একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাকে ভালোবাসি!‘ভদ্র মহোদয় ওসমান বাণিজ্যিক পদার্থ ভান্ডার’ ধোলাইখালের টিপু সুলতান রোডের গোয়ালঘাট লেনের একটি দোকানের নাম। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই দোকানের মালিক শেখ মুহম্মদ সোলেমান। পথ চলতে এমন নামে দোকান দেখে অনেকেই থমকে দাঁড়ান। কোনো ইংরেজি শব্দ ব্যবহার না করে খাঁটি বাংলায় দোকানের নামটি রাখা হয়েছে। টিপু সুলতান রোড দিয়ে যাওয়ার সময় প্রায়ই চোখে পড়ে দোকানটি। একদিন দোকান মালিক সোলেমানের কাছে জানতে চাই, দোকানের নামে ব্যতিক্রম কেন? তাঁর ভাষ্য ছিল, ‘দোকানের নাম “মেসার্স ওসমান কমার্শিয়াল মেটাল শপ” রাখতে পারতাম। তাতে আমি বাংলা ভাষাকে পেতাম না। এই ভাষার জন্যই তো আমাদের যত গর্ব!’ —ফারুখ আহমেদ‘মামা না, চাচা’‘মামা ভাড়া দেন।’ ‘মামা বললি ক্যান্?’ ‘তাইলে কী কমু?’ ‘চাচা বলবি।’ ‘মামা আর চাচা একই তো হলো।’ এক যাত্রী আর কন্ডাক্টরের দ্বৈরথে এবার নাক গলান আরেক যাত্রী। এবার প্রথম যাত্রীর জবাব, ‘এক হইল কীভাবে? মামা হইল বাপের শালা। আমার বাবা কী ওর বাপের শালা?’ প্রথম যাত্রীর এই কথা শুনে মিরপুর-১০ থেকে ফার্মগেটগামী বাসটির অনেক যাত্রী মুখ টিপে হাসতে লাগলেন। —তায়েব মিল্লাতকলা বিলি...নগরের রাস্তায় রিকশাভ্যানে করে কলা বেচাবিক্রির বিষয় নতুন নয়। তবে মিরপুর বড় বাজার বেড়িবাঁধ সড়কে দেখা গেল ভিন্ন এক চিত্র। সেখানে রিকশাভ্যান থেকে শিশুদের কলা বিলি করছিলেন এক লোক। শিশুরা কে কার আগে কলা নেবে তা নিয়ে রীতিমতো যুদ্ধে লিপ্ত হলো। লোকটিকে ঘিরে ধরে হুড়োহুড়ি শুরু করে দিল তারা। বেচাবিক্রির বদলে বিলানো হচ্ছে কেন? প্রশ্নের উত্তর মিলল লোকটির সঙ্গে কথা বলে। তিনি জানালেন, রিকশাভ্যানে করে কলা বিক্রি করাই তাঁর পেশা। কলার গাড়ি নিয়ে বড় বাজারের রাস্তার ঢাল বেয়ে বেড়িবাঁধ সড়কের ওপরে আসতে পারছিলেন না। তাই শিশুরা ভ্যানটিকে পেছন থেকে ঠেলে ওপরে নিয়ে আসতে সাহায্য করে। এ জন্য তাদের মধ্যে কলা বিলি করছেন। যেগুলো বিলি করছেন সেগুলো ফানা থেকে খসে পড়েছে। এগুলো কেউ কিনতে চায় না। তবে বিনা মূল্যে পেয়ে শিশুরা সেগুলো মহা-আনন্দে নিচ্ছিল। —ঢাকায় থাকি প্রতিবেদকবিয়ের বাস!ফার্মগেট থেকে গাবতলী লিংকের ৮ নম্বর গাড়িটি ছুটে চলেছে গন্তব্যে। আসাদগেট পৌঁছাতেই কয়েকজন যাত্রী বাসে উঠতে দৌড়ে আসে। লোকাল মনে করেই যাত্রীরা বাসে উঠতে শুরু করে। কিন্তু হেলপার দুজনকে উঠিয়ে অন্যদের বাধা দেয়, বাস সিটিং হওয়ায়। কারণ, লোকাল এই বাসটি এখন লোকাল সিটিং বলে চালানো হচ্ছে। ভাড়াও আদায় করা হচ্ছে বেশি। বাসটি কলেজগেট পৌঁছাতেই যাত্রীরা যখন উঠতে যাবে বাসে, তখন হেলপার চেঁচিয়ে উঠল—‘আরে ভাই, উইঠ্যান না তো, এইডা বিয়ের রিজার্ভ গাড়ি।’—ঢাকায় থাকি প্রতিবেদক