একদিন হঠাৎ
শৌখিন রিকশাচালকঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক রিকশাচালককে রিকশা নিয়ে বসে থাকতে দেখা যায়। এক রিকশাচালককে দেখা গেল ফুলের মালা দিয়ে রিকশা সাজাচ্ছেন। এর কারণ জানতে চাইলে তিনি জানান, শাহবাগের ফুলের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিছু ফুল মাটিতে পড়ে ছিল। সেগুলো তুলে নেন সেই রিকশাচালক। তিনি জানান, ফুলকে যে ভালোবাসে না সে কিছুই ভালোবাসতে পারে না।—মাহমুদ উল্লাহএক শতে আশি!সেদিন বিকেলে নীলক্ষেত যাচ্ছিলাম বই কিনতে। নিউমার্কেটের বলাকা সিনেমা হল পেরোতেই রাস্তার পাশে কিছু লোকের ভিড় দেখা গেল। ভেতরে তর্কাতর্কির আওয়াজ পাওয়া যাচ্ছে। কাছে গিয়ে দেখা গেল, এক লিচু বিক্রেতাকে একজন লোক গালমন্দ করছেন। ঘটনা জানতে চাইলে বিক্রেতা বলেন, ‘দ্যাহেন ভাই, লোকটা আমার তন ১০০ লিচু কিনছে ৫০০ ট্যাকায়। হেয় কিছুক্ষণ পর আইয়া কইতাছে আমি নাকি উনারে ৮০টা লিচু দিছি।’পাশ থেকে সেই ক্রেতা রেগে বলেন, ‘ট্যাকা দিবি নাকি মাইর খাবি? তাড়াতাড়ি ট্যাকা ফেরত দ্যা কইতাছি।’ ওখানে লোকের ভিড় বাড়তে লাগল। একপর্যায়ে সেই ক্রেতা ৮০টি লিচু নিয়েই চলে গেলেন।—শক্তি সাহাভালো খাবার বলে...ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মেসে মাসে এক দিন বিশেষ খাবারের আয়োজন থাকে। সেদিন শিক্ষার্থীরা তৃপ্তিসহকারে খাওয়াদাওয়া করতে পারেন। দিন কয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বন্ধন মেসে রাতের খাবারে এমন আয়োজন ছিল। তাই আবাসিক শিক্ষার্থীদের বিশাল সারি ছিল মেসে।টেবিল ফাঁকা হলেই তাতে বসে পড়েন অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা। তবু একটি টেবিল ফাঁকা দেখা গেল। একটি ফাঁকা টেবিল কেন? এ নিয়ে প্রশ্ন জাগে অনেকের মনে। কিছুক্ষণ পর জানা গেল হলের আবাসিক শিক্ষকদের জন্য এটি ফাঁকা রাখা হয়েছে। তাঁরা আজ বিশেষ খাবার খাবেন। এ কথা শুনে শিক্ষার্থীদের মধ্যে গুঞ্জন উঠল। কেউ কেউ বলছিলেন, ‘আমাদের টাকায় স্যারেরা খাবেন কেন? অন্য দিন তো মেসে কিংবা ক্যানটিনে খেয়ে দেখেন না আমরা কী খাচ্ছি। আর আজকে ভালো খাবার দেখে তাঁরা চলে এসেছেন।’—ঢাকায় থাকি প্রতিবেদকবাসের বেহাল আসনমতিঝিল-নবীনগর রুটে চলাচলকারী ‘নন্দন’ বাসে কলেজগেট থেকে উঠলেন কয়েকজন যাত্রী। আসনে বসতে গিয়ে খেপে গেলেন তাঁদের একজন। কন্ডাক্টরকে ডেকে বাসের কয়েকটি আসন দেখিয়ে বললেন, ‘এই ব্যাটা, তিন টাকার ভাড়ার জায়গায় টিকিট কাটলাম ১৫ টাকার। খালি ভাড়াই বাড়ে, বাসের সিটগুলো ঠিক করতে ইচ্ছে করে না।’ আরও কয়েকজন যাত্রীর অভিযোগ, সব বাসেরই এই অবস্থা। হয় আসন ভাঙাচোরা, নয়তো জানালার কাচ ভাঙা। বৃষ্টির সময় বাসে বসে ভিজতে হয়। আবার দুই সারির আসনের মধ্যে জায়গা এত কম যে বসতে গেলে হাঁটু বেঁধে যায়। বাসের ভাড়া বেড়েই চলছে, অথচ এসব দেখার কেউ নেই। —তানজিল আহমদআবার পলিথিন!বাসায় মেহমান আসবে। কিছু কেনাকাটার জন্য সেদিন রাত আটটার পর বাড়ির কাছের রায়সাহেব বাজারে যাই। এখানে এসে দেখি ক্রেতারা যা কিনছেন, সেসব দ্রব্য দোকানি পলিথিনের থলেয় ভরে দিচ্ছেন। নিষিদ্ধ পলিথিন ব্যবহার করছেন কীভাবে? এমন প্রশ্নে এক দোকানি বলেন, ‘বাংলাদেশে নিষিদ্ধ বলে কী কোনো কিছু আছে!’ পরিবেশ অধিদপ্তর কি এরপরও চুপ করে বসে থাকবে? — ফারুখ আহমেদঢাকা ওয়াসার প্রতিবাদ২২ মে ‘ঢাকায় থাকি’ বিভাগে প্রকাশিত ‘ঢাকা ওয়াসা নজর দেবে কবে?’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। প্রতিবাদপত্রে তারা উল্লেখ করেছে, প্রকাশিত প্রতিবেদনের ছবির ক্যাপশনে বলা হয়েছে, দয়াগঞ্জ সিটি কলোনিতে ঢাকা ওয়াসার গাড়ি দিয়ে পানি সরবরাহ করা হয়। অথচ ছবিতে পানির গাড়িটি ছিল ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)। সেখানে ঢাকা ওয়াসার গাড়ি থেকে কখনো পানি সরবরাহ করা হয় না।প্রতিবাদপত্রে ঢাকা ওয়াসা দাবি করেছে, দয়াগঞ্জ সিটি কলোনিতে বসবাসরত ডিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঢাকা ওয়াসার কাছে ডিসিসি কখনো পানি চেয়ে আবেদন করেনি।