একদিন হঠাৎ
অভিনব লুট!ঘড়িতে তখন সকাল নয়টা। রমনা উদ্যানে প্রাতর্ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলাম। নগরের ব্যস্ততম এলাকা গুলিস্তানের কাছে আসতেই সামনে জটলা চোখে পড়ল। তিনজন লোক একজনকে ঘিরে আছেন। পেছনের জন ওই লোকটির গলাটা এমনভাবে চেপে ধরে আছে, যেন তাঁর গলা দিয়ে কথা বের না হতে পারে। লোকটার চোখ বের হয়ে আসার উপক্রম। দমও নিতে পারছিলেন না। আশপাশের লোকজন বিষয়টা কেবল চেয়ে চেয়ে দেখছিলেন। আমি ছবি তুলতে গেলে আক্রমণকারী তিনজন ওই লোকটিকে ছেড়ে দেন। তাঁরা আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। ‘ভাই আদম’ ধরছি বলতে বলতে তাঁরা এমনভাবে হেঁটে চলে গেলেন, যেন কিছুই হয়নি।আমি উঠে দাঁড়ালাম। তারপর আক্রান্ত লোকটিকে তুলে বসালাম। তাঁর মুঠোফোন তখনো রাস্তায় পড়ে আছে। ঠিক পাঁচ মিনিট পর লোকটি কথা বলতে পারলেন। তাঁর ভাষ্য, ‘ভাই, আমি শেষ হইয়া গেলাম। ওরা আমার তিন লাখ টাকা লইয়া গেল!’ তখন কারও কিছু করার ছিল না। আমি তাঁর স্যান্ডেল ও মুঠোফোনটি বুঝিয়ে দিলাম। তারপর একটা রিকশা ডেকে তাঁকে সেটিতে উঠিয়ে দিলাম।—ঢাকায় থাকি প্রতিবেদকলিফটে একদিন...কারওয়ান বাজারের একটি বহুতল ভবনে এক বন্ধুর অফিসে যাচ্ছিলাম। ভবনটির নিচতলায় লিফটের সামনে দীর্ঘ সারি। পেছনে তাকিয়ে দেখি, সারি আরও বড় হচ্ছে। লিফট আসতেই একেকজন উঠতে শুরু করলেন। পেছন থেকে এক ব্যক্তি লাফ দিয়ে উঠেই লিফটের বাটন চেপে ধরলেন। ভেতরে থাকা লিফটম্যান বলে উঠলেন, ‘কী ভাই, আনেন কি চোহে কম দ্যাহেন? দ্যাহেন না, ওইহানে কী লেহা আছে?’সেই লেখার দিকে সবার নজর, ‘অপারেটরের সাহায্য নিন।’ লেখা পড়ে ওই লোকটি লিফটম্যানকে বললেন, ‘ওই ব্যাটা, লিফট কি তোর বাপের যে হাত দেওয়া যাইব না।’ এবার দুজনে বচসায় লিপ্ত হলেন। লিফটে থাকা অন্য এক ব্যক্তি বললেন, ‘ভাই, আপনারা এবার থামেন। লিফট এসে গেছে, এবার নামেন।’ অবশেষে সেই লোকও নেমে গেলেন।—শক্তি সাহাপানির খোঁজে...রাজারবাগ পুলিশ লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় একটি শিশুকে দেখলাম। সে দুটি বোতল হাতে নিয়ে রাস্তা পার হওয়ার জন্যে দাঁড়িয়ে আছে। ভাবলাম, মোটরসাইকেলটি দাঁড় করিয়ে আগে তার কিছু ছবি তুলি। তারপর কাছে যাই। জিজ্ঞেস করলাম, ‘কই যাও?’ সে খানিক লজ্জা নিয়ে বলল, ‘পানি আনতে।’ ‘বাসা কোথায়?’ জানতে চাইলে এবার সে বলল, ‘কমলাপুর বস্তিতে থাকি। ওইখানে কলোনিতে গেলে ভালো পানি পাওয়া যায়। মায় একদিন দেহায়া দিছে, অহন প্রত্যেক দিন আমিই পানি আনি খাওনের লাইগা।’—ঢাকায় থাকি প্রতিবেদকনগরে পালকিপালকি চড়ে বর-বধূ যাচ্ছেন—এমন দৃশ্য শহরে এখন আর চোখে পড়ে না। বরযাত্রীতে ঘোড়ার গাড়িও এখন আর দেখা যায় না। এসবে এখন জায়গা করে নিয়েছে প্রাইভেট কার। প্রায়ই দেখা যায়, ফুলসজ্জিত গাড়িতে যাচ্ছেন বর-বধূ। দিন কয়েক আগে শহরের পিচঢালা পথে চোখে পড়ল পালকি। তবে বেয়ারারা কাঁধে করে তা নিয়ে যাচ্ছেন না। রিকশাভ্যানে চড়িয়ে পালকিটি নেওয়া হচ্ছিল। —ঢাকায় থাকি প্রতিবেদকঝড়ের কবলে ভাস্কর্যঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের স্বাধীনতা ভাস্কর্য সড়কদ্বীপের কৃষ্ণচূড়া গাছটি উপড়ে পড়েছে। এর কিছু অংশ রাস্তায়, আর কিছু অংশ সড়কদ্বীপের ওপর পড়ে আছে। গাছটি ভাস্কর্যগুলোর কিছু অংশের ক্ষতি করে। এ ছাড়া গাছের গুঁড়ি ও ডালপালা ভাস্কর্যগুলোর সঙ্গে লেগে থাকায় সড়কদ্বীপটির সৌন্দর্যহানি হয়। —ঢাকায় থাকি প্রতিবেদকএকজন চাল কুড়ানির গল্পবাবুবাজার মাজারের পাশে চালের বিশাল পাইকারি বাজার। রাতে দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাক ভর্তি চাল আসে এখানে। এখানকার আড়তগুলোয় ট্রাক থেকে সারা রাত ধরে চাল নামানো হয়। এই সময় শ্রমিকেরা হুকের সাহায্যে বস্তা নামান। এর খোঁচায় বস্তা ছিদ্র হয়ে কিছু চাল গড়িয়ে পড়ে। আর ওই চাল ঝাড়ু দিয়ে একত্র করেন জোবেদা বেগম। এভাবে প্রতিদিন তিন-চার কেজি চাল তিনি সংগ্রহ করেন। এই চাল দিয়ে সংসার চলে তাঁর। ২০ বছর ধরে চাল কুড়ানোর কাজ করছেন। তিনি চালের বাজারের একজন পরিচিত মুখ। —মাহমুদ উল্লাহ