একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিট নেই!দিন কয়েক আগের ঘটনা। কারওয়ান বাজার থেকে বাসে মৎস্য ভবন যাচ্ছি। বাসে যাত্রীর গাদাগাদি। গায়ে নেই ‘সিটিং’ গাড়ির তকমা। তাই বাসটাকে ভেবেছি লোকাল। কন্ডাক্টর এলে বিনা বাক্যে চার টাকা দিলাম। লোকাল বাসের ভাড়া। মাস ছয়েক আগেও দিতাম দুই টাকা। এরপর বেড়ে তিন টাকা। সদ্য বর্ধিত ভাড়ার বিষয়টি মাথায় রেখে বাড়িয়ে দিলাম আরও এক টাকা, যাতে কন্ডাক্টরের সঙ্গে দর-কষাকষির চিরাচরিত দৃশ্য এড়ানো যায়। কিন্তু শেষরক্ষা হলো না এতেও। কন্ডাক্টর বললেন, ‘আট ট্যাহা দ্যান। এইডা সিটিং গাড়ি।’ নিচে পা ফেলারও জায়গা নেই। ওপরের হাতলে হাত রাখার জো নেই। হায় রে সিটিং গাড়ি! জানি, এদের সঙ্গে তর্ক করা বৃথা। চুপচাপ তাই মানিব্যাগ থেকে বের করলাম আরও চার টাকা। মনকে বুঝ দেওয়ার জন্য শুধু বললাম, ‘টিকিটটা অন্তত দেন।’‘দিতাছি’ বলে কন্ডাক্টর পেছনে গেলেন ভাড়া তুলতে। গাড়ি এদিকে শাহবাগ অতিক্রম করেছে। কন্ডাক্টরকে টিকিটের তাগাদা দিলাম। এতে কন্ডাক্টর উল্টো গরম, ‘চোখে দেখতাছেন না, ভাড়া তুলতাছি?’ কন্ডাক্টরের অকারণ চড়া মেজাজ দেখে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উচ্চ স্বরে বললাম, ‘তা টিকিটটা কি মৎস্য ভবন চলে গেলে দেবেন?’ শুরু হলো বাগিবতণ্ডা। এতে বাস যে কখন গন্তব্যে চলে এল, টেরই পাইনি। হেলপারের ‘মৎস্য ভবন, মৎস্য ভবন’ ডাকে সংবিৎ ফিরে পেলাম। নামার সময় বাসচালককে বললাম টিকিটের বিষয়টি। রহস্য উদ্ঘাটিত হলো তাঁর বক্তব্যে, ‘টিকিট তো ভাই আমাদের নেই। কন্ডাক্টর আপনারে কোত্থেকে দিব?’ শুনে আমি তো থ!—আফতাব রাগিব, কলাবাগান, ঢাকা।ব্যাংকে হট্টগোলসময় তখন সকাল ১০টা ৪০ মিনিট। বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার দোতলায় ব্যাংকের সেবাগ্রহীতাদের তিল ধারণেরও ঠাঁই নেই। তাঁদের মধ্যে বেশির ভাগই ট্রেজারি চালান করতে এসেছেন। কেউ বা এসেছেন ট্রেড লাইসেন্স ফি জমা দিতে। পুরোনো ছেঁড়া-ফাটা নোট বদলে নিতে আসা কয়েকজনের দেখাও মিলল দোতলায়। সকাল ১০টার সময় ব্যাংকিং লেনদেন শুরু হওয়ার কথা, অথচ ৪০ মিনিট পার হওয়ার পরও কোনো কর্মীর দেখা নেই কাউন্টারে। ৪০ মিনিট ধরে লাইনে ঠায় দাঁড়িয়ে আর গরমে ঘেমে সবার মাথাই বুঝি একটু গরম হয়ে উঠেছিল। দু-একজন এরই মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু করে দিলেন। তাঁদের দেখাদেখি অন্যরাও তাঁদের গলায় সুর মেলালেন। লাইন থেকে কেউ একজন বলে উঠলেন, ‘আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা নাকি? আমরা কি সরকারকে ট্যাক্স দিই না? তবে কেন ঠিকমতো সেবা পাই না?’ এভাবে ব্যাংকে হই-হট্টগোল চরমে পৌঁছালে ব্যাংকের নিরাপত্তাকর্মীরা গ্রাহকদের শান্ত করেন। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একে একে ব্যাংকের কর্মীরা কাউন্টারে এসে ওই দিনের লেনদেন শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা জানান, এ শাখায় পরিবহনসংকটের জন্য সময়মতো কর্মীরা ব্যাংকে আসতে পারেন না।