একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলারের আশায়...তখন সন্ধ্যা নেমেছে। গুলশান ৭৩ নম্বর সড়ক থেকে বনানী-কাকলীর দিকে যাওয়ার রিকশা পাওয়া যাচ্ছে না। একটু হেঁটে পাকিস্তান দূতাবাসের সামনে আসতেই কিছু রিকশার দেখা মিলল। ‘যাবেন কি না’, রিকশাচালকদের জিজ্ঞাসা করতেই এক কথায় উত্তর এল, ‘না’। সব রিকশাচালক একই জবাব দিলেন। শুধু বনানী নয়, তাঁরা অন্য জায়গায়ও যেতে চাইলেন না। ভাড়া বাড়িয়ে দিতে চাইলেও তাঁরা যেতে চাইলেন না। একজন রিকশাচালক বললেন, ‘আপনি আর কতই বা দিবেন? বিদেশিরা যা দিব, তার ১০ ভাগের এক ভাগও দিতে পারবেন না।’ কথাটার ঠিক মানে বুঝলাম না। তখন পাশ থেকে এক পথচারী বললেন, ‘ভাই, ওরা সব বিদেশিগো বাইর হবার অপেক্ষায় আছে। তারা ডলার দিব তো, তাই তাদের নিয়া যাইব।’ তখন জানা গেল না যাওয়ার আসল রহস্য। তাই হেঁটেই বনানীর দিকে রওনা হতে হলো।—জিয়াউর রহমান চৌধুরীএক টাকার বিজনেস!ঘটনাটা মোহাম্মদপুর টাউন হলের সামনের বিআরটিসি বাসের কাউন্টারে। টিকিট বিক্রেতা সাত টাকার টিকিট ধরিয়ে দিয়ে আট টাকা নিচ্ছেন। টিকিট বিক্রেতার দাবি, এক টাকার কোনো নোট কিংবা পয়সা তাঁর কাছে নেই। তাই যাত্রীরা এক টাকা ফেরত না নিয়েই বাসে উঠছে। কিন্তু একজন যাত্রী এক টাকা না নিয়ে যাবেন না। টিকিট বিক্রেতা তাঁকে বললেন, তাঁর কাছে এক টাকার কোনো খুচরা নেই। কিন্তু উক্ত যাত্রী নাছোড়বান্দা, তিনি বিক্রেতাকে বললেন, ‘আপনার ড্রয়ার খুুলুন। খুচরা থাকলে নেব, না থাকলে নেব না।’ কিন্তু টিকিট বিক্রেতা কিছুতেই ড্রয়ার খুলবেন না। সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক টিকিট বিক্রেতাকে বললেন, ‘উনি যখন মানছেনই না, ওনাকে ড্রয়ারটা খুলে দেখান।’ অবশেষে ড্রয়ার খুললেন তিনি। কিন্তু দেখা গেল, ড্রয়ারের একদম ভেতরের দিকে এক টাকার অনেক কয়েন। এবার উক্ত যাত্রী টিকিট বিক্রেতার দিকে তেড়ে গেলেন, ‘ওই ব্যাটা, মিথ্যা বললি কেন? যা, গাড়ির ভেতরে গিয়ে সবাইকে এক টাকা করে ফেরত দে!’ এই দৃশ্য দেখে একজন বলে উঠলেন, ‘ওইটা ওর এক টাকার বিজনেস।’—আল-আমিন হকফুটপাতের পড়ুয়াঘড়িতে তখন রাত সাড়ে ১০টা। নগরের ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালের সামনে হঠাৎ চোখ পড়ল; ফুটপাতে একটি ছেলে বসে বই পড়ছে। সড়কবাতির হলুদ আলোর নিচে নিবিষ্ট এই পাঠককে দেখে যে কেউ অবাক হবেন। কাছে গিয়ে দেখা গেল, পা থেকে চপ্পলজোড়া খুলে আয়েশি ভঙ্গিতে সে বসেছে। কারও উপস্থিতি তখনো টের পায়নি। তাকে মনোযোগ আকর্ষণ করতে বলা হলো, ‘তোমার পাশে কি বসতে পারি?’সে তখন হকচকিত হয়ে বই থেকে চোখ তুলে তাকাল। বলল, ‘অবশ্যই।’ এভাবেই শুরু হলো আলাপচারিতা। সে জানায়, তার নাম মাসুম বিল্লাহ। শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। গ্রামের বাড়ি বরিশাল। ঢাকায় থাকে চানখাঁরপুলের একটি মেসে। আজ সন্ধ্যায় ধানমন্ডি থেকে কোচিং ক্লাস শেষ করে মেসে ফিরছিল। পথে হেঁটে হেঁটে ক্লান্ত হওয়ায় একটু জিরিয়ে নেওয়ার জন্য ফুটপাতে বসে পড়ছে। সে পড়ছিল বিজ্ঞানের একটি বই। ফুটপাতে বসে বই পড়তে তার নাকি খুব ভালো লাগে!—ঢাকায় থাকি প্রতিবেদকপথের প্রতারণা!১৯ সেপ্টেম্বর রাত। দুইটার মতো বেজেছে। মানিকগঞ্জ থেকে ঢাকাগামী জান্নাত পরিবহনের একটি বাস সাভার পার হয়ে মোহাম্মদিয়া বাসস্ট্যান্ডে এসে থামল। বাসটি গাবতলী পর্যন্ত যাওয়ার কথা থাকলেও সব যাত্রী বাস থেকে নেমে গেল। বাসের চালক ও হেলপার জানান, বাসের গ্যাস শেষ হয়ে গেছে। তাই গাবতলী পর্যন্ত যেতে হলে আবার গ্যাস ভরে আনতে হবে। যাত্রীদের টাকা ফেরত না দিয়ে অপেক্ষা করতে বললেন হেলপার। বলা হলো, গ্যাস নিয়ে এসে যাত্রীদের গাবতলী নিয়ে যাওয়া হবে। এদিকে সব যাত্রী বাসটি ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগল। অপেক্ষা করতে করতে ঘণ্টা খানেক হয়ে গেল, কিন্তু বাসটির ফিরে আসার কোনো নাম নেই! আবার এত রাতে দূরপাল্লার বাস ছাড়া লোকাল কোনো বাস চলছিল না। পরে যাত্রীরা জানতে পারল, গাবতলী পর্যন্ত প্রচণ্ড যানজট থাকায় বাস ঘুরিয়ে মানিকগঞ্জের দিকে চলে গেছেন চালক। অবশেষে যাত্রীদের বুঝতে বাকি রইল না, বাসের চালক ও হেলপার তাদের সঙ্গে প্রতারণা করেছেন।যাত্রীরা বাসচালক ও হেলপারকে মনে মনে গালাগাল করে যে যার মতো ট্রাক, বাস, সিএনজি অটোরিকশা ও রিকশায় গাবতলীর দিকে রওনা দিল।—ঢাকায় থাকি প্রতিবেদকছাদে কাশফুল!শরতের এই সময়ে খোলা মাঠ আর নদীর ধার কাশফুলে ছেয়ে থাকে। এটি চিরচেনা চিত্র। যদি এই শহরে কোনো ভবনের ছাদে দেখা মেলে কাশফুলের, তাহলে বিষয়টি কেমন দেখায়! এমনই থোকা থোকা কাশফুলের দেখা মিলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের ছাদে। ছাদের চারধারে ফুটে রয়েছে কাশফুল। ছাদের ওপর জমে থাকা বালুর স্তূপে বেড়ে ওঠে গাছগুলো। আর বাতাসে দুলতে দুলতে কাশফুলগুলো যেন জানান দেয় শরতের বার্তা। কাশফুলের ছবি তুলতে গিয়ে গণিত ভবনের ছাদে ক্যামেরা তাক করতেই একদল শিক্ষার্থীর চোখ চলে যায় সেখানে। ক্যাম্পাসেও যে কাশফুল ফুটতে পারে, এমনটি তাঁদের ধারণার বাইরে ছিল। ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনিয়া জাহান কাশফুল দেখে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ক্যাম্পাসে কাশফুল ফোটার মতো জায়গা নেই। তাই বলে প্রকৃতি আমাদের নিরাশ করেনি। ছাদে ঠিকই ফুটেছে থোকা থোকা কাশফুল!’—ঢাকায় থাকি প্রতিবেদক