একদিন হঠাৎ
শিশুর সিসিমপুর প্রীতি!বাংলাদেশ শিশু একাডেমীর সামনের সড়কে একটি শিশু দাঁড়িয়ে আছে। তার চোখ সড়কের একপাশে থাকা সিসিমপুরের বিলবোর্ডের দিকে। সামনেই মুখ আমসি করে দাঁড়িয়ে আছে এক দম্পতি। জানা গেল, তারা শিশুর বাবা-মা। শিশুটিকে নিয়ে মৃৎশিল্পের নানা সরঞ্জাম কিনতে এসেছিলেন। কিন্তু শিশু একাডেমীর সামনে থাকা সিসিমপুরের বিলবোর্ড বাধিয়েছে বিপত্তি। শিশুটি দাঁড়িয়ে সিসিমপুরের ছবি দেখছে। একটুখানি দেখলে হয়তো বাবা-মা বিরক্ত হতেন না। শিশুটি ঘণ্টাখানেক সময় ধরে বিলবোর্ডটি দেখছে। বাসায় যাওয়ার তাড়া দিলে শিশুটি উল্টো কান্না জুড়ে দিচ্ছে। সে কখনো হাসছে, কখনো সিসিমপুরের পাপেটগুলোর নাম ধরে ডাকছে। আবার হাসিমুখে কথাও বলছে পাপেটগুলোর সঙ্গে। দম্পতিটি শিশুকে সেখান থেকে নেওয়ার জন্য আইসক্রিমের লোভ দেখাল। আইসক্রিমের গাড়ি থেকে একটি কিনেও দেওয়া হলো। শিশুটি আইসক্রিম মুখে পুরে নিয়ে দাঁড়িয়ে আছে বিলবোর্ডের সামনে। এভাবে ফুটবল, বেলুন কিনে দেওয়া হলো। তবু শিশুটির সরে আসার কোনো লক্ষণ নেই। শিশুটির মা মনিকা দাস বললেন, ‘আমার বাচ্চা সিসিমপুরের ভক্ত। তাই এমন করছে।’—আজহার হোসেননকশিকাঁথার গল্পএকসময় গ্রামের ঘরে ঘরে অবসরে বউ-ঝিয়েরা কাঁথা সেলাই করতেন। কাঁথার গায়ে ফুটিয়ে তুলতেন গ্রামবাংলার আবহমান নানা চিত্র। মাছ, নদী, ফুল, পাখি—আরও কত কি উঠে আসত এতে! নানা নকশায় ভরে উঠত কাঁথা। কবি জসীম উদ্দীন সেই কাঁথার কথা তুলে ধরেছেন নক্সীকাঁথার মাঠ কাব্যে। রায়েরবাজারে একটি মাঠে বসে কাঁথা সেলাই করছিলেন দুজন। সবুজ মাঠে রঙিন কাপড়ের কাঁথাটা বেশ লাগছিল।—ইমরান উজ-জামান তোরণের পেছনে!মোহাম্মদপুর মোড়ে দাঁড়িয়ে এক ব্যক্তি কথা বলছিলেন আর এদিক-ওদিক তাকাচ্ছিলেন। কথা শুনে মনে হলো, তিনি কিছু খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। মোবাইলে কথা শেষ হলে তাঁকে জিজ্ঞেস করতেই জানালেন, তিনি নতুন এসেছেন মোহাম্মদপুরে। যাবেন কাদেরিয়া হাউজিংয়ে বন্ধুর বাড়ি। বন্ধুর কথামতো এসে তিনি বুঝতে পারছেন না কোন দিকে যাবেন। তিনি খুঁজছিলেন আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাইনবোর্ড। কিন্তু কোথায় সেই সাইনবোর্ড? সাইনবোর্ড তিনি খুঁজেই বা পাবেন কীভাবে? সাইনবোর্ডের সামনে বিশাল এক তোরণ লাগানো হয়েছে। এতে ঢাকা পড়েছে সাইনবোর্ডের পুরোটা। তাই তিনি পথ খুঁজে পাচ্ছিলেন না। — ঢাকায় থাকি প্রতিবেদকরমনায় কেন ডেকোরেটরের পাতিল?রমনা উদ্যানের নার্সারি। এখানে বৃক্ষ, লতা-পাতা, ফুলের সেবাযত্ন করা হয়। এখানে প্রকৃতিপ্রেমীরা আসেন ছবি তুলতে। কেউ ফুল দেখে আপ্লুত হন। রমনা নার্সারির কার্যক্রম সব সময় প্রকৃতিপ্রেমীদের প্রশংসা পায়। কিন্তু দিন কয়েক আগে সেখানে দেখা গেল ভিন্ন চিত্র। এখানে গাছে পানি দেওয়ার জন্য একটি কল আছে। সেখানে ডেকোরেটরের কিছু লোক বিশাল সব পাতিল মাজছিল। রাতে কোথাও অনুষ্ঠান হয়েছে। খাবার মাখা পাতিল পরিষ্কার করা দরকার। সেই কাজটা ডেকোরেটরের কর্মচারীরা করছেন রমনা নার্সারির কলের পানিতে।—ফারুখ আহমেদবিআরটিসির বাসে পাখা কই?আবদুল্লাহপুরগামী বিআরটিসির নতুন বাসটি যানজটে আটকে আছে ফার্মগেটে। প্রচণ্ড গরমে এমনিতেই সবাই বিরক্ত। তার ওপর আবার ঠাসাঠাসি করে যাত্রী ওঠানো হয়েছে। হঠাৎ এক যাত্রী চালকের উদ্দেশে বললেন, ‘এই মিয়া, গাড়ি নামাইছে বেশি দিন হয় নাই। ভাড়াও নাও বেশি। কিন্তু তোমার গাড়ির ফ্যান (পাখা) কই?’ বাসে যতগুলো পাখা রয়েছে, তার একটি ছাড়া আর কোনো পাখা নেই। অন্য যাত্রীরাও তাকাল মাথার ওপরে। তাই তো, নতুন বাসের পাখা গেল কোথায়?—ঢাকায় থাকি প্রতিবেদক