একদিন হঠাৎ
প্রকাশ্যে বক বিক্রিপাখি বিক্রি নাকি নিষেধ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এর তোয়াক্কা করছেন না। কারওয়ান বাজার মোড়ে মাঝেমধ্যে পাখি বিক্রি হতে দেখা যায়। কয়েক দিন আগে পাতালপথের পাশে হঠাৎ ‘কক, কক’ শব্দ শুনে শব্দের উৎস বের করলাম। একটি ছেলের হাতে চারটি বক। এক হাতে পাগুলো ধরা। এগুলোর মাথা নিচের দিকে ঝুলে আছে। ঠোঁট বাড়িয়ে ঠোকর দেওয়ার চেষ্টা করছে বকগুলো। বক হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি জানায়, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে থেকে ৮০০ টাকায় বক চারটি কিনেছে সে। এগুলোর মাংস খাবে। এভাবে বকের মতো পাখিগুলো ভোজনবিলাসীদের রসনাতৃপ্তিতে মারা পড়তে থাকলে, পরিবেশের ভারসাম্য রক্ষার কী হবে?—ইমরান উজ-জামানঠায় বসে থাকা...দিনটা ১৮ সেপ্টেম্বর। ভূমিকম্প হয়েছে আধা ঘণ্টার মতো। আতঙ্কে অনেক মানুষ তখনো রাস্তায়। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডেও ভিড়। ঘর থেকে বের হওয়া মানুষগুলো ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু একটি ভবনের নিচে দেখা গেল ভিন্ন চিত্র। সবাই উঠলেও মধ্যবয়সী এক ভদ্রমহিলা ভবনের ফটকের সামনে মাটিতে বসে আছেন। তিনি কিছুতেই ঘরে ফিরতে চাচ্ছেন না। তাঁর মেয়ে তাঁকে বললেন, ‘মা, ভূমিকম্প চলে গেছে তো, ওপরে চলো।’‘আবার তো হতে পারে, দাঁড়া আরেকটু দেখি।’ আতঙ্কিত মা বললেন মেয়েকে। এবার তাঁর ছেলে বললেন, ‘মা, চলো এখন।’ তবু ওই ভদ্রমহিলা উঠছিলেন না। ছেলেমেয়ে অনেক বলেকয়ে তাঁকে নিয়ে ঘরে ফিরলেন।—আল-আমিন হকবাসের ভেতরে ছাতা!বাসের জন্য দাঁড়িয়ে আছি ফার্মগেটে, যাব মহাখালীতে। বেশ কিছুক্ষণ পর ৬ নম্বর রুটের একটি বাস এল। তখন শুরু হলো মুষলধারে বৃষ্টি। বাস থেকে যাত্রীরা নামার আগেই ওঠার জন্য ব্যস্ত সবাই। বাসের ভেতরে যাত্রীর ঠাসাঠাসি। বাসে বসার মতো কোনো আসন তো দূরের কথা, পা ফেলার মতো কোনো জায়গাও খালি নেই। এদিকে আবার বাসের ছাদের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ছে। বেশির ভাগ যাত্রীই ভিজে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা এক যাত্রী কন্ডাক্টরকে বলেন, ‘ওই মিয়া, ভাড়া নেওয়ার সময় তো ঠিকই বেশি নেও, বাসের ছাদ ঠিক করতে পারো না। দ্যাখতাছ না ভিজ্জা যাইতাছি।’কন্ডাক্টরের সাফ জবাব, ‘ভিজ্জা যাইতাছেন তাইলে নাইম্যা যান।’ এ নিয়ে যাত্রীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হলো। হঠাৎ সিটে বসে থাকা এক যাত্রী ছাতা মেলে দিলেন। বৃষ্টি বেড়ে যাওয়ায় একপর্যায়ে বাসের বেশির ভাগ যাত্রীই বাসের ভেতরে ছাতা মেলে ধরলেন মাথার ওপর।—শক্তি সাহাতাঁদের পৌষ মাস!ভূমিকম্পে কেঁপে উঠেছিল ঢাকাসহ সারা দেশ। এ সময় গ্রিন রোডের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা অনুষদের শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে ছয় তলা ভবন থেকে নেমে এলেন শিক্ষার্থীরা। সবার মুখেই তখন আতঙ্ক ও দুশ্চিন্তার ছাপ। ঠিকমতো নামতে পারলে বাঁচানো যাবে জীবন। সবার মধ্যে তখন ছিল জীবন বাঁচানোর তাগিদ। কিন্তু তাঁদের মধ্যেও কিছু মানুষ পাওয়া গেল, যাঁরা ছিলেন দুশ্চিন্তাহীন। তাঁদের বেশির ভাগ ব্যবসা অনুষদের শিক্ষার্থী। পরীক্ষার প্রশ্ন কমন না পড়ায় মন খারাপ ছিল তাঁদের। কিন্তু হঠাৎ ভূমিকম্পে বাতিল হয়ে যায় পরীক্ষা। তখন জানা গেল, আতঙ্কের মধ্যেও তাঁদের আনন্দের কারণ। পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় ভূমিকম্পের আতঙ্কেও আনন্দিত দেখাচ্ছিল এ শিক্ষার্থীদের।—জিয়াউর রহমান চৌধুরী