একদিন হঠাৎ
তেমন মুগুর...সেদিন ফার্মগেট তেজগাঁও কলেজের সামনে দাঁড়িয়ে কিছু ছেলে ‘ইভ টিজিং’ করে যাচ্ছিল। পাশ দিয়ে যত মেয়ে যাচ্ছিল সবাইকে কিছু না কিছু বলছিল আর মেয়েগুলো চুপ থেকে মাথা নিচু করে চলে যাচ্ছিল। বখাটে ছেলেগুলো এতে অনেক মজা পাচ্ছিল। নিজেদের বীর ভেবে একের পর এক মন্তব্য করে যাচ্ছিল তারা। দেখতে খুব সুন্দর একটি মেয়ে যাচ্ছিল, তাকে দেখে বখাটে ছেলেগুলোও মন্তব্য করল। মেয়েটি সঙ্গে সঙ্গে থেমে গেল। ছেলেগুলোর পাশে এসে দাঁড়িয়ে খুব সুন্দর একটা হাসি দিয়ে বলল, ‘থ্যাংকস’। ছেলেগুলো হতবাক। মেয়েটি বলল, ‘ভাইয়া, আর কিছু বলবেন না? আমার অনেক ভালো লাগে সাইড টক শুনতে।’ এ কথা বলে মেয়েটি হাসিমুখে দাঁড়িয়ে রইল। ছেলেগুলো কিছুক্ষণ মেয়েটির মুখের দিকে তাকিয়ে থেকে চলে গেল। পাশের একজন মন্তব্য করল, ‘এখন কি আর সেই যুগ আছে রে গাধারা।’— আমিনা আক্তার, বাড্ডাশীত থেকে বাঁচতেলোকটা বেঁচে থাকার রসদ জোগায় রাস্তাঘাটের আবর্জনা কুড়িয়ে। জীবনটা তাঁর সংগ্রামের। শীত তাঁকে কাবু করতে চায়। তাই যে বস্তায় তিনি টোকানো ময়লা রাখেন, ওই বস্তায় মুখ গুঁজে ঘুমিয়ে পড়েছেন। তাতে কোনো আপত্তি নেই, শৈত্যপ্রবাহ থেকে বাঁচা যাচ্ছে, এটাই বা কম কি! — শারমিন নাহারভাতে পেট ঠান্ডাডিসিসির নগরভবনের ফটকে দাঁড়িয়ে আছেন একজন। তাঁর সামনে অসংখ্য ভাতের বাটি। একটি বড় মাপের কাপড়ের ব্যাগের ভেতর ঢোকানো হয়েছে বাটিগুলো। লোকটি পাহারা দিচ্ছিলেন বাটিগুলো। তাঁর আরেক সহযোগী ভাতের বাটিগুলো জড়ো করছিলেন নগরভবনের লিফটের সামনে। সেখানে মানুষের জটলা। জনাদশেক লোক দাঁড়িয়ে রয়েছেন। সবাই লিফটের অপেক্ষায়। গ্রাউন্ড ফ্লোরে লিফট থামল। লিফটে ওঠার জন্য কেউ হইহল্লা করছেন না। ভাতের বাটি নিয়ে দাঁড়ানো লোক দুটি বাটিগুলো টেনে নিচ্ছিলেন লিফটের ভেতর। আর অন্য সবাই অপেক্ষা করছিলেন বাইরে। লিফটম্যান জানালেন, ভাতের সব বাটি লিফটে এঁটে যাওয়ার পর লোক তুলবেন। আর যদি জায়গা না থাকে তবে পরের ট্রিপে লোক তুলবেন তিনি। নিচে অপেক্ষমাণ সবাই বিষয়টি মেনে নিলেন। অপেক্ষমাণ একজন বলে উঠলেন, ‘আফিসার-গোরে ভালো মতন খাওয়াইয়ো। হ্যাগো প্যাট ঠান্ডা থাকলে কাম ঠিক হালে (ভাবে) করব।’নগরভবনের তথ্যকেন্দ্রের একজন জানান, প্রতিদিনই দুপুরবেলা লিফটে এই চিত্র দেখতে পাওয়া যায়। অফিসারদের খাবারের সময়টায় লিফটে ওঠার ক্ষেত্রে খাবার নিয়ে আসা লোকদের অগ্রাধিকার দেওয়া হয়। —ঢাকায় থাকি প্রতিবেদক