একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-ভিক্ষুক!ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আবুলের চায়ের দোকানের আশপাশে সারা দিনই তার দেখা মেলে। ১২ কী ১৩ বছরের এক কিশোর। নোংরা আর ধুলোমলিন পোশাক গায়ে তার। পিঠে প্লাস্টিকের লম্বা একটা বস্তা। তাতে আছে কুড়িয়ে পাওয়া রাজ্যের প্লাস্টিকের বোতল, কাপ—আরও কত কী। যখনই তার চায়ের তেষ্টা পায়, অমনি চা পানরত কোনো একজনের সামনে গিয়ে মুখটা মলিন করে দাঁড়ায়।বাড়িয়ে ধরে প্লাস্টিকের একটি কাপ। অনুনয়বিনয় করে চা ভিক্ষে চায়। ভাগ্য তার সুপ্রসন্ন হলে অনেকেই আধা খাওয়া চা-টুকু তার পাত্রে ঢেলে দেয়। তখন সে খুশিমনে প্লাস্টিকের একটি নল দিয়ে আয়েশি ভঙ্গিতে চা পান করে। তার নাম জানতে চাইলে সে বলে, ‘আগে মোরে চা খাওয়ান, হেরপর কমু’। তার জন্য চায়ের অর্ডার দিতেই তার নাম জানা গেল সম্রাট। থাকে কারওয়ান বাজার বস্তিতে। দিনের বেলায় বিশ্ববিদ্যালয় এলাকায় প্লাস্টিকের বোতল কুড়ায়। আর চায়ের তেষ্টা পেলেই নেমে পড়ে ভিক্ষায়। —আসাদুজ্জামানলেবুর হালি কত?গত মাসের ঘটনা। ফার্মগেটের ফুটওভার ব্রিজটি পার হতে গিয়ে দেখা গেল ব্রিজটির নিচে ছোটখাটো একটা জটলা। জটলার মধ্যে জোরে জোরে একজন বলছিলেন, ‘এক হালি এক টাকা, এক হালি এক টাকা।’কাছে গিয়ে দেখা গেল, এক হালি লেবু বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়। লেবুগুলো আকারে ছোট। লোকে কাগজি লেবু নামে চেনে। এই লেবু গাজীপুর থেকে এসেছে বলে বিক্রেতা জানান। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশে এখনো টুকরিতে করে কাগজি লেবু বিক্রি হচ্ছে। তবে বিকেলে হালি থাকে আট টাকা। আবার রাত নয়-দশটার দিকে এক হালির দাম ছয় টাকা। রাত বাড়লে দাম আরও কমে আসে। রাত গভীর হলে কখনো কখনো এক টাকা হালিও বিক্রি করা হয়। —জিয়াউর রহমান চৌধুরীবেহালে বর্ষারানি!তার নাম বর্ষারানি। তেজগাঁও সাতরাস্তার মোড়ের একটি ভাস্কর্য। এটি গড়েছেন ভাস্কর মৃণাল হক। লোহার তিনটি ময়ূর রয়েছে এতে। শিল্পসচেতনতা কম—এমন কিছু মানুষ এই ভাস্কর্যটিকে এখন প্রচারণার বেদি হিসেবে ব্যবহার করছে। পোস্টার, ব্যানার, সাইনবোর্ড প্রচারণার নানা উপকরণে ঠাসা ময়ূরগুলো। এতে একদিকে ময়ূরের সৌন্দর্য ঢাকা পড়েছে, আরেক দিকে ময়ূরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। —ঢাকায় থাকি প্রতিবেদককলার খোসা...ফকিরেরপুল বাজারের পাশে ফুটপাতে কলা বিক্রি করেন এক লোক। দিন কয়েক আগের ঘটনা। বিকেল বেলা দেখা গেল এক লোক কলা কিনে ওখানেই খাচ্ছেন। কলার খোসাগুলো ফেলছেন ফুটপাতে।তা দেখে এক পথচারী কলা বিক্রেতাকে বললেন, ‘এই যে ভাই, কলা বেচতাছেন তো ভালো কথা। আপনের চোখের সামনে যে কলা খাইয়া খোসাগুলো ফেলতাছে ফুটপাতে, দেখতাছেন না?’ জবাবে বিক্রেতা বললেন, ‘হেরা যদি ফালায় তয় আমি কী করতাম।’ এভাবে পথচারীর সঙ্গে কলা বিক্রেতার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পথচারী আর কথা না বাড়িয়ে চলে যান। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ কানে বেজে উঠল ধপাস এক শব্দ। পেছনে ফিরে তাকিয়ে দেখি, রাস্তায় পড়ে থাকা কলার খোসায় এক বালক পা ফসকে পড়ে গিয়ে কাঁদছে। এতে লোকজন জড়ো হয়ে কলা বিক্রেতাকে ধমকাতে লাগল। —শক্তি সাহা