একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোলা পানিতে মাছ শিকার!পুকুর-ডোবা সেচে ছেলেবুড়ো হই-হুল্লোড় করে মাছ ধরার দৃশ্য গ্রামেই বেশি চোখে পড়ে। কিন্তু এমন দৃশ্য ঢাকা নগরের পূর্ব মানিকনগরের বালুর মাঠের পাশের ডোবায় দেখা গেল। ডোবাটিতে টাকি মাছের চাষ করেছিলেন স্থানীয় বাসিন্দা আনোয়ারুল ইসলাম। পাম্প দিয়ে ডোবাটি সেচা হয়। তারপর মাছ ধরার জন্য সেখানে নিয়োগ করা হয় একদল শিশু। তারা সবাই ঘোলা পানিতে মাছ শিকার করছিল। —আসাদুজ্জামানফাও ফাও পত্রিকা পড়াবিকেল পাঁচটা বাজে। ফার্মগেট থেকে মতিঝিল যাবে এমন একটি বাসে বসে আছি। কারওয়ান বাজার মোড়ে সিগন্যালে যানজটে ছিল এটি। হঠাৎ এক পত্রিকা বিক্রেতা লাফ দিয়ে উঠেই বলল, ‘অ্যায় খবর লন খবর, ১৬ পৃষ্ঠা ২ টাকা।’ বাসের এক যাত্রী বললেন, ‘একটা পত্রিকা দাও তো।’বাসের অনেক যাত্রী পত্রিকা নিলেন। বাসের শেষ প্রান্ত থেকে পত্রিকার টাকা ওঠাতে ওঠাতে এসে সামনে থাকা ওই লোকটির কাছে এসে বিক্রেতা বললেন, ‘ভাই, ট্যাকাডা দ্যান, নাইমা যামু।’ লোকটি বিক্রেতার কথায় কান না দিয়ে পত্রিকা পড়ছেন তো পড়ছেনই। বিক্রেতা আবার জোর গলায় বললেন, ‘এই যে ভাই, ট্যাকাডা দ্যান না!’ লোকটি রেগে গিয়ে এবার বিক্রেতাকে বলছেন, ‘ওই ব্যাডা, দেখতাছস না পড়তাছি?’ জবাবে বিক্রেতা বললেন, ‘ট্যাকা দিয়া তারপর পত্রিকা পড়েন।’ এই নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।পাশে বসে থাকা অন্য এক যাত্রী বললেন, ‘ভাই, মাত্র তো দুই টাকা, দিয়া দ্যান ভাই, দিয়া দ্যান, ওরা তো গরিব মানুষ।’ একপর্যায়ে লোকটি টাকা না দিয়ে বিক্রেতাকে পত্রিকা ফেরত দিয়ে দিলেন। ‘যান মিয়া, ভিক্ষা কইরা খান!’ এই বলে বিক্রেতা বাস থেকে নেমে গেলেন। বাসের প্রায় সব যাত্রী বিক্রেতাকেই সমর্থন দিলেন। —শক্তি সাহাশিশুর সততা...মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের এক লন্ড্রির দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল বছর দশেকের এক শিশু। রাস্তায় পড়ে ছিল একটি ৫০ টাকার নোট। চলার পথে নোটটি দেখে থেমে যায় শিশুটি। তারপর নোটটি কুড়িয়ে নিয়ে সোজা চলে আসে লন্ড্রির দোকানের সামনে। ‘আপনারা কেউ কি টাকা হারিয়ে ফেলেছেন?’ দোকানের সামনে দাঁড়িয়ে থাকা লোকদের উদ্দেশে জিজ্ঞেস করে শিশুটি।সবাই ‘না’ বললে সে দোকানির হাতে নোটটি ধরিয়ে দিয়ে বলল, ‘তাহলে আপনার কাছে রেখে দিন, কোনো ভিক্ষুককে দিয়ে দেবেন।’ এরপর চলে গেল শিশুটি। একটি শিশুর এমন সততা দেখে সবাই অবাক হলো। —আল-আমিন হকঢাকা পড়েছে ‘রাজসিক’ঢাকা সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে অনেক প্রতিষ্ঠান নগরের বিভিন্ন সড়কদ্বীপের সৌন্দর্যবর্ধন করেছে। সবচেয়ে বেশি বসানো হয়েছে ভাস্কর্য। এর মধ্যে অন্যতম হচ্ছে রূপসী বাংলা হোটেলের (সাবেক শেরাটন হোটেল) পাশের মোড়ের ভাস্কর্য ‘রাজসিক’। এতে উঠে এসেছে নগরের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। বিশ্বকাপের সময় ভাস্কর্যটি চকচকে করা হয়েছিল। তখন সড়কদ্বীপটি থেকে সরানো হয়েছিল উটকো সব ফেস্টুন। এখন আবার ফেস্টুনে ভরে গেছে মোড়টি। ফলে কোচোয়ানসহ ঘোড়ার গাড়ির ভাস্কর্যটি ঢাকা পড়ে যাচ্ছে। এটি মুক্ত হতে কি আবার কোনো বিশ্বকাপ দরকার? —ইমরান উজ-জামানমরা মোরগ নিয়ে একচোট‘বেটা, মোরগ দিলি মরা। তার পরও মিথ্যা বলিস! বাসায় নিয়ে দেখি একটা মোরগ মরা। আমাকে চিনিস তুই?’ জোরে জোরে বলছিলেন একজন। যাত্রাবাড়ী মোড়ের বাজারে মুরগি বিক্রেতা ও ক্রেতার মধ্যে চরম তর্ক চলছে। হল্লা শুনে কাছে গিয়ে বোঝা গেল পুরো বিষয়টা। একটু আগেই ক্রেতা চারটা মোরগ কিনে বাড়ি নিয়েছিলেন। বাড়িতে জবাই করার সময় দেখেন একটা মোরগ মরা। ক্রেতা চাইছেন সেটি পাল্টে নিতে। আর বিক্রেতা দিতে নারাজ। তাঁর একই কথা, ক্রেতা বাসায় নিয়ে মোরগ মেরে ফেলেছেন। এই তর্কবিতর্ক দেখে লোকের ভিড় বাড়তে থাকল। আপসরফা করার চেষ্টা করলেন কেউ কেউ। তবে শেষ পর্যন্ত ক্রেতা আর জ্যান্ত মোরগ নিতে পারেননি। —ঢাকায় থাকি প্রতিবেদকপানি নিয়ে গ্যাঞ্জামদিন কয়েক আগের ঘটনা। রাত তখন ১০টা ৩৫ মিনিট। পূর্ব রাজাবাজারে ঢাকা ওয়াসার মডস জোন-৩-এর পানির পাম্পের সামনে মানুষের জটলা। কেউ কেউ চিৎকার-চেঁচামেচি করছিল। সবাই পূর্ব রাজাবাজারে পানির দাবি করছিল। দুই দিন ধরে নাকি তাদের এলাকায় পানি সরবরাহ নেই। কিন্তু পাম্পে দায়িত্বরত কর্মী সেখানে ছিলেন না। তিনি একজনকে রেখে গিয়েছিলেন। হঠাৎ উত্তেজিত জনতার মধ্য থেকে একজন পানির পাম্পের তালাটি বদলে নতুন তালা লাগিয়ে দিলেন। এই খবর পেয়ে পাম্পের একজন কর্মী ঘটনাস্থলে এলেন। সবাই তাঁকে মারার জন্য উদ্ধত হলো। এলাকাবাসীর ধারণা, এই কর্মীর দায়িত্বে অবহেলার কারণেই এলাকায় পানি ছিল না। তাই রাত দুপুরে তাঁকে ধরতে সবাই এসেছে। তবে সেই কর্মী বলছিলেন, পরের দিন থেকে এলাকায় পানি ঠিকমতো পাওয়া যাবে। দুই দিন কেন পানি ছিল না তা জানাতে পারেননি তিনি। —জিয়াউর রহমান চৌধুরী