একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মিনিটে রং ফরসা এবং...হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমানবন্দর সড়কের ফুটওভারব্রিজটি পথচারীদের ভিড়ে মুখর থাকে। এখানে দেখা গেল, এক লোক হ্যান্ডমাইকে এক মিনিটে রং ফরসাকারী ক্রিমের গুণকীর্তন করে পথিকদের টানার চেষ্টা করছেন। আর তাঁর তিন সহযোগী উৎসাহী পথিকদের গালে বিনা পয়সায় ক্রিম লাগিয়ে দিচ্ছেন। এক মিনিটেই বিনা পয়সায় মুখের রং ফরসা করার জন্য অনেকেই সেখানে ভিড় জমাচ্ছে। তাদের কাছে যেতেই আবুল কালাম নামের একজন কর্মী জানান, একটি হারবাল কোম্পানির রং ফরসাকারী ক্রিমের বিজ্ঞাপনের কাজ করছেন তাঁরা। রাজু নামের এক কিশোরের গালে ক্রিম লাগানো শেষে বললেন, ‘মাগনা দিছে বলে গালে ক্রিম লাগাইছি।’ তবে আগে এই ক্রিম মেখে দাগ দূর করেছিলেন, এমন এক ব্যক্তি জানালেন, এই ক্রিম দিয়ে ত্বক সুন্দর করার নামে আসলে ত্বকের বিভিন্ন দাগ ক্রিমটি দিয়ে ঘষে ঘষে ওঠানো হয়। প্রথমে ভালো লাগলেও পরে প্রচণ্ড রকম জ্বালাপোড়া করে। কারণ, ত্বক ক্ষয় করে দাগ ওঠানো হয়। যখন জ্বালাপোড়ার অভিযোগ নিয়ে তাদের কাছে যাওয়া, হয় বেশিরভাগ ক্ষেত্রে তার আগেই পথ থেকে চলে যান ক্রিম বিক্রয়কর্মীরা। তাই ক্ষতিকর এই ক্রিম বিনা মূল্যে ত্বকে লাগানো উচিত নয়। — আসাদুজ্জামানবন্ধ হোক প্রচারণাধুমপানে বিষপান— খোদ সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে এমন কথা। এছাড়া ধুমপানবিরোধী প্রচার-প্রচারণায় সচেষ্ট সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান। সরকার ধুমপানের বিজ্ঞাপনও বলায় বন্ধ রেখেছে। তাই বিড়ি-সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে। দিন কয়েক আগে দেখা গেল ধানমন্ডিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সামনে প্রচারণা চালাচ্ছে তিন যুবক। তাদের পরনে একই রকম পোশাক। এক যুবক একজন পথচারীকে বলছিলেন, ‘স্যার, আমাদের এই সিগারেটে নিকোটিনের মাত্রা একদম কম, দ্যাখেন ফিল্টারটাও অন্য সিগারেটের চেয়ে বড়।’ এভাবে সিগারেটের প্রচারণা চালাতে দেখে একজন ভদ্রলোক সেখানে আসেন। তিনি তিন যুবককে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের পড়াশোনা কী?’ তারা জানালেন, তিনজনই বিবিএ পাস করছে। এবার ভদ্রলোক বললেন, ‘আঙ্কেলরা কি সবাই বিবিএ পাস করেছেন অন্যদের সিগারেট খাওয়া সেখানোর জন্য?’ কথা শুনে তিন যুবক তিনজন একটু বিব্রত হলেন। ভদ্রলোক তাদের সেখান থেকে যেতে বললে তারা আর কিছু না বলে চলে যান। যুবকদের এভাবে ধুমপানের প্রচারণার কাজে নিয়োজিত করেছে যারা, তাদের সন্তানদের কী এই কাজে নিয়োজিত করবেন তারা? এমন প্রচারণা বন্ধে প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে না কেন? —আল-আমিন হকঅফিসপাড়ার বানর...‘তোরে বারবার কইতাছি বানরটাকে চ্যাতাইস না। ওর মাথা বিগড়াইয়া গ্যাছে। এখন পিছ লাগলি বিপদ আছে। ওর এখন নেশা উঠছে। বিপদ হওয়ার আগে চামে চামে কাইটা পড়।’ তিন-চারজন লোক কারওয়ান বাজার বিএসইসি ভবনের পেছনের খালি জায়গা দিয়ে হাঁটছিল। এর মধ্যে একজন বলছিলেন এসব কথা। তাঁদের পাশে ছিল একটি বানর। এটির কথাই বলছিলেন লোকটি।কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ার, বিএসইসি ভবনের পেছনের রাস্তাটি চষে বেড়ায় বানরটি। এখানকার সব অফিসের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তার সখ্য। কোনো অফিসের বড় কর্তার চেয়ার একটু খালি পেলেই সেখানে বসে গা এলিয়ে দেওয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। অফিসপাড়া হওয়ায় এবং আদরের অনেক লোক থাকায় বানরটির রুচিতেও এসেছে বিরাট পরিবর্তন। সকালের খাবারে দামি ফলফলারি আর রুটি না হলে ওর মন খুব খারাপই থাকে। তাই অফিসে আসার সময় বানরটির জন্য অনেকেই ভালো কিছু নিয়ে আসেন; যা অনেক সময় বানরটি খেয়েও ফুরাতে পারে না। এরই মধ্যে যাঁরা একটু রসিক ধরনের কর্মকর্তা-কর্মচারী ও গাড়িচালক আছেন, তাঁরা ভালো খাবারের অভ্যাস তো করে দিয়েছেনই, সেই সঙ্গে বানরটিকে ধরিয়ে দিয়েছেন সিগারেটের নেশা। অবোধ এই প্রাণীকে ধূমপানে আসক্ত করার বিষয়টি ভালো চোখে দেখছেন না অনেকে। —এম এ মান্নানপরিচয়পত্রের অপব্যবহারনগরের অনেক প্রধান সড়কেই রিকশা চলাচল নিষেধ। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কেও রয়েছে এই নিষেধাজ্ঞা। অথচ এই সড়ক দিয়েই রিকশা করে দুই ভদ্রলোক যাচ্ছিলেন। নিয়ম হচ্ছে, প্রেসক্লাবের উল্টো দিকে শিল্পকলা একাডেমীতে যাওয়া সড়কের মুখ থেকে প্রেসক্লাবের পাশের সড়কে রিকশা ঢুকবে না। কিন্তু ওই দুই যাত্রী রিকশাওয়ালাকে আইন ভেঙে জোর করে প্রধান সড়ক দিয়ে যেতে বলছিলেন। বেচারা রিকশাচালক প্রধান সড়ক দিয়ে যেতে আমতা আমতা করছিলেন। নাছোড়বান্দা দুই যাত্রী রিকশাচালককে হুমকি-ধমকি দিচ্ছিলেন। এমন সময়ে দায়িত্বরত পুলিশ সদস্য তাঁদের রিকশার কাছে এসে প্রধান সড়ক দিয়ে যেতে নিষেধ করলেন। কিন্তু যাত্রীরা তাঁর সঙ্গেও বাক-বিতণ্ডায় মাতলেন। তাঁরা ওই পুলিশ সদস্যকে তাঁদের চাকরিরত প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেন। আর বললেন, ‘আমাদের যেতে দিতে হবে।’ পুলিশ সদস্য তাঁদের উদ্দেশে বললেন, ‘একটা পরিচয়পত্র দেখালেই সবকিছু মিলে যায়? আইন মানবেন না। আইন তো আপনাদেরই ভালো করে মানা উচিত।’ তবু দুই যাত্রী তাঁদের সিদ্ধান্তে অনড়। অবশেষে তাঁরা নিষেধ অমান্য করেই রিকশা নিয়ে গেলেন। বাক-বিতণ্ডা দেখে ভিড় করা লোকজন রিকশাচালক ও পুলিশ সদস্যের পক্ষে ছিলেন। ক্ষমতার অপব্যবহারকারী দুই ব্যক্তির সমালোচনা করলেন সবাই।—মনিরুজ্জামান