একদিন হঠাৎ
ফেরা হয় না!আবদুল কাদেরের বয়স সত্তরের কোঠায়। বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানায়। নিজের জমি নেই। সরকারি জায়গায় ঘর তুলে থাকেন। তাঁর চার ছেলে আর চার মেয়ে। সবার বিয়ে হয়ে গেছে। এখন যে যার মতো থাকে। আবদুল কাদের আর তাঁর স্ত্রীর দিন চলে যায় কোনো রকমে। ছোট মেয়ের বিয়ের সময় যৌতুক দেওয়ার কথা ছিল ১৬ হাজার টাকা। সাত হাজার টাকা বিয়ের সময় দেওয়া হয়েছে। কথা ছিল বাকি টাকা এক মাসের মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে ছয় মাস গত হয়েছে কিন্তু পাওনা সেই যৌতুকের টাকা আর দেওয়া হয়নি। শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে কথা শোনায়, জামাই মারধর করে। আবদুল কাদেরের নিজেরই তো চলে না। যৌতুকের বাকি টাকা কোত্থেকে পরিশোধ করবেন! ছেলেদের বলেছিলেন, তারা টাকা দিতে রাজি হয়নি।শেষে তাঁর পরিচিত এক লোকের বুদ্ধিতে গত রমজানে তিনি ঢাকায় এসেছেন। থাকেন পুরান ঢাকার সুরিটোলা স্কুলের বারান্দায়। খাওয়াদাওয়া মসজিদে করেন। আমার সঙ্গে আবদুল কাদেরের দেখা রায়সাহেব বাজার মোড়ে। গত রমজান মাসে ইফতারের একটু আগে রায়সাহেব বাজার বড় মসজিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু মাথা ঘুরে পড়ে যান মাটিতে। আশপাশের লোকজন তাঁকে ধরে বসান। একটু সুস্থ হয়ে তিনি বলেন, ‘বাবারে, খুব আশা নিয়া ঢাকা শহরে আইছিলাম। ভাবছিলাম মাইয়াডার যৌতুকের ট্যাকা এইবারই পরিশোধ কইরা দিমু। কিন্তু খুব কঠিন কাজ। রোজা রাইখা পাও চলে না। আমি হাঁটতে পারি না। সারা দিন ঘুইরা ট্যাকা পাই ৯০-৮০ ট্যাকা। এই ভাবে যৌতুকের ট্যাকা তোলা সম্ভব না, কী করমু আমি?’ ১৫ ডিসেম্বর মালিটোলার কাছে আবার আবদুল কাদেরের সঙ্গে দেখা হয়। শীতে কাহিল, তবু দোকানে দোকানে হাত পেতে চলেছেন আর বলছেন, ‘আল্লারওয়াস্তে কিছু দিবেন?’ যৌতুকের টাকা জোগাড় হয়নি, তাই তাঁর বাড়িও যাওয়া হয়নি! এবার তাঁর কণ্ঠে আরও হতাশা, ‘আমি কি আর কোনো দিন বাড়ি যাইতে পারুম না?’—ফারুখ আহমেদনা জানলে ভাড়া বেশিফার্মগেট থেকে গাবতলী যাওয়ার জন্য আট নম্বর রুটের বাসে উঠেছেন চারজন বয়স্ক লোক। কথা শুনে বোঝা যাচ্ছে, ঢাকায় তাঁরা নতুন এসেছেন। ঢাকায় নতুন আসা লোকদের এমনিতেই থাকে নানাভাবে ঠকার আশঙ্কা। তাতে আবার একটু বয়স্ক! তাই হয়তো এই সুযোগটা নিতে চাইল বাস কন্ডাক্টর। চারজনের ভাড়ার জন্য ১০০ টাকার একটি নোট কন্ডাক্টরকে দিলে কন্ডাক্টর ৬০ টাকা রেখে ৪০ টাকা ফেরত দেয়। অথচ ওই দূরত্বের ভাড়া ১০ টাকা করে চারজনের ৪০ টাকা। ‘বাবা, ভাড়া কত নিলা?’ এমন নরম প্রশ্নে কন্ডাক্টরের উত্তর কিন্তু তত নরম ছিল না। বরং সে একটু রূঢ় কণ্ঠে ওই বয়স্ক লোকটিকে বলল, ‘ক্যান, জানেন না, ১৫ টাকা করে ৬০ টাকা।’ ‘জানে না জন্যই তো ৬০ টাকা নিয়ে নিলা।’ একজন যুবকের এই কথায় যোগ দেয় আরও কিছু যাত্রী। ইতিমধ্যে ২০ টাকা বেশি নেওয়ার গল্পটা জেনে যায় অনেকেই। এবার কন্ডাক্টরকে টাকা ফেরত দিতে বলা হলো। একজন তো কন্ডাক্টরকে মারার জন্য উদ্যত হলো, ‘এমনিতে ছয় টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছ, তাতে আবার ভাড়া জানে না বলে পাঁচ টাকা বেশি নিচ্ছ? দাও, বাকি টাকা ফেরত দাও।’ এবার আমতা আমতা করে একটি ২০ টাকার নোট ফেরত দিল কন্ডাক্টর।—আল-আমিন হকপরার্থের ফুল!‘এক্সকিউজ মি, একটা ফুল নিবেন?’ যুবকের এমন কথায় তাঁর দিকে তাকিয়ে প্রথমে সবাই একটু ভ্রু কুঞ্চিত করছিলেন। ‘প্লিজ, নেন একটা ফুল।’ যুবকের সঙ্গে থাকা আরেক তরুণীর এমন কথায় প্রশ্নবোধক চিহ্ন জেগে ওঠে সবার মনে। এই তরুণ-তরুণীর দল ফুল বিক্রি করছে কেন? তবে বিষয়টি বুঝিয়ে বলছিলেন একজন। এই ফুলগুলো পথশিশুদের আর এই দলটি তাদের হয়ে ফুল বিক্রি করে দিচ্ছে। এমন দৃশ্যের দেখা মিলেছিল কয়েক দিন আগে নগরের সোহ্রাওয়ার্দী উদ্যানে। দলটির একজন সদস্য জানান, তাঁদের একটি ‘পরার্থ’ নামের সংগঠন আছে, তাঁরা সবাই পরার্থের সদস্য। তাঁরা মূলত পথশিশুদের নিয়ে কাজ করেন। তাঁরা পথশিশুদের আঁকাআঁকি শেখান। সেই সঙ্গে দেন সাধারণ শিক্ষাও। এই সংগঠনের এক সদস্য রিয়াল জান্নাত জানান, তাঁরা এই শীতে পথশিশুদের জন্য শীতবস্ত্র সংগ্রহ করছেন। শীত নিবারণের জন্যা পুরোনো কিংবা নতুন কাপড় তাঁদের দেওয়ার জন্য আহ্বান জানান রিয়াল। আর তাঁর সঙ্গে যোগাযোগ করে আপনিও আপনার পুরোনো কাপড় দিয়ে দিতে পারেন পথশিশুদের জন্য।—ঢাকায় থাকি প্রতিবেদকশখ থেকে পেশাযা কিছু অচল, তা কি কেউ কেনে? হ্যাঁ, কেনে। তাও আবার চড়া দাম দিয়ে। কী সেটা? অচল পয়সা। শখ মেটাতে মানুষ কত কিছুই না করে। এদের মধ্যে একদল পয়সা সংগ্রহ করে। অচল-সচল, দেশি-বিদেশি সব ধরনের পয়সাই শখের পয়সা সংগ্রহকারীদের সংগ্রহশালায় সংরক্ষিত হয়। এঁদের কেউ কেউ আবার শখ থেকে পেশায় নেমে পড়েন। এমনই একজনের দেখা মিলল মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনের ফুটপাতে। কাঠের চৌকির ওপর নানা দেশের পয়সার পসরা সাজিয়ে বসে থাকেন তিনি। নাম তাঁর আফজাল। তাঁর কাছে জানা যায়, ছোটবেলা থেকে তিনি পয়সা সংগ্রহ করতেন। তার পর যখন শখের বায়না ফুরাল, তখন জীবনের চাকা ঘোরাতে পয়সা কেনাবেচার পেশায় নেমে পড়েছেন।—ঢাকায় থাকি প্রতিবেদক