—আসাদুজ্জামানপরিচ্ছন্নতা অভিযানমগবাজার মোড়ের ফুটওভারব্রিজে ঘটে ঘটনাটি। ফুটওভারব্রিজে ওঠানামায় ব্যস্ত পথচারীরা। কিন্তু দুজন লোক ওভারব্রিজের সিঁড়িতে দাঁড়িয়ে পাশের ভবনে টাঙানো একটি সাইনবোর্ড পরিষ্কার করছিলেন। একজন লোক বালতিতে পানি নিয়ে সাইনবোর্ডটি ধোয়ামোছা করছেন। একবার বালতি থেকে ভেজা ন্যাকড়া তুলে ঘষা দিচ্ছেন বোর্ডে। আবার সেটি হাতে নিংড়ে নতুন করে ভিজিয়ে আবার মোছার কাজ চালাচ্ছেন। আর অন্যজন ছুরি হাতে দেয়ালে থাকা শেওলা আর ময়লা ঘষে তোলায় ব্যস্ত। দেখা গেল, সাইনবোর্ডটি একটি কাজি অফিসের। খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির পানিতে দেয়ালে শেওলা জমেছে। আবার পথচারীরা পথ চলতে পানের রস, কফ, থুতু ফেলে নষ্ট করে সাইনবোর্ডটি। তাই এই পরিচ্ছন্নতা অভিযান।—আজহার হোসেন‘আমি পকেটমার না’মহাখালী ওয়্যারলেস গেট থেকে ফার্মগেটের দিকে যাবে ৬ নম্বর রুটের একটি বাস। এটি উড়ালসেতুর কাছে আসতেই বাসের সামনের দিকে চিল্লাহল্লা শুরু হলো। পেছনের আসনের যাত্রীরা বিষয়টি দেখার জন্য উঠে দাঁড়ালেন। চিল্লাহল্লার একপর্যায়ে বাস থামিয়ে দিলেন চালক। পাতলা লম্বা গড়নের মধ্যবয়স্ক এক লোককে টেনেহিঁচড়ে বাস থেকে নিচে নামাচ্ছিলেন একজন সুঠামদেহী যাত্রী। এই যাত্রী হাতে মানিব্যাগ নিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, ‘তুই পকেটে হাত দিলি ক্যান?’ হাতও চালাতে শুরু করলেন তিনি। তাঁর সঙ্গে আরও দু-তিনজন যাত্রী যোগ দিলেন। তাঁরা বলতে শুরু করলেন, এসব সুযোগসন্ধানী পকেটমার বাসের ভিড়ের মধ্যে যাত্রীদের সব নিয়ে যায়।মধ্যবয়স্ক লোকটি এতগুলো মানুষের তেড়ে আসা দেখে ভয়ে কুঁকড়ে গেলেন। হাত জোড় করে বলতে লাগলেন, ‘ভাই, আমি গরিব হতে পারি, পকেটমার না। যাত্রীর ভিড়ের মধ্যে হাত সরাতে গিয়ে আপনার পকেটে লেগেছে।’ তার অনুনয়-বিনয় দেখে এক যুবক এগিয়ে এসে বিষয়টি ক্ষুব্ধ যাত্রীদের বোঝালেন যে তাঁরা হয়তো ভুল বুঝেছেন। যুবকের মধ্যস্থতায় লোকটি রক্ষা পেলেন। আবার অন্য যাত্রীরাও তাঁকে নিঃসংকোচে আবার বাসে উঠতে বললেন।—মনিরুজ্জামানশ্রদ্ধার বিড়ম্বনা!তখন দুপুর পেরিয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবদুর রশিদ এসেছিলেন একটি কাজে। সড়কে অনেক যানজট পেরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আজও তাঁর কাজটির কোনো অগ্রগতি হয়নি, যে কারণে অনেকটা মন খারাপ করেই মন্ত্রণালয়ের ফটক দিয়ে বের হচ্ছিলেন। আনমনে ফটক থেকে বের হতে গেটে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়সী লোকের পায়ে পা লেগে যায় তাঁর। তার পরও রশিদ এগিয়েই যাচ্ছিলেন। এবার মধ্যবয়সী সেই লোকটি পেছন থেকে ‘এই যে, দাঁড়ান’ বলে রশিদকে থামতে বলেন। রশিদ থামলে কাছে এসে লোকটি তাঁকে বলেন, ‘আমার পায়ে আপনার পা লাগল আর আপনি সালাম না করেই চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনারে সালাম করতে হবে না, আমিই সালাম করতেছি।’ বলেই তাঁর পায়ে হাত দিয়ে সালাম করলেন। রশিদ পড়ে গেলেন দ্বিধায়, কী করবেন বা কী বলবেন, তা ভেবে পাচ্ছিলেন না। এবার লোকটি বললেন, ‘শুধু পায়ে হাত দিয়ে সালাম করলেই তো হবে না। ভাই হিসেবে আপনার বুকের সঙ্গে আমার বুক মেলাতে হবে।’ এ কথা বলেই দ্বিধা নিয়ে দাঁড়িয়ে থাকা রশিদের সঙ্গে কোলাকুলিও করলেন। কিন্তু একি! রশিদকে তো তিনি আর ছাড়ছেন না। তিনি ভয় পেলেন। কোনো রকম লোকটির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মৎস্য ভবনের দিকে দৌড় দিলেন রশিদ। লোকটিও হাঁটতে হাঁটতে চলে গেলেন তাঁর বিপরীত দিকে।—ঢাকায় থাকি প্রতিবেদক