একদিন হঠাৎ
এবার চিড়িয়াখানার ভেতরে হকারঢাকা চিড়িয়াখানার ফটক পেরোতেই একটা জটলা। এখানে ক্রেতা আর বিক্রেতাদের দরকষাকষি হচ্ছে। হচ্ছে বিভিন্ন পণ্য কেনাবেচা। প্রায় গোটা বিশেক হকার ফটকের কাছে দোকান নিয়ে বসেছেন। দোকানে ক্রেতাদের ভিড় মাড়িয়ে সামনে এগিয়ে যেতে খানিকটা বেগ পেতে হচ্ছে দর্শনার্থীদের। হকাররা বেচছেন বাহারি জুতা, তৈজসপত্র, বাচ্চাদের খেলনা, শুকনো খাবারসহ রকমারি পণ্য। একজন ফুল বিক্রেতা জানান, তাঁকে প্রতি মাসে তিন হাজার টাকা দিতে হয়েছে। এ রকম এখানে যাঁরা বসেছেন, তাঁদের সবাইকে তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত দিয়ে বসতে হয়েছে। চিড়িয়াখানার ফটকের ইজারাদার এ ব্যবস্থা করেছেন। বাড়তি লাভের আশায় চিড়িয়াখানার ভেতরের জায়গা ভাড়া দেওয়া হয়েছে হকারদের কাছে। যেখানে হকারদের উচ্ছেদে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আর সরকারি চিড়িয়াখানার ভেতরে হকারদের জায়গা ভাড়া দেওয়া হয়েছে। এতে দর্শনার্থীদের চিড়িয়াখানার আনন্দ উপভোগ করতে এসে প্রবেশপথেই ধাক্কা খেতে হচ্ছে। কর্তৃপক্ষ কি বিষয়টির দিকে নজর দেবে, নাকি তারাও ইজারাদারের সঙ্গে ভাগ বসাবে? গেস্ট রুমে ফেসবুক!সম্প্রতি জিয়াউর রহমান হলের অতিথি কক্ষে সব সময়ই ল্যাপটপওয়ালাদের দেখা যায়। হল কর্তৃপক্ষ কিছুদিন আগে ওয়াইফাই ইন্টারনেট চালু করেছে। ওয়াইফাই চালুর পর থেকেই শিক্ষার্থীরা ল্যাপটপ নিয়ে দৌড়াদৌড়ি করছেন। নিচতলার যেখানে জায়গা পাচ্ছেন, সেখানে বসেই ইন্টারনেট ব্যবহার করছেন। এঁদের আবার বেশির ভাগই ফেসবুকে বসে থাকেন। তবে শীতের দিন হওয়ায় শিক্ষার্থীরা অতিথি কক্ষকেই বেছে নিয়েছেন। কারণ, হলের অন্যান্য কক্ষে ইন্টারনেটের সংযোগ পাওয়া যায় না। দু-একটা কক্ষে পেলেও তা এই আছে-এই নেই অবস্থা। —রিমন রাহীউল্টাপাল্টা বিরতিহীননগরের রাস্তায় চলাচলকারী লোকাল বাসগুলোর গুণের চেয়ে বোধহয় দোষের পাল্লাটাই বেশি ভারী। লোকাল বাস তারা সিটিং বানায়। সিটিং বাসে দাঁড়ানো যাত্রী তোলে। দুই টাকার ভাড়া চার টাকা চায়। আরও অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে। বিরতিহীন এই পরিবহনগুলো আবার যাত্রী বইতে বইতেও অনেক সময় তালগোল পাকিয়ে ফেলে। যেমনটি দেখা যাচ্ছে এই বাসটির গায়ে। বিরতিহীন সার্ভিস দিচ্ছে, তবে পুরোটাই উল্টাপাল্টা।সিগারেট দিয়ে টোস্টঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের পাশে রয়েছে কয়েকটি চায়ের দোকান। অনেক শিক্ষার্থীই এখানে সকালবেলায় নাশতা করেন। নাশতা হিসেবে নুডলস, পাউরুটি ও ডিম দিয়ে তৈরি টোস্ট, বাটারবন প্রভৃতি খেয়ে থাকেন তাঁরা। নাশতা খেয়ে বসে ছিলেন জিয়া হলের এক শিক্ষার্থী। তখন তাঁর এক বন্ধু এসে বললেন, ‘কী খেয়েছ?’ উত্তরে বসে থাকা বন্ধুটি বললেন, ‘সিগারেট দিয়ে টোস্ট খেলাম।’ ব্যাপারটি ঠিক বুঝে উঠতে পারলেন না আশপাশের কেউ। শেষে তিনিই রহস্যের উন্মোচন করলেন, তাঁর চারপাশে বসা অনেকেই নাশতা খেতে এসে সিগারেট খান। আর সিগারেটের ধোঁয়া ছাড়েন মুখের সামনে। এভাবেই তাঁর শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সিগারেটের ধোঁয়া ভেতরে ঢুকে যাচ্ছে। সিগারেট না খেয়েও তাঁর সমান ক্ষতি হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের চা-বিস্কুটের দোকানের একই অবস্থা। সিগারেট বিক্রি হচ্ছে এবং সেখানে বসেই ধুমছে ধূমপান করা হচ্ছে। অথচ পাশেই যে আরেকজন অধূমপায়ী বসে আছেন, সেদিকে খেয়ালই নেই ধূমপায়ীদের।কোরিয়ান কেকরায়সাহেব বাজার মোড় থেকে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ভ্রাম্যমাণ দোকানটি। টিনের শিটে ছাউনি দেওয়া দোকানটিতে কম্পিউটার কম্পোজে বড় বড় করে লেখা রয়েছে, ‘কোরিয়ান কেক’। পথচারীদের কৌতূহলের সীমাও বোঝা যায় দোকানটিতে ভিড় দেখে। ভিড়ের ঠেলায় ঠিকমতো দাঁড়ানো যায় না সেখানে। কেউ একজন কোরিয়ান কেক বগলদাবা করে বেরোলে যে ফাঁকা জায়গাটুকু মেলে, তাতে আবার এসে পড়ে আরেকজন। ফলে কোরিয়ান কেকের আদ্যোপান্ত জানতে অপেক্ষা করতে হয়। দোকানি আসলাম কাজের ফাঁকে জানালেন, চার বছর আগে বাণিজ্য মেলায় এমন একটি কেক বানানোর মেশিন তিনি দেখেছিলেন। এরপর যাত্রাবাড়ীর একটি লেদ মেশিনের কর্মচারী দেশি প্রযুক্তিতে মেশিনটি বানান। ঢাকায় চাহিদা বাড়ায় মেশিনের উৎপাদন বেড়ে যায়। দামও কমে আসে। এখন ঢাকায় শ খানেক ভ্রাম্যমাণ কোরিয়ান কেকের দোকান রয়েছে। প্রতিটি দোকান চালু হয় সন্ধ্যার পর।দোকানে নিচের পাটাতনে রয়েছে গ্যাসের সিলিন্ডার। সেখান থেকে তাপ এসে তৈরি হয় কেক। আর কেকের উপাদান? সেটা পুরোপুরি বলতে নারাজ আসলাম। তিনি জানান, দুধ, ময়দা, চিনি এবং একটি আস্ত ডিম দিয়ে বানানো হয় কেক। প্রতি পিস কেকের দাম ১৫ টাকা। —আজহার হোসেনঘুমের চেয়ে বড় ওষুধ নাই...লোকাল বাসে বসে ঘামছে যাত্রীরা। মতিঝিল থেকে শাহবাগগামী বাসটি একটু পরপরই যানজটে খাবি খাচ্ছে। বায়তুল মোকাররম মার্কেটের সামনে এসে দীর্ঘ সময় ধরে আর সবুজ বাতি জ্বলছে না ট্রাফিক সিগনালটির। তাই বিরক্ত হয়ে অনেকেই গালাগাল দিতে শুরু করলেন ট্রাফিক ব্যবস্থাপনাটাকে। এরই ফাঁকে বাসের সামনের সিটে বসা দুজন যাত্রী একজন আরেকজনের কাঁধে হেলে মহা সুখে ঘুমিয়ে পড়লেন। তাঁদের ঘুমের বাহার দেখে পাশের এক যাত্রী এই মন্তব্য করলেন, ‘যানজটের হাত থেকে বাঁচতে ঘুমের চেয়ে বড় ওষুধ আর নাই।’—আলী আসিফ