একদিন হঠাৎ
‘আমি ভিক্ষা নেই না’দুপুরের ব্যস্ত নগর। সেগুনবাগিচার মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ মোড়ের দিকে আসা যানবাহনগুলোকে থামতে হচ্ছে লাল সংকেতে। ফলে শিশুপার্কের দিকে যানবাহনের দীর্ঘ সারি পড়ে যাচ্ছে। থেমে থাকা বাসগুলোয় উঠে এটা-সেটা বিক্রি করছেন হকাররা। এক শিশু হকার উঠল ফার্মগেটগামী একটি বাসে। উঠেই একটা হাত বের করে দেখাল যাত্রীদের। তাতে চারটি আঙুল নেই। যাত্রীদের দৃষ্টি সেদিকে পড়তেই শিশুটি জোরে বলতে থাকল, ‘দেখেন ভাই, আমার হাতে চারটি আঙুল নাই। তাই আমার কাছ থেইকা টেস্টি হজমি কিন্না নেন।’ এক যাত্রী দুই টাকা ধরিয়ে দিতেই ছেলেটি তাঁকে দুটি টেস্টি হজমি দিল। যাত্রী তা ফিরিয়ে দিয়ে বললেন, ‘আমার টেস্টি হজমি লাগবে না, তুমি টাকাটা রেখে দাও।’ এ কথা শুনে খেপে গেল শিশুটি। সে সজোরে বলল, ‘আমি ভিক্ষা নেই না।’ দ্রুত সেই যাত্রীকে টাকাটা ফিরিয়ে দিয়ে বাস থেকে নেমে গেল সে। প্রায় সব যাত্রী তার আচরণে অনেকটা স্তম্ভিত। তবে সংবিৎ ফিরে পেয়ে শিশুটিকে সবাই সাধুবাদই দিলেন। কারণ, এ শহরে অনেক সুস্থ-সবল লোকও ভিক্ষা করে খেতে চায়। অথচ সে কাজ করেই জীবিকা নির্বাহ করতে চায়।—তায়েব মিল্লাতহারিয়ে গেছে বাঘ!বাঘ হারিয়ে গেছে। সুন্দরবন থেকে নয়, বাঘ চলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগো থেকে। মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের খেলা দেখতে ২২ নভেম্বর গিয়েছিলাম মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ফেরার সময় স্টেডিয়ামের একটি দেয়ালের দিকে তাকিয়ে হঠাৎ দেখি, বিসিবির লোগো থেকে বাঘের ছবি উধাও। খুবই মর্মাহত হলাম। লোগোর সামনে দাঁড়িয়ে অনেক দর্শক বলাবলি করছিল, ‘তবে কি এখন আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে বাঘের বাচ্চা বলে ডাকতে পারব না?’—জুবায়ের কবিরসফল অভিযান!বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ফুটপাত ও রাস্তা দখল করে সিডি-ডিভিডি নিয়ে বসেন কয়েকজন হকার। দিন কয়েক আগের ঘটনা। এক ভদ্রলোক সেই দোকানগুলোয় থাকা সিডি-ডিভিডি দেখছিলেন। তিনি হঠাৎ পকেট থেকে মুঠোফোন বের করে কাকে যেন ফোন করলেন। এর মিনিট খানেকের মধ্যেই এসে দাঁড়াল র্যাবের একটি গাড়ি। গাড়ি থেকে র্যাবের কয়েকজন সদস্য নেমে এলেন। তাঁরা এক সিডি-ডিভিডি বিক্রেতার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। তারপর সব দোকানেই চলল তল্লাশি। এগুলো থেকে বেরিয়ে এল অনেক পর্নো সিডি ও ডিভিডি। শেষে বিক্রেতা ও তাঁর সিডি-ডিভিডি তুলে আনা হলো র্যাবের গাড়িতে। ততক্ষণে ভিড় জমেছে বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে। এক অভিভাবক জানালেন, এই পর্নো সিডি-ডিভিডির কারণে যাওয়া-আসার সময় তাঁদের আপত্তিকর পরিস্থিতিতে পড়তে হতো। আবার হকাররা মেয়েদের উত্ত্যক্ত করারও চেষ্টা করত। তাই র্যাবের অভিযান চালানোয় ভালো হয়েছে। এ ধরনের দোকান যাতে আর কোনো দিন বসতে না পারে, প্রশাসনের সেই ব্যবস্থা নেওয়া উচিত।—ঢাকায় থাকি প্রতিবেদক‘মায়া-দয়া নাই’তখন দুপুরবেলা। মতিঝিল থেকে ফার্মগেট যাব বলে বাসের জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ এক বয়স্ক লোক রাস্তার মধ্যে পড়ে গেলেন। তাঁর সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে, অথচ তাঁকে কেউ ধরছে না। তড়িঘড়ি করে তাঁকে একাই ধরে রাস্তার একটু ফাঁকা স্থানে বসালাম। একটু পরই দেখি, লোকটি তাকাচ্ছেন। জিজ্ঞেস করলাম, ‘চাচা, আপনি কোথায় যাবেন? আপনার সঙ্গে কেউ নেই?’ উত্তরে তিনি বললেন, ‘বাবা, আমি আইছি বগুড়ার তন, গেছিলাম ব্যাংকে। ওইহান তন আমার এক হাজার ট্যাকা আরাইয়া গেছে। আমি অহন বাইত যামু কেমনে?’ লোকটির কথা শুনে খুব মায়া হলো। পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো ঘটনা দেখছে, কিন্তু তাঁকে কেউ সহায়তা করছে না। একটু পরই রাস্তার অপর পাশ থেকে এক লোক এসে আমাকে বললেন, ‘ভাই, হ্যাগোর কোনো মায়া-দয়া নাই, হ্যারা মানুষ না।’ এরপর ভিড় করা লোকজন সরে পড়তে লাগল।—শক্তি সাহাভারসাম্য খেলাবস্তিবাসী শিশুরা নানা দিক দিয়েই বঞ্চনার শিকার। অভিজাত এলাকার শিশুরা বড় বড় বিনোদনকেন্দ্রের বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করে। তাই বলে সুবিধাবঞ্চিত শিশুরা কি বিনোদিত হওয়ার মতো কিছুই পাবে না? তারা নিজেরাই নিজেদের বিনোদনের ব্যবস্থা করে নেয় প্রতিনিয়ত। কয়েক দিন আগে গেন্ডারিয়ার ঘুণ্টিঘরের রেলবস্তিতে এমনি একটা দৃশ্য চোখে পড়ল। রেললাইনের ওপর আড়াআড়িভাবে একটা কাঠ রেখে কাঠের এক পাশে একটা ছেলে এবং অন্য পাশে একটা মেয়ে দাঁড়িয়ে ভারসাম্য রাখার খেলা খেলছিল। কাঠে দাঁড়ানো ছেলেটির পাশ যখন নিচের দিকে যায়, মেয়েটির পাশ তখন ওপরের দিকে ওঠে। আবার মেয়েটির পাশ যখন নিচের দিকে যায়, তখন ছেলেটার পাশ ওপরের দিকে ওঠে। ভালোই চলছিল তাদের খেলা। কিন্তু ট্রেন আসার সিগন্যাল পড়তেই তাদের খেলা পণ্ড হলো।—ইমরান উজ-জামান