একদিন হঠাৎ
পারাপারের অপেক্ষায়!দিন কয়েক আগের ঘটনা। ফার্মগেট ফুটওভারব্রিজের নিচে মানুষের জটলা। ওভারব্রিজে ওঠার পথ আগলে দাঁড়িয়ে আছেন ডিএমপির সদস্যরা। কেউ ফুটওভারব্রিজে উঠতে গেলেই হম্বিতম্বি করছেন তাঁরা। কারণ ফুটওভারব্রিজের নিচ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাবে। তাঁর নিরাপত্তার কথা ভেবে জনতাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ওভারব্রিজের গোড়ায়। রাস্তা পারাপারের অপেক্ষায় থাকা জনতার হই-হল্লা চলছে। এভাবেই সবার কেটে গেল প্রায় পৌনে এক ঘণ্টা। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ায় মুক্তি মিলল আমজনতার। তাদের কথা হচ্ছে, ভিআইপি ব্যক্তিরা চলাচলে সুবিধা পাবেন, এটা ঠিক আছে। সেটা তো পৌনে এক ঘণ্টার পরিবর্তে ১৫ মিনিটে নামিয়ে আনা যায়।—আজহার হোসেনভেতরে সদরঘাটগুলশান-২ থেকে কমলাপুরগামী মধুমতী পরিবহনের বাসটি যানজটে আটকে ছিল মগবাজার মোড়ে। বাম্পারটি বাসের শরীরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা। টিকিট কাউন্টারের এ বাসটির সারা শরীরে একটি বিনোদনকেন্দ্রের মজার মজার রাইডের ছবিসংবলিত বিজ্ঞাপন সাঁটানো। বাসের অবয়বজুড়ে বিজ্ঞাপনের বাহার আকর্ষণীয় হলেও বাসটির হাল কিন্তু যাচ্ছেতাই। কারণ, বাসটির একটা বড় অংশজুড়েই জানালার বালাই নেই। তাই রোদ কিংবা বৃষ্টির দিনে বাসটির যাত্রীরা কষ্ট পেলেও বাসমালিকের তা ভাবার সময় কোথায়। বাসের এক যাত্রী তাই বলছিলেন, আরে ভাই, বুঝলেন না। ব্যাপারটা হলো দূর থেকে ছবি দেখে মনে হবে কী বিলাসবহুলই না বাসটি! কিন্তু বাসের কাছে এলেই এর ভাঙাচোরা রূপটি চোখে পড়ে।যাত্রীছাউনিতে বাঁশের খুঁটিভাঙাচুরা যাত্রীছাউনিটি দেখেই আঁচ করা যায়, এটা বোধহয় অব্যবহূত। ধূলিধূসরিত যাত্রীছাউনির মেঝের চটা উঠে সিমেন্ট আর খোয়া দাঁত বের করে হাসছে। তার ঠিক পাশেই কংক্রিটের আসনে জমে ওঠা কাদা আর ধুলো বিরক্তি ছড়াচ্ছে পথচারীদের মধ্যে। আবার চোখে পড়ে যাত্রীছাউনিটির দেয়ালের একপাশ ভাঙা। ভাঙা দেয়ালের পাশেই বাঁশের একটা খুঁটি দিয়ে ঠেস দিয়ে রাখা যাত্রীছাউনির মাথা। যাত্রাবাড়ী ফুটওভারব্রিজ থেকে টিকাটুলির দিকে যেতেই হাতের বাঁ পাশের যাত্রীছাউনি এটি। এটির নামফলক থেকে জানা যায়, সাবেক সাংসদ সালাহ্ উদ্দিনের হাতে এটির উদ্বোধনকাজ সম্পন্ন হয়। ঝুঁকিপূর্ণ এ যাত্রীছাউনিটি যদি সংস্কার করা না হয়, তাহলে ছাউনির নিচের যাত্রীরা বাঁশের খুঁটি নড়তে দেখে দৌড় শুরু করতে পারেন যেকোনো সময়।—আলী আসিফ