একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার সারি...ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আগেই। এরই মধ্যে ফলাফলও হয়ে গেছে। যাঁরা ভর্তি পরীক্ষায় উতরে গেছেন, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কাজে লেগে পড়েছেন। একবার বিভাগে যোগাযোগ তো একটু পরই হলে দৌড়াদৌড়ি। এরই ফাঁকে অবশ্য নিয়মমাফিক সবাইকে এসে টাকা জমা দিতে হচ্ছে টিএসসির জনতা ব্যাংকে। টিএসসির জনতা ব্যাংকের সামনে তাই ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের বেশ লম্বা একটা লাইন চোখে পড়ছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে লাইনে দাঁড়াচ্ছেন। পুরোনো লাইনে নতুন মুখ এলেও পুরোনো ভর্তি-প্রক্রিয়ার কোনো বদলই ঘটাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক অভিভাবক তো আক্ষেপ করে মন্তব্য করলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কবে ভর্তি-প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে? যেদিন তা করা যাবে, সেদিনই বুঝব, ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ডিজিটাল হচ্ছে।’১০ টাকায় ১৬৮০ টাকা!টাকা বেচাবিক্রির বাজার আছে গুলিস্তানে। আবার নগরের বিভিন্ন বাস স্টপেজে দাঁড়িয়েও খুচরো টাকা বেচাবিক্রি করেন হকারেরা। তাঁদের ক্রেতা মূলত বাসের কন্ডাক্টররা। যাত্রীদের ভাংতি দিতে কন্ডাক্টররা বড় নোট দিয়ে খুচরো টাকা কিনে নেন। স্টপেজে বাস থামলেই খুচরো টাকার হকারেরা বলেন, ‘এই, রেজগি টাকা লাগব, ভাংতি টাকা লাগব।’ তবে ফার্মগেটে পাওয়া গেল ভিন্ন চিত্র। এখানে এক হকার বাসের ভেতর ঢুকে বলতে লাগলেন, ‘এই, ১০ টাকায় ১৬৮০ টাকা।’ কথা শুনে অনেক যাত্রী তাঁর দিকে তাকায়। তারা দেখতে পায়, একটি ছেলের হাতে চাবির রিং। এগুলো তৈরি করা হয়েছে দেশের মুদ্রার কাগুজে নোটের আদলে। ছোট আকারে তৈরি ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোট আছে চাবির রিংয়ে। এগুলো যোগ করলে মোট হয় এক হাজার ৬৮০ টাকা। তাই হকার হাঁক দিচ্ছিল, ‘১০ টাকায় ১৬৮০ টাকা।’ যাত্রীরাও ১০ টাকায় কিনে নিচ্ছিল এক হাজার ৬৮০ টাকার আদল থাকা চাবির রিং।—তায়েব মিল্লাতপথেই আনন্দআলিশান ফ্ল্যাটে বেড়ে ওঠা শিশুদের যত্ন নিতে মা-খালাদের চিন্তার অন্ত থাকে না। কখন খেতে হবে, কখন গোসল করতে হবে, কখন খেলতে হবে অথবা খোকাকে কী কার্টুন দেখাতে হবে, খোকা কী নিয়ে খেলবে—এসব ভাবনায় অস্থির থাকেন মা-বাবা। তবে এই নগরে এমন অনেক শিশুই বেড়ে উঠছে, যাদের ঘরবাড়ি বলতে ফুটপাতের একটুকরো জায়গা। নাওয়া-খাওয়া, খেলাধুলা, ঘুমানো—সবই ওই একটুখানি জায়গাতেই। দরিদ্র এই শিশুদের মা-বাবাকে অসহায় করে রাখলেও শিশুদের মনে কিন্তু আনন্দের ঘাটতি থাকে না। দুপুরবেলা একফাঁকে মা যখন ঘুমিয়ে পড়ে, তারা কিন্তু ঠিকই খেলায় মন দেয়। পা ছড়িয়ে খেলতে থাকে ফুটপাতে বসে। পরীবাগের দুই শিশু সেদিন মায়ের চোখ ফাঁকি দিয়ে রিকশা নিয়ে খেলায় মেতে উঠেছিল। ফুটপাতের বেড়ার অন্য পাশে ব্যক্তিগত গাড়িগুলো পাশ দিয়ে চলছে শোঁ শোঁ শব্দ করে। আর ফুটপাতে ছোট্ট এই খেলনা গাড়ি নিয়েই নির্মল আনন্দে মেতে উঠেছিল শিশু দুটি। তাদের দেখে এক পথচারী মন্তব্য করে উঠল, ‘হোক না এরা গরিব। এদের মা-বাবার অত টাকা নেই। তাই বলে তো এদের ছেলেবেলা থেমে নেই। ওরাও চায় খেলনা।’—অর্ক আসিফ