একদিন হঠাৎ
অর্ধেক বাসভাড়ার দাবিতে ইডেনের ছাত্রীরা সোচ্চারনীলক্ষেত থেকে আজিমপুর মোড়ের দিকে স্বাভাবিক গতিতেই গাড়িগুলো যাচ্ছিল। হঠাৎ করে গাড়ির গতি থেমে যায়। কারণ, বাসের গতি রোধ করে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য সড়কে নেমে এসেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। ১৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে ইডেন কলেজের সামনের সড়কের দৃশ্য এটি। অনেক দিন থেকেই ইডেন কলেজের শিক্ষার্থীদের দাবি, বাসে তাঁদের জন্য অর্ধেক ভাড়া নেওয়া হোক। কিন্তু অর্ধেক ভাড়া তো নেওয়াই হয় না, উপরন্তু তাঁদের সঙ্গে বাসের কর্মীরা খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বাসের কর্মীরা তাঁদের সঙ্গে যেন খারাপ ব্যবহার না করেন, সে দাবিও করেন তাঁরা। ‘ঢাকা কলেজের একজন ছাত্র বাসে উঠলে তাঁদের কাছ থেকে ঠিকই অর্ধেক ভাড়া রাখেন, অথচ আমরা দুই টাকা কম দিতেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’ বলছিলেন ইডেন কলেজের শিক্ষার্থী নাজিয়া শিউলি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, ‘ছেলেরা বাসে অর্ধেক ভাড়া দিলে তাদের কিছুই বলে না, অথচ আমরা সে কথা মুখেই আনতে পারি না। ছেলেদের মতো আমরা বাসের কাচ ভাঙলে আমাদের কাছ থেকেও অর্ধেক ভাড়া নিত।’ শিক্ষার্থীদের সুবিধার্থে অনেক দেশেই গণপরিবহনে অর্ধেক ভাড়ার প্রচলন থাকলেও বাংলাদেশে তেমন কোনো সুযোগ নেই। তাই আমাদের দেশেও এ ব্যবস্থা করা হোক বলে মনে করেন অনেকেই। অধ্যক্ষ মাহফুজা চৌধুরী বলেন, ‘শুধু অর্ধেক ভাড়া নয়, বাসের কর্মীরা যেন মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করে, আমরা সে বিষয়ে নিশ্চয়তা চাই।’ এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিহঙ্গ বাসের এক কর্মকর্তা বলেন, ‘সরকার থেকে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার ব্যবস্থা করলে আমরাও অবশ্যই অর্ধেক ভাড়া নেব, কিন্তু তার আগে অর্ধেক ভাড়া নেওয়া সম্ভব নয়।’ বাসকর্মীদের খারাপ ব্যবহার তাদের বিকৃত মনমানসিকতার পরিচয়। পরিবহন মালিক শ্রমিক সমিতি থেকে কর্মীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার বলেও মনে করেন এই কর্মকর্তা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (প্রকৌশল বিভাগ) ও আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য সাইফুল হক বলেন, ‘শিক্ষার্থীদের কোনো পক্ষ থেকে আমাদের কাছে কোনো দাবিদাওয়া আসেনি। যদি আসে, তবে আমরা অর্ধেক ভাড়ার বিষয়টি ভেবে দেখব।’—আল-আমিন হকবিব্রত...তখন সকাল ১০টা। অফিসগামীদের যানবাহনের ভিড়ে নগরের রাজপথ প্রকম্পিত। জিপিও সিগন্যালে সবুজ বাতির অপেক্ষায় গাড়ির বহর বাড়তে বাড়তে গুলিস্তানের বঙ্গবন্ধুর মনুমেন্ট পর্যন্ত ঠেকেছে। এখানকার ফুটপাতেও লেগেছে যানজট। এরই মধ্যে ফুটপাতের হকাররা তাদের নিত্যদিনের পসরা সাজাতে ব্যস্ত। বড় বড় লোহার ট্রাঙ্ক থেকে হরেক রকম মালামাল ফুটপাতে রাখা চৌকির ওপর সাজিয়ে রাখছিল তারা। মালামাল নামানো শেষে ট্রাঙ্কগুলো ফুটপাত লাগোয়া সড়কে লাইন দিয়ে রাখা হয়েছে। বায়তুল মোকাররম মসজিদের উল্টো পাশের ফুটপাত দিয়ে হাঁটছিলেন এক যুবক। পরিপাটি সাজে দশাসই চেহারার যুবকটি হোটেল ইম্পেরিয়ালের সামনে আসতেই ফুটপাতের জটলা আরও বাড়ে। তাড়াতাড়ি জায়গাটুকু পার হওয়ার জন্য তিনি তখন ফুটপাত ছেড়ে সড়কে পা বাড়ান। এদিকে সড়কে থাকা যানবাহনে তখনো কোনো গতি সঞ্চারিত হয়নি। ওদিকে ফুটপাত ঘেঁষে রাখা আছে ট্রাঙ্ক। তাই তাঁকে বেশ কসরত করে হাঁটতে হয়। তিনি কয়েক পা যেতেই হঠাৎ ফট করে শব্দ হতেই সড়কে থাকা যানবাহনের আরোহীরা শব্দের উৎসের দিকে ফিরে তাকায়। সবার চোখ তখন যুবকটির হাঁটুর দিকে। পুরোনো ট্রাঙ্কের কোনায় খোঁচা লেগে প্যান্টের অনেকটা ছিঁড়ে গেছে তাঁর। তিনি তখন লজ্জায় প্যান্টের ছেঁড়া অংশটুকু চেপে ধরে হোটেলের পাশের গলির দিকে পা বাড়ান।—ঢাকায় থাকি প্রতিবেদক‘তোর বিয়া অইব ভাই’‘দাঁড়া, দাঁড়া ভাই।’ শহরের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই। তার পরও এমন ডাকে যুবকটি ফিরে তাকালেন। সঙ্গে সঙ্গেই খপ করে হাত চেপে ধরে মুখের দিকে তাকিয়ে একটুখানি দেখে নিলেন এক বেদেনি। ‘তোর রাজকপাল, ভালো চাকরি, একখান ভালো বউ পাবি।’ এ কথা শুনে যুবক খুশি হন। তাড়াতাড়ি পকেট থেকে ১০ টাকার একটা নোট বের করে দিয়ে দিলেন যুবক। আর যায় কোথায়, এতক্ষণে বোঝা হয়ে গেছে এই যুবকের সমস্যা। একটা মন্ত্র লেখা কাগজ সামনে ধরে বেদেনি বলেন, ‘আমি তোরেই খুঁজতেছিলাম। এখানে ফুঁ দে, তারপর ২৫০ টাকা রাখ, আমি তোরে রাজকন্যা আনি দিমু। এই কবচ সঙ্গে রাখলি তুই যারে চাইবি, তারেই পাইবি।’ যুবক চারদিকে তাকিয়ে দেখেন, একটা জটলা হয়ে গেছে রাস্তায়, সবাই হাসছে। একটু লজ্জা পেয়ে গেলেন যুবকটি। আবার ২৫০ টাকা বলে কথা, এবার একটু শক্ত হয়ে যান যুবকটি। আরও একবার শেষ চেষ্টা করে ১০ টাকা পেয়েই ক্ষান্ত দেন বেদেনি। তিনি চলে যেতেই কাছে গিয়ে কথা হয় যুবকের সঙ্গে। তিনি বিজয়নগরের এ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনজন মহিলা এসে ধরেন তাঁকে। যাঁরা রাস্তায় চলাচল করেন, তাঁদের জন্য এটা অতিপরিচিত দৃশ্য। ঢাকার রাস্তায় এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে। একসময় বেদেরা ঘুরে ঘুরে সাপের খেলা দেখাতেন, আর বিভিন্ন রোগের ওষুধ দিতেন। এখন আর কেউ সাপের খেলা দেখে না। জীবিকা নির্বাহে তাই তাঁরা এখন এ পথ বেছে নিয়েছেন বলে জানান বেদেনি রেশমি বেগম।—ঢাকায় থাকি প্রতিবেদককামানের ওপর ঘুম!ওসমানী উদ্যানের প্রধান ফটক গলে ভেতরে গেলেই চোখে পড়বে ব্রিটিশ আমলের একটি কামান। কালো এই কামানের মুখটা লাল রং করা। দিন কয়েক আগে দেখা গেল এই কামানের ওপর ঘুমিয়ে আছে একটা ছেলে। কামানের দুই পাশের দুটি আংটার ফোকরে তার হাত ঢোকানো। তার কানের কাছে মাছি ভনভন করছে। এতে তার ঘুমের ব্যাঘাত ঘটছে বলে মনে হচ্ছে না। উদ্যানের অন্য পাশ ঘুরে এসে দেখা গেল ছেলেটির ঘুম ভেঙেছে। কথা হয় তার সঙ্গে। নাম তার বুদু।—মোহাম্মদ ইমরান