবরের কাগজ আর ভাঙারির মালের ব্যবসা করলেও ঈদের এই মৌসুমে চর্বির ব্যবসা করেন। বাড়ি বাড়ি ঘুরে চর্বি কিনে সাবানের কারখানায় নিয়ে বিক্রি করেন তিনি।—শারমিন নাহারআপনি কেমন বউ চান?গাবতলী-সদরঘাটের ৭ নম্বর বাসটি তখন রায়সাহেব বাজার ছেড়ে জনসন রোডে উঠেছে। যাত্রীদের ভেতর কেউ কেউ জানালায় গলা বাড়িয়ে কিছু একটা পড়ছেন। বিষয়টি ঘিরে চলছে চাপা গুঞ্জন। আবার কেউ মুঠোফোনে ছবিও তুলছেন। গুঞ্জন এল একটি পোস্টার নিয়ে। জনসন রোড আর কোর্ট-কাছারির রাস্তার দুই ধারে সাঁটানো হয়েছে অদ্ভুত এই পোস্টারটি। আর তাতে বড় বড় করে লেখা রয়েছে, ‘আপনি কেমন বউ চান?’ এর নিচে ছোট্ট করে লেখা, অপেক্ষায় থাকুন। পোস্টারটি পড়ে অনেকেই বুঝে উঠতে পারেননি বিষয়টি কী? শেষতক এক যাত্রী বাসের হেলপারের কাছে জানতে চাইলেন, তুমি কেমন বউ চাও? কন্ডাক্টর আলতো হেসে জবাব দিলেন, ‘সুন্দর।’ এবার যাত্রীটি দ্বিগুণ উৎসাহ নিয়ে ড্রাইভারকেও প্রশ্নটি ছুড়লেন; ড্রাইভারের জবাব, ‘ভাই, বিয়া তো করছি একটা। মুন্নার মায়রে!’ ততক্ষণে বাসে হাসির রোল। —আজহার হোসেনহরতালের আগে...হরতালের আগের রাতে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। যানবাহনের অভাবে সন্ধ্যার পর থেকেই বাসায় ফেরার যানসংকটে পড়ে নগরবাসী। গত হরতালের আগের রাতে ফার্মগেট থেকে মিরপুর ও উত্তরাগামী যাত্রীরা যানবাহনের জন্য রাত ১২টা থেকে একটা পর্যন্ত দাঁড়িয়ে ছিল আনন্দ সিনেমা হলের সামনে। একটা বাস এলেই দরজা তো বটেই, কেউ তাতে উঠেছে জানালা দিয়ে, কেউ বা উঠেছে ছাদে। বাসের অভাব দেখে পিকআপ, রিকশাভ্যানের মতো যানও যাত্রী বহন করেছে। আবার সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব ও প্রাইভেট কার মাথাপিছু ভাড়ায় যাত্রীদের গন্তব্যে নিয়ে গেছে।—তায়েব মিল্লাত