একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বানরের উৎপাতঘটনাটি জনসন রোডের কোর্ট হাউস স্ট্রিটের। চলাচলের রাস্তায় লোকজন হাঁটা থামিয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেকেরই চোখ বৈদ্যুতিক খুঁটির ওপর। কেউ আবার ইতিউতি করে তাকাচ্ছেন কোর্ট হাউস স্ট্রিটের আশপাশে থাকা পুরোনো ভবনগুলোর দিকে। ভবনগুলোয় থাকা বাসিন্দারা জানালায় দাঁড়িয়ে মজা দেখছে। কারণ, এক দল বানর সেখানটায়। কোনোটা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে, আবার কোনোটি পুরোনো বাড়িঘর টপকে আনন্দ পাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে বানরের এহেন বিনোদন পথচারীদের কাছে আনন্দের খোরাকের বিষয়। কোনো বাড়ির ছাদে টবে লাগানো চারাগাছ উপড়াচ্ছে বানরের দল। আবার কোনোটা ছাদে থাকা পানির কল ছেড়ে বাঁদরামো করছে। বিকেলে ছাদে হাঁটতে আসা একাধিক শিশু আর মহিলা বানরের ভয়ে নিচে নেমে গেল। কোর্ট হাউস স্ট্রিটের বাসিন্দা প্রিসিলা শবনম বলেন, ‘সপ্তাহে দুই-তিন দিন বানর এসে উৎপাত করে। ওই সময় ছাদে হাঁটতে গেলে বুক ঢিপ ঢিপ করে। আবার কাপড় শুকাতেও ভয় লাগে। বাচ্চাদের কাপড়চোপড় নিয়ে চম্পট দেয় বানরের দল। এমনকি কাপড় ছিঁড়ে কুচি কুচি করে পালায় ওরা।’ —আজহার হোসেনমশা এখন ভেতরেঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। শিক্ষার্থীদের মধ্যে কয়েল কেনার হিড়িক পড়ে গেছে। কিন্তু কয়েলেও কোনো কাজ হচ্ছে না। মশার অত্যাচারে কক্ষে বসে পড়াশোনা, ঘুমানো—কোনো কিছুই ঠিকমতো করা যাচ্ছে না। জানা গেছে, কিছুদিন আগে হলের আশপাশের ঝোপঝাড়ে মশা নিধনের ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু এতে হয়তো বাইরের কিছু মশা নিধন হয়েছে। তবে বেশির ভাগই পালিয়ে আশ্রয় নিয়েছে হলের কক্ষগুলোয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। একজন শিক্ষার্থী বলেন, আগেই তো ভালো ছিলাম, মশার কামড় খেতে হতো না। ওষুধ ছিটিয়ে তো বাইরের মশাগুলো ভেতরে নিয়ে এসেছে। —তানজিল আহমদঅভিনয়ের খাতিরে ফুটওভারব্রিজে চড়াপরনে স্কুলের ইউনিফর্ম, কাঁধে স্কুলব্যাগ এমন দুই শিশুকে দুই হাতে ধরে স্কুলে নিয়ে যাচ্ছেন এক ভদ্রলোক। রাস্তার নিচ দিয়ে রাস্তা পার হবেন, এমন সময় এক শিশু হাতের ইশারায় দেখিয়ে দেয় ফুটওভারব্রিজটি। ভদ্রলোকের টনক নড়ে, দুই শিশুকে নিয়ে তা দিয়েই রাস্তা পার হন। বাস্তবতা নয়, এটা হচ্ছে বিজ্ঞাপনের অভিনয়। এর শুটিং হয়েছে মিরপুর ৬ নম্বর সেকশনে হারুন আল রশীদ মোল্লা সড়কের ফুটওভারব্রিজে। অবশ্য সদ্য চালু হওয়া এই ফুটওভারব্রিজের নিচ দিয়ে শিক্ষার্থীদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হন অনেক অভিভাবক। —তায়েব মিল্লাতএই শহরে একটি হরিণশাবকচারুকলা অনুষদের সামনে গাড়িটি এসে থামল। গাড়ি থেকে নামলেন একটি মেয়ে। নেমে যে-ই দরজা লাগাতে যাবেন, অমনি হুট করে বেরিয়ে এল একটি হরিণ। সম্ভবত হরিণটিকে গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর হরিণের যা স্বভাব, দুর্বার গতিতে ছুটেই চলল। ঢুকে গেল সোহরাওয়ার্দী উদ্যানে। এর মধ্যে গাড়ির লোকজন আর পথচারী মিলে ধাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু দাবড়ে হরিণ ধরা কি মানুষের সাধ্য? হরিণটি আর থামে না। মানুষও ছুটে বেড়াচ্ছে তার পেছন পেছন। একদম হঠাৎ করেই হরিণটির কী জানি কী হলো, মুখ থুবড়ে পড়ে গেল ঘাসের মধ্যে। লোকজন কাছে ছুটে গিয়ে দেখে মরে গেছে। লোকজন জমে যাচ্ছে দেখে হরিণের মালিক তাড়াহুড়া করে সেই মৃত হরিণটিকে গাড়িতে তুলে কেটে পড়লেন। কিন্তু এই যে বনের হরিণ শহরে এসে প্রাণ দিল, এ দায় কার? যে বন থেকে ধরে আনলেন তাঁর, নাকি যিনি বন থেকে ধরে আনতে দিলেন তাঁর?মশার রেসিপিরাস্তার পাশে ছোটখাটো একটি পুরির দোকান। সন্ধ্যা প্রায় হয়ে এল। দু-চারজন খদ্দের বসা বেঞ্চের ওপর। গরম গরম পুরি ছাড়া হচ্ছে কড়াইয়ে। উঠে এলেই পিরিচে তুলে খদ্দেরের হাতে দেওয়া হবে। কিন্তু দোকানি ও খদ্দের সবাই বড় অস্থির। কেউ একটি মুহূর্তের জন্যও শান্তিতে বসতে পারছেন না। কারণটা হলো মশা। খুব বেড়েছে ইদানীং। লোকজনের কানের কাছে তো ভনভন করছেই, সুযোগ পেলেই কামড় বসাচ্ছে। শেষে বেঞ্চে অপেক্ষমাণ এক খদ্দের পুরির কারিগরের দিকে তাকিয়ে বললেন, ‘ভাই, দেখেন তো, কোনোভাবে গোটা ১০-২০টা মশা পুরির মধ্যে ঢুকায় দেওয়া যায়নি!’তাঁর কথা শুনে দোকানি চমকে যান, অন্যরা বেশ আমোদ পান। লোকটি বলতেই থাকেন, ‘বাঙালি যেইটা খাইতে শুরু করে সেইটার তো বংশ উজাড় না কইরা ছাড়ে না। এখন মশা কমানির একটাই উপায়, কোনোভাবে একটা খাবারের আইটেমের মধ্যে ঢুকাইয়া, ওই রেসিপি সবখানে ছড়াই দেওন লাগব। তাইলেই দেখবেন মশা কইমা গেছে।’— কাওছার আহমেদ