একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসহায় যাত্রী...ধানমন্ডির সোবহানবাগ মসজিদের সামনে এসে থামল একটি সিএনজিচালিত অটোরিকশা। তা থেকে একজন যাত্রী নামলেন। ভাড়া কত জানতে চাইলে চালক বললেন, ১২০ টাকা।তাঁকে ৫০০ টাকার নোট দিলেন যাত্রী। তারপর যাত্রী তাঁর মানিব্যাগে কী যেন খুঁজতে লাগলেন। এই সুযোগে রাস্তা ফাঁকা পেয়ে চালক অটোরিকশা হাঁকিয়ে চলেগেলেন। যাত্রীটি তাঁর বাকি টাকা ফেরত না পেয়ে চিৎকার করে উঠলেন, ‘আমার বাকি টাকা!’ তবে চলে যাওয়া অটোরিকশার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না তাঁর। একপর্যায়ে শুক্রাবাদ পেরিয়ে পান্থপথের দিকে ঢুকে পড়ে অটোরিকশাটি। —আনিস রহমান‘মানুষ হ’দেয়াললিখন ঢাকার দেয়ালে নতুন কিছু নয়। রাজনৈতিক প্রচারণায় এটা খুব কাজে আসে। আবার দেয়ালে আদেশ, নিষেধ, নীতিকথা, বিজ্ঞাপনও লেখা থাকে। নগরের দেয়ালে নিজের মনের কথাও লিখে থাকেন অনেকে। এমন লিখন জনপ্রিয়ও হয়েছে। যেমন, ‘কষ্টে আছি/ আইজউদ্দিন’, ‘অপেক্ষায়/ নাজির’।বছর কয়েক ধরে দেয়ালে নতুন উৎপাত হয়ে দেখা দিয়েছে কিশোর-তরুণদের লেখালেখি। তারা অবশ্য রং-তুলির বদলে হাতে তুলে নিয়েছে ‘স্প্রে’। তা দিয়ে রাতের আঁধারে দেয়ালে লেখাটা লিখে লাপাত্তা হয়েযায় তারা। কাকলী মোড় থেকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে ঢুকতেই ফুটপাতের পাশে দেয়ালে ‘স্প্রে’র একটা লেখা চোখে পড়ল। তাতে দেখা যায়, একজন মানুষ একটা ‘প্ল্যাকার্ড’ ধরে আছে।তাতে বলা হয়েছে ‘মানুষ হ’। যারা এমনটা লিখে দেয়ালের সাদা রঙে ক্ষত তৈরি করেছে, তারা কি ঠিকঠাক মানুষ? —তায়েব মিল্লাতউদ্যানে অক্ষরজ্ঞানচর্চা!রমনা উদ্যানে লোকে বেড়াতে আসে। তবে দুই যুবককে দেখা গেল উদ্যানের সবুজ ঘাসে বসে তারা পড়াশোনা করছে। তবে দুজনের কাছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের বই। বড়রা কেন ছোটদের বই পড়ছে? কথা বলে জানা গেল এর রহস্য। ইমন নামের এক যুবক জজকোর্টে উকিলের চা-সিগারেট আনার কাজ করেন। তাঁর পড়াশোনা নেই। এই সেদিন পর্যন্ত নিজের নামটা লিখতে পারতেন না তিনি। তবে বন্ধু হাবিবের সহায়তায় এখন তিনি নিজের নাম লিখতে পারেন।হাবিব এইচএসসি পাস, উকিলের মুহুরি। পড়াশোনা না থাকায় পেশায় উন্নতি করতে পারছেন না ইমন। এই কথাটা হাবিবকে বলতেই তিনি এগিয়ে এসেছেন। ছুটির দিনগুলোয় এদিক-সেদিক সময় নষ্ট না করে রমনা উদ্যানে চলে আসেন দুই বন্ধু। সেখানে চলে ইমনের অক্ষরজ্ঞানচর্চা। ইমন ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর বই শেষ করে এখন চতুর্থ শ্রেণীর বই ধরেছে। ইমন পড়াশোনায় দ্রুত উন্নতি করছে বলে হাবিব জানান। —ফারুখ আহমেদসজ্জা স্থগিত!ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ফটকে সারিবদ্ধভাবে সাজানো ছিল বাংলাদেশের পতাকা। লাল-সবুজের পতাকায় বেড়ে গিয়েছিল হলের সৌন্দর্য। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের মাত্রা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। ইদানীং আর সেই পতাকাগুলো দেখা যাচ্ছে না। হলের নোটিশ বোর্ড থেকে ব্যাপারটি জানা গেল। যাতে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপ খেলায় বাংলাদেশের জয়ের দিনে কর্তৃপক্ষকে না জানিয়ে শিক্ষার্থীদের কেউ কেউ পতাকা তুলে নিয়ে গিয়ে আনন্দ-উল্লাস করেছে। তা আর ফেরত দেয়নি কেউ। পতাকা হারিয়ে কর্তৃপক্ষ তাই সজ্জা স্থগিত রেখেছে। পতাকা ফেরত পাওয়া গেলে অবশ্য আবারও সাজানো হবে হলের ফটক। এমনটাই বলা হয়েছে নোটিশ থেকে। —তানজিল রিমন