একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিআইপি হওয়ার সুবিধা!‘ভিআইপি রোড’ নামে খ্যাত ঢাকা শহরের বেশ কিছু রাস্তায় রিকশা চলাচলে আছে নিষেধাজ্ঞা। ট্রাফিক পুলিশ সদা তত্পর এই নিয়ম রক্ষার জন্য। এ ধরনের একটি রাস্তা নিউমার্কেটসংলগ্ন মিরপুর রোড। রিকশা চলাচলের জন্য এই রাস্তার পাশ দিয়ে রয়েছে আরেকটি সমান্তরাল লেন। তবে কখনো কখনো রিকশাচালক ও আরোহীর অতি উত্সাহের ফলে লেন ছেড়ে ভিআইপি সড়কে উঠে আসে রিকশা। আর সে জন্য কখনো কখনো লঘু পাপে গুরু দণ্ডও পেতে হয় রিকশাওয়ালাকে। আরোহীর চাপে লেন ছেড়ে মূল সড়কে চলে এসেছিল এক রিকশাচালক। সঙ্গে সঙ্গে রিকশাওয়ালার কপালে জোটে ট্রাফিক পুলিশের ডান্ডার বাড়ি। অগত্যা রিকশা পিছিয়ে লেনে ফিরে আসতে হয় তাকে। এর কিছুক্ষণ পর আরেক রিকশাওয়ালা লেন ছেড়ে উঠে পড়ে ভিআইপি সড়কে। এবার কিন্তু ট্রাফিক পুলিশ নতমস্তকে রিকশা আরোহীকে সালাম ঠুকে পথ ছেড়ে দেয়। ঘটনাস্থলের উপস্থিত পথচারীদের অনেকেই নিজেকে প্রবোধ দেন এই বলে, রিকশা-আরোহী যথার্থই ভিআইপি, তা না হলে কি তাকে বহন করা রিকশার ভিআইপি সড়কে চলা সাজে ! —নিরা শারমিনশুটিং করতে এসেঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে প্রায়ই শুটিং ইউনিটের লোকজনের দেখা পাওয়া যায়। ক্যামেরা, ট্রলি আর কলাকুশলীদের সঙ্গে নিয়ে নির্মাতারা বেশ চুপিসারে আসেন। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রক্টরের অনুমতি ছাড়া শুটিং করতে এসে অনেকেই ফিরে গেছেন। পরিচিতজনের কাছ থেকে এই অভিজ্ঞতার কথা বোধহয় অনেক নির্মাতারই জানা থাকার কথা। তার প্রমাণ পাওয়া গেল কয়েক দিন আগে। বাংলা সিনেমার এই দুর্দশার যুগে এক অতিসাহসী নির্মাতা রাজু ভাস্কর্যের সামনে এসেছিলেন অস্ত্র ছাড় নামের একটি ছবির শুটিং করতে। ছবির নায়ক যখন আর ২০-২৫ জন সঙ্গে নিয়ে হাত উঁচিয়ে ‘অস্ত্র ছাড়ো/কলম ধরো’ গানের লিপসিং করছিলেন, ঠিক তখনই বাধল বিপত্তি। তাঁদের গানের আওয়াজ শুনে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র এসে জানতে চাইলেন, এখানে শুটিং করার অনুমতি আছে কি না। জবাবে শুটিং ইউনিটের এক লোক বললেন, ‘না, আমরা আসলে মুক্তিযুদ্ধের ওপরে একটা ডকুমেন্টারি বানাচ্ছি, তাই অনুমতি নেওয়া হয়নি।’ তখন আরেক ছাত্র তাকে পাল্টা জিজ্ঞেস করলেন, ‘ডকুমেন্টারি বানাবেন ভালো কথা, তো রাস্তায় যানজট লাগিয়ে এ রকম ভরদুপুরে অনুমতি ছাড়া শুটিং করছেন কেন?’ শুটিং ইউনিটের লোকজন এবার চুপ হয়ে গেলেন। অবস্থা সুবিধার না দেখে তাঁরা তাড়াতাড়ি ক্যামেরা, ট্রলি গুটিয়ে নিয়ে চম্পট দিলেন।১০ টাকায় শীতবস্ত্রজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত দিকে বাংলাদেশ সমবায় ব্যাংকের এক টুকরো খালি জায়গায় বসেছে হরেক পদের সস্তা আর ব্যবহূত শীতবস্ত্রের দোকান। ঢেউটিনের বেষ্টনী পেরিয়ে ভেতরে যেতেই দেখা গেল, বিদেশি জ্যাকেট, হাতমোজা, সোয়েটার, কার্ডিগান, মাফলার, কানটুপিসহ বিভিন্ন ধরনের অগুনতি শীতবস্ত্র বিছানো চাদরের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে। শীতবস্ত্রের গাট্টি-বোঁচকার ওপরই বসে আছেন বিক্রেতারা। তাঁদের গলায় আবার সম্মিলিত কোরাস, ‘যেইটা লন ১০ টাকা, বাইচ্ছা লন ১০ টাকা, দেইখ্যা লন ১০ টাকা।’ ১০ টাকার শীতবস্ত্রের পাশাপাশি অপেক্ষাকৃত ভালো মানের শীতবস্ত্র বেচাবিক্রি হচ্ছে ২০ টাকায়। এখানকার ক্রেতা নিম্নবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। সোয়েটার বাছতে বাছতে রাজমিস্ত্রি বাশার মিয়া বললেন, ‘শীত তো ধনী-গরিব মানে না। তাই গরিবের শীত নিবারণে আছে এরা।’ তাঁর হাতের ইশারা শীতবস্ত্র বিক্রেতা জাভেদের প্রতি। জাভেদ বলেন, ‘দেশের মাল এই বাজারে কম। বিদেশের গাঁইটের মাল সস্তা লট হিসেবে কিনন লাগে। তারপর এগুলোই কেউ রাস্তায় বইয়্যা, আবার কেউ হাতে লইয়্যা ঘুইরা ঘুইরা বেচাবিক্রি করি।’ শীতকে বুড়ো আঙুল দেখাতে গরিবের একমাত্র ভরসা তো পথের ধারের শীতবস্ত্রই। —আজহার হোসেনচুরি চুরি, সিনা জুরিকারওয়ান বাজার থেকে ফার্মগেট যাওয়ার পথে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। অথচ রাত হলেই নগরের অন্যান্য ভিআইপি সড়কের মতো এই পথেও নিয়ম ভঙ্গ করে রিকশা চালান চালকেরা। কিন্তু এই রিকশা চালককে দেখুন? এমনিতেই এ রাস্তায় রিকশা চালিয়ে একটা অন্যায় করেছেন। এর ওপর রাস্তা পার হলেন বিপজ্জনকভাবে।উঁচু সড়ক-বিভাজন পার হয়