একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৈফিয়ত!ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের দোতলায় শিক্ষকদের কক্ষ। সামনে কয়েকজনের জটলা। তাঁরা সরকারি ছাত্র সংগঠনের নেতা! এসেছেন কৈফিয়ত চাইতে। জানা গেল, এ বিভাগ থেকে ওই সংগঠনের একজন নেতা মাস্টার্স পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়েছেন। তাঁকে কেন তৃতীয় বিভাগ দেওয়া হলো? এর উত্তর খুঁজতেই তাঁরা এখানে একত্র হয়েছেন। এসব দেখে সাধারণ শিক্ষার্থীদের একজন বললেন, ‘রাজনীতি করলে কত সুবিধা। পড়াশোনা করব না, ক্লাস করব না। অথচ রেজাল্ট খারাপ হলে কৈফিয়ত চাইতে পারব স্যারদের কাছে।’তাঁর কথার রেশ ধরে আরেকজন বললেন, ‘ভালোই তো, চলো, আমরাও রাজনীতিতে নাইমা পড়ি। অন্তত রেজাল্ট খারাপ হলে তো স্যারদের কাছে কৈফিয়ত চাইতে পারব।’ — ঢাকায় থাকি প্রতিবেদকরিকশাওয়ালার মোবাইলঘটনাটি ঘটে ফুলবাড়িয়া দমকল বাহিনীর সদর দপ্তরের সামনে; একটি রিকশা ঘিরে কিছু মানুষের ভিড়। ভাড়া নিয়ে বচসা হওয়ায় রিকশাওয়ালা আর যাত্রীর মধ্যে কথা কাটাকাটি চলছে। যাত্রীটি রেগেমেগে রিকশাচালককে একটি চড় দিলেন। চড়ের ধাক্কায় রিকশাওয়ালার বুকপকেটে থাকা মুঠোফোনটি পড়ে গেল। সঙ্গে সঙ্গে মুঠোফোনের ব্যাটারি আর কেসিং ছড়িয়ে পড়ল রাস্তায়। যাত্রীটি চড় মেরে দ্রুত পায়ে কেটে পড়লেন ভাড়া না দিয়েই। রিকশাচালক চিৎকার করে বলে উঠলেন, ‘আমারে মারেন, ধরেন, বাইন্ধা রাখেন। কিন্তু মোবাইলটা ঠিক কইরা দিয়া যান।’ —আজহার হোসেনভাতের গাড়ি!দুপুরের খাবারটা যাঁরা অফিসে কিংবা দোকানে বসে খান, তাঁদের অনেকেই রেস্তোরাঁর খাবার এড়িয়ে চলেন। এমন মানুষদের কেন্দ্র করেই গড়ে উঠেছে খাবার সরবরাহের ব্যবসা। দুপুর হলে তাই মতিঝিলে দেখা যায় অগুনতি টিফিন ক্যারিয়ারভর্তি খাবার রিকশায় নিয়ে ছুটে চলেন সরবরাহকারীরা। এক দুপুরে গুলিস্তান আন্ডারপাস মোড়ে দেখা গেল টিফিন ক্যারিয়ারভর্তি একটি সাইকেল। সাইকেলটির পেছনে একটি স্থায়ী বাক্স বসিয়ে তার ভেতরে রাখা হয়েছে কয়েকটি টিফিন ক্যারিয়ার। বাক্সটির পেছন দিকে লেখা হয়েছে, ‘ভাতের গাড়ি’। এটি দিয়ে রামপুরা থেকে ইসলামপুর ও সদর ঘাটে যে ভাত পৌঁছানো হয়, তা লেখা পড়েই জানা গেল। —তায়েব মিল্লাতপাল্লায় আপেল বিক্রিনগরের পথের ধারে বসে অনেকেই ফল বিক্রি করেন। আবার রিকশা-ভ্যানে করে কিংবা ঝাঁকায় ফল নিয়ে অনেকে ঘুরে ঘুরে বেচাবিক্রি করেন। কিন্তু এক তরুণ দাঁড়িপাল্লায় আপেল নিয়ে তা ঘুরে ঘুরে বেচাবিক্রি করছেন। রাত নয়টার দিকে এমন দৃশ্য চোখে পড়ল বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে। বিমানবন্দর সড়ক থেকে এভিনিউয়ে ঢুকতেই যেখানে গুলশানগামী অটোরিকশা, রিকশা অপেক্ষা করে সেখানেই ঘুরছিলেন বিক্রেতা। এভাবে ফল বিক্রির মর্ম জানতে চাইলে ইশারা করে তিনি সড়কের অন্য পারের ফুটপাতে একটি ফলের দোকান দেখান। তারপর জানান, রাতের বেলা দোকান বন্ধের আগে কম দামে দাগি-পচা ফলগুলো ঘুরে ঘুরে বিক্রি করেন। কারণ রাতে থাকলে এগুলো পুরোপুরি পচে যাবে। রিকশাচালকেরাই এগুলোর প্রধান ক্রেতা।—ঢাকায় থাকি প্রতিবেদক