একদিন হঠাৎ
জাদুর অন্তরালে...গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের নিচে একটি ছাতার সামনে পেছনে অনেক মানুষ। কাছে গিয়ে দেখা গেল খর্বকায় একজন মানুষ জাদু দেখাচ্ছেন। কী নাম জানতে চাইলে তিনি বললেন, ‘জুয়েল।’জাদুকর জুয়েল খুব জনপ্রিয়। তিনি প্রতিদিন এখানে বসে জাদুর নানা কসরত দেখান। ছাতার নিচের জাদুকর জুয়েলের ছবি তুলছিলাম। আর তিনি ব্যস্ত জাদু দেখাতে। এরই মধ্যে একজন লোক এসে আমাকে ডাক দিলেন। পাশের একটি খালি জায়গায় আমাকে নিয়ে গেলেন তিনি। বললেন, ‘ভাই, ছবি তোলা বন্ধ করেন।’ কেন? প্রশ্ন করলে তাঁর জবাব, ‘আপনি তো বোকা না! আমার পেটে যে লাত্থি মারতাছেন বুঝতে পারছেন?’ এবার আমার আরও বিস্ময়, কীভাবে? তিনি বললেন, ‘এই যে আপনি ছবি তুলতাছেন মানুষজন আপনের দিকে চায়া আছে। আমি ভাই ওষুধ বিক্রেতা। জুয়েলকে দিয়ে লোক জমিয়ে তারপর ওষুধ বিক্রি করি। আপনি এভাবে ছবি তুললে আমার বিক্রি-কিনি লাটে উঠব, বুঝতাছেন না!’—ফারুখ আহমেদ প্রতারণার নয়া কৌশল‘আমি একজন বাসের সুপারভাইজার। আমার সঙ্গের ছেলেটির মা আজ সকালে ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন। গ্রামের বাড়িতে লাশটি নিয়ে যাওয়ার জন্য টাকা দরকার, আপনারা যে যা পারেন দয়া করে এই এতিম ছেলেটিকে সাহায্য করেন।’ মোহাম্মদপুর মিডওয়ে বাসের ভেতর এসব বলছিলেন মধ্যবয়সী একজন লোক।তাঁর সঙ্গে থাকা কিশোরটির কান্না দেখে সবাই টাকা দিচ্ছিলেন। মুহূর্তেই ছেলেটির হাত টাকায় ভরে ওঠে। এর দুই দিন পর শাহবাগ থেকে মেগাসিটি বাসে উঠে দেখা গেল, ওই লোক ও কিশোরটিকে। একই বাক্য ও একই ভঙ্গি ব্যবহার করে টাকা চাচ্ছেন যাত্রীদের কাছে।লাশ গ্রামে নেওয়ার কথা শুনে কেউই পাঁচ টাকার নিচে দিচ্ছিলেন না। লোকটিকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, ‘কখন মারা গেছে? আড়াই ঘণ্টা আগে।’ বললেন লোকটি।গত পরশু দিন যে মারা গেছেন, তিনি কি আজও মারা গেছেন? একটু অপ্রস্তুত হয়ে এবার লোকটি বললেন, ‘কী আবলতাবল বলছেন আপনি।’সে দিন মিডওয়ে বাসেও তো একই কথা বলে টাকা ওঠালেন। এবার চুপ করে গেলেন লোকটি। এরই মধ্যে অন্য যাত্রীরা বিষয়টি বুঝতে পেরেছেন। কেউ বললেন, ‘ওকে পুলিশে দেন।’কান্নারত কিশোরটি পরিস্থিতি বুঝতে পেরে আগেই বাস থেকে নেমে গেছে। লোকটি এবার আমার হাত ধরে বললেন, ‘ভাই, আমারে এবার মাফ করে দেন, জীবনেও এই কাজ করুম না আমি।’ —আল-আমিন হকপুরুষের জন্য সংরক্ষিত!কারওয়ান বাজার থেকে একজন ব্যক্তি চিড়িয়াখানা এক্সপ্রেস নামের লোকাল বাসে উঠলেন। উঠেই দরজার পাশের সাধারণ সিটে বসা দুজন নারী যাত্রীকে বললেন, এখানে বসছেন ক্যান? ‘আপনার সমস্যা কী?’ উত্তর দিলেন এক নারী যাত্রী।আপনাদের সিটে গিয়ে বসেন। পুরুষ যাত্রী নারীদের জন্য সংরক্ষিত আসন দেখিয়ে বললেন। তবু দুই নারী উঠলেন না। একপর্যায়ে পুরুষ যাত্রীটি নারীদের ওঠার জন্য পীড়াপীড়ি করতে লাগলেন।এমন সময় এক তরুণ যাত্রী দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে উদ্দেশ করে বললেন, ‘এই যে ভাই, পেছনে তো সিট খালি আছে। এখানে এসে বসেন।’ এবার ওই ব্যক্তি তাঁকে বললেন, ভাই, আপনি কি মহিলাদের সিটে বসতে পারবেন। তাহলে মহিলারা এই সিটে বসবেন ক্যান?এবার তরুণটি তাঁকে বললেন, ‘আরে মিয়া, ৩০০ আসনে পুরুষ-মহিলা সব প্রার্থীই নির্বাচন করতে পারে। বাকি ৪৫টি আসনে শুধু মহিলারাই প্রার্থী হয়।’ তরুণের এই কথায় বাসের অনেকে সায় দিলেন।আবার কেউ কেউ সায় দিলেন আগের পুরুষ যাত্রীর পক্ষে। জমে গেল কথা-কাটাকাটি। তখন ওই তরুণ বললেন, ‘সাধারণ সিটে সবাই বসতে পারবেন। কিন্তু সংরক্ষিত আসনে শুধু তাঁরাই বসতে পারবেন, যাঁদের জন্য সংরক্ষিত। সাধারণ সিট মানেই তো আর পুরুষের জন্য সংরক্ষিত নয়।’ অবশেষে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি পেছনে গিয়ে বসতে বাধ্য হলেন। —ঢাকায়থাকি প্রতিবেদকজরুরি বিজ্ঞপ্তি!গুলিস্তান-মিরপুর রুটের বিহঙ্গ পরিবহনে সাঁটানো হয়েছে একটি জরুরি বিজ্ঞপ্তি। তাতে নির্ধারিত ভাড়া পরিশোধ করে সমপরিমাণ টাকার টিকিট নিতে বলা হয়েছে। দাঁড়িয়ে যাত্রী নেওয়া কিংবা ওয়েবিলে স্বাক্ষর করার পর কোনো যাত্রী না তোলার ব্যাপারেও নিষেধ করা হয়েছে। আবার বিজ্ঞপ্তিটির নিচে যাত্রীদের কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য মুঠোফোন নম্বর দেওয়া আছে। কিন্তু বাসের কর্মচারীদের বিরুদ্ধে যাত্রীরা যাতে কোনো অভিযোগ করতে না পারেন, সে জন্য মুঠোফোন নম্বরের বেশ কিছু সংখ্য তারা খুঁচিয়ে তুলে ফেলেছে। যাত্রীরা এই বিজ্ঞপ্তিটি ঠিকই পড়তে পারছেন। অথচ কোনো অভিযোগ থাকলে তা মুঠোফোনে জানাতে পারছেন না।—ঢাকায়থাকি প্রতিবেদকআম কুড়াতে সুখ!ফার্মগেট হয়ে যাত্রীবাহী বাসগুলো ছুটে চলছিল গন্তব্যে। ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে বাস চলতে গিয়ে গতিরোধ করতে হচ্ছে চালকদের। পথজুড়ে শিশু-কিশোরদের হল্লা। ইসলামিয়া চক্ষু হাসপাতালের ভেতরে থাকা একটি আমগাছ নুয়ে আছে সড়কটির ওপর। সেখানে আমগুলো লক্ষ্য করে ঢিল ছুড়ছিল শিশু-কিশোরের দলটি। সবার পকেট ভরে আছে কাঁচা আমে। —আজহার হোসেনঢাকা পড়ছে নামফলকমিরপুরের মাজার রোড থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢোকার আগেই চোখে পড়ল স্মৃতিসৌধের নামফলকস্তম্ভ। যেখানে ছড়িয়ে-ছিটিয়ে সাঁটানো হয়েছে বিভিন্ন পোস্টার। রাজনৈতিক পোস্টার থেকে শুরু করে গানের সিডির বিজ্ঞাপনের পোস্টার দেখা গেল। একটি কোচিং সেন্টারের ছোট ব্যানারও লাগানো হয়েছে ওপরের দিকে। দুই পাশের দুটি নামফলকস্তম্ভের একই অবস্থা। স্তম্ভের লেখা থেকে জানা গেল, এর দেখভালের দায়িত্বে আছে ডিসিসি। কিন্তু এই কী দায়িত্ব পালনের নমুনা?—ঢাকায়থাকি প্রতিবেদক