একদিন হঠাৎ
টিকিটের খোঁজে...ঈদে নাড়ির টানে বাড়ি ফিরবে মানুষ। তাদের জন্য ১৭ আগস্ট থেকে বিক্রি হচ্ছে বাসের অগ্রিম টিকিট। এর পরদিন কল্যাণপুরে দাঁড়িয়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশকুরুল আলম। টিকিট না পেয়ে তিনি বলেন, ‘গতকাল চার ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকিট পাইনি। বলেছিল আজ দেওয়া হবে। কিন্তু আজ বলছে টিকিট নেই।’ টিকিট না পাওয়া গেলেও বেশ ভিড় ছিল টিকিট কাউন্টারগুলোয়।টিআর ট্রাভেলসের কাউন্টারে ভিড় ঠেলে ঢুকতে পারছিলেন না রংপুরের সুমাইয়া রহমান। কোনো রকমে কাউন্টারের একজনকে বললেন, ২৮ আগস্টের টিকিট পাওয়া যাবে কি না? কাউন্টার থেকে জানানো হলো, ‘এখানে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না।’ সুমাইয়া এরপর গেলেন নাবিল, এসআর, আগমনী এক্সপ্রেসসহ আরও কয়েকটি বাসের কাউন্টারে। কল্যাণপুর থেকে গাবতলীও গিয়েছেন, কিন্তু কোথাও টিকিট পেলেন না। এসব কাউন্টার থেকে তাঁকে জানানো হয়, ২৬ আগস্টের পরের কোনো টিকিট নেই। অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। অনেক ঘুরে-ফিরেও যখন তিনি টিকিট পাচ্ছিলেন না, তখন তাঁর চোখ দুটি ছলছল করছিল। তাঁর সঙ্গে কথা বলতে গেলে আর কথা বলতে পারলেন না। চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ল। ওড়নার আঁচলে মুখ ঢেকে ফেললেন। আজ থেকে রেলগাড়ির অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এর টিকিট পেতেও কী লড়াইয়ে নামতে হবে যাত্রীদের? টিকিট না পেয়ে কেউ কেউ কি হতাশায় পড়বেন? —তানজিল রিমননগরের বাঁশিওয়ালাপ্রচণ্ড গরম। এর মধ্যে দীর্ঘ সময় বাংলামোটর ট্রাফিক সিগন্যালে আটকে থেকে বাসযাত্রীরা বিরক্ত। হঠাৎ বাঁশির সুর কানে এল। কেউ যেন শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। বাসের জানালা থেকে বাইরে তাকিয়ে দেখা গেল, এক লোক রাজকীয় পোশাক পরে বাঁশি বাজাচ্ছেন। বাসে বসেই বাঁশি বাজানোর উদ্দেশ্য জানতে চাইলে বাঁশিওয়ালা বললেন, ‘নগরের মানুষকে বাঁশির সুর শুনিয়ে একটু আনন্দ দিচ্ছি।’—গাজী মুনছুর আজিজম্যানহোলের সন্ধানেসোবহানবাগ কলোনি জামে মসজিদের পেছনের রাস্তায় বৃষ্টিতে হাঁটুপানি জমেছে। একটি প্রাইভেট কার এই রাস্তায় এসে হঠাৎ থেমে গেল। কার কাছ থেকে যেন একটি লাঠি নিয়ে পানিতে নামলেন চালক। এরপর তিনি রাস্তায় লাঠি দিয়ে কী যেন খুঁজতে লাগলেন। অনেকেই কৌতূহলী হয়ে এই দৃশ্য দেখতে লাগলেন। একজন প্রশ্ন করলেন, ‘ভাই, কিছু খুঁজছেন নাকি? কিছু পড়ছে নাকি?’ কিন্তু চালক কোনো উত্তর দিলেন না; বরং তিনি আপন মনে খোঁজাখুঁজি করতে থাকলেন।একপর্যায়ে একজন ভদ্রমহিলা এসে চালককে বললেন, ‘ভাই, ম্যানহোলটা এই দিকে।’ তখন আর কারও বুঝতে বাকি রইল না যে চালক লাঠি দিয়ে ঢাকনাবিহীন ম্যানহোল খুঁজছিলেন। দুর্ঘটনা থেকে বাঁচতেই তাঁর এই প্রচেষ্টা।—ঢাকায়থাকি প্রতিবেদককম গেলে কম ভাড়া!ফার্মগেট পূর্ব রাজাবাজার রোটারি স্কুলের সামনে একটি রিকশা ঘিরে কয়েকজন লোক জটলা পাকিয়েছে। রিকশাচালক বলছেন, ‘উনি ফার্মগেট থেকে পূর্ব রাজাবাজার মসজিদ যাবেন। ভাড়া চুক্তি হয়েছে ১২ টাকা। এখন স্কুলের সামনে নেমে ১০ টাকা ভাড়া দিচ্ছেন।’ যাত্রী বলছেন, ‘আমি তো মসজিদ পর্যন্ত যাইনি। তাহলে কেন ১২ টাকা দেব। গন্তব্য থেকে একটু সামনে গিয়ে নামলে রিকশাচালকেরা বলে, “স্যার, পাঁচ টাকা বেশি দেন।” কিন্তু গন্তব্যের কম গেলে ভাড়া কম নেবে না কেন?’ এ কথা শুনে উপস্থিত অনেকেই হেসে উঠলেন। আবার অনেকেই যাত্রীর পক্ষ নিয়ে বললেন, ‘ঠিকই তো, বেশি গেলে বেশি ভাড়া নেবে তো কম গেলে কম ভাড়া নেবে না কেন?’ বাগিবতণ্ডার একপর্যায়ে রিকশাচালক ১০ টাকা নিতেই বাধ্য হন। —সাখাওয়াত হোসেননূর হোসেনের হাত উধাও!ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত স্বাধীনতাসংগ্রাম ভাস্কর্যের একটি হচ্ছে নূর হোসেনের। স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন। তাঁর ভাস্কর্যের ডান হাতটি ভেঙে গেছে। জগন্নাথ হলের কয়েকজন শিক্ষার্থী জানান, মাস দুয়েকের বেশি হবে ভাস্কর্যের হাত ভাঙা দেখছেন তাঁরা। এত দিন হয়ে গেল, ভাস্কর্যটির কি কোনো সংস্কার হবে না? নাকি ভাঙা হাত উঁচু করেই দাঁড়িয়ে থাকবেন নূর হোসেন?—ঢাকায়থাকি প্রতিবেদকতেলের জন্য লাইনহঠাৎ দেখলে মনে হবে, হয়তো বাসের টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছে অপেক্ষমাণ যাত্রীদল। তবে অপেক্ষারত ব্যক্তিদের হাতের বোতল বলে অন্য কথা। নগরের এলিফ্যান্ট রোডের মোড়ের কাছে ভোজ্যতেল কলের গলিতে দেখা যায় এমন লাইন। ইফতারের সময়ের বেশি বাকি নেই। দুপুর থেকেই তেলের জন্য অপেক্ষা করছে অনেকে। পুরান ঢাকা থেকে আসা শফিক আহম্মেদ বলেন, ‘ইফতারিতে মুড়ি মাখানোর জন্যই ঘানিতে ভাঙা খাঁটি আর ঝাঁজালো সরিষার তেল কিনতে এখানে এসেছি।’ তবে দীর্ঘ লাইন দেখে কিছুটা শঙ্কিত তিনি—তেল কিনে নিয়ে ঠিক সময়ে ফিরতে পারবেন তো? —শারমিন নাহারসুবিধাবঞ্চিত শিশুদের ইফতার পার্টিনগরে এখন ইফতার পার্টির সমারোহ। প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো সংগঠনের ব্যানারে ইফতার পার্টির আয়োজন থাকছে। এতে মূলত সমাজের সুবিধাপ্রাপ্ত মানুষেরাই অংশ নেন। কিন্তু এই নগরের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কি কেউ ইফতার পার্টির আয়োজন করেন? হ্যাঁ, এমন মহতী উদ্যোগও থাকে নগরে। যেমন—১৭ আগস্ট সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক ইফতার পার্টিহয়েগেল ১৪০ কারওয়ান বাজারে। ওই দিন বেসরকারি সাহায্য সংস্থা অপরাজেয় বাংলাদেশের ড্রপ ইন সেন্টারের শিশুদের জন্য ইফতারির বিশেষ আয়োজন ছিল সেখানে। এ আয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেয় আরেক মহতী প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন। উল্লেখ্য, কারওয়ান বাজারের ড্রপ ইন সেন্টারটিতে পথশিশুদের থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। —তায়েব মিল্লাত