একদিন হঠাৎ
পত্রিকা উধাও!ঘড়িতে তখন রাত সোয়া আটটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের পত্রিকা কক্ষে বসে পত্রিকা পড়ছেন জনাকয়েক শিক্ষার্থী। কিন্তু একজন শিক্ষার্থীকে দেখা গেল, কী যেন খুঁজছেন। কথা বলে জানা গেল, তিনি ডেইলি স্টার পত্রিকা খুঁজছেন। সব পত্রিকা আছে, কিন্তু সেটি খুঁজে পাচ্ছেন না। তখন আরও কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করলেন, পত্রিকা কক্ষে নিয়মিত যেসব পত্রিকা রাখা হয়, তার মধ্যে ডেইলি স্টার উল্লেখযোগ্য। ইংরেজি চর্চার জন্য প্রায় সব শিক্ষার্থী সারা দিনে যখন সময় পান, পত্রিকাটি পড়েন পত্রিকা কক্ষে বসে। কেননা, প্রতিদিন বাংলার পাশাপাশি ইংরেজি পত্রিকা কেনার সামর্থ্য অনেকের নেই। রাত সাড়ে ১১টা পর্যন্ত পত্রিকা কক্ষ খোলা থাকে। কিন্তু অনেক দিন ধরেই জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার সন্ধ্যার পর আর পত্রিকা কক্ষে পাওয়া যায় না। কেউ নিশ্চয় নিজের পত্রিকা মনে করে সেটি নিজের কক্ষে নিয়ে আরাম করে পড়েন। কিন্তু সবার অসুবিধা করে একজন ব্যক্তি পত্রিকাটি কেন নিয়ে যাবেন? কর্তৃপক্ষ কি পত্রিকা উধাও হওয়ার বিষয়টি ভেবে দেখবে? —ঢাকায় থাকি প্রতিবেদকদাগ ওঠানো হয়!মোবাইল ফোনে সময় দেখার কাজটি সারা যায়। তাই কমে যাচ্ছে হাতঘড়ির ব্যবহার। গুলিস্তানে হস্তচালিত চাকা ঘুরিয়ে যাঁরা হাতঘড়ির দাগ ওঠানোর কাজ করতেন, তাঁরা কি উধাও হয়ে গেছেন? সাইকেলের ওপর চাকা নিয়ে বসে থাকা ওই লোকগুলো কিন্তু এখনো আছেন গুলিস্তান এলাকায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন তাঁদের কাজের ধরন পাল্টেছে। আগে তাঁরা হাতঘড়ির গ্লাসের দাগ ওঠানোর কাজ পেতেন বেশি। এখন তাঁরা মোবাইল ফোনসেটের গ্লাসের দাগ ওঠানোর কাজই বেশি করেন বলে জানা গেল। তাই সাইকেলের সামনে রাখা সাইনবোর্ডে মোবাইল ফোনসেটের কথাটি সবার আগে দেওয়া হয়েছে।—তায়েব মিল্লাতবাজারে শুটিংদেশি টেলিভিশন চ্যানেলের সংখ্যা বেড়ে যাওয়ায় এগুলোর জন্য অনুষ্ঠান নির্মাণের হিড়িক লেগে গেছে। ঢাকার পথেঘাটে, উদ্যানে প্রায়ই শুটিং ইউনিটের দেখা মেলে। দিন কয়েক আগে কারওয়ান বাজারের একটি বিপণিবিতানে গিয়ে দেখা গেল শুটিং চলছে। একটি মুদি দোকানের দিকে ক্যামেরা তাক করা। সেখানে ক্রেতার বেশে একজন গান করছেন। তিনি সেই গানের মাধ্যমে মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যের কথা তুলে ধরছেন। বাজার করতে গিয়ে অনেকেই দাঁড়িয়ে শুটিং দেখছিলেন। একটি ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছিল বলে জানা যায়। —ঢাকায় থাকি প্রতিবেদকসরকারি মাল...রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশের দেয়ালঘেঁষা একটি গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছেন একজন মানুষ। পোশাক দেখে মনে হচ্ছে তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী। পথ দিয়ে যাওয়ার সময় দেখা গেল, তিনি গাছের টুকরো রিকশায় তুলছেন। এই পথে পর্যাপ্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও তিনি একটি পুরোনো গাছের ডাল কাটার সাহস কী করে পান। গাছ কাটার হুকুম কে দিয়েছে? এমন প্রশ্নে তাঁর উত্তর, ‘কী করমু আমাগো গ্যাস নাই, লাকড়ি কিনার ট্যাকা নাই, সরকারি গাছের ডাইল লইয়া যাইতাছি।’—ফারুখ আহমেদ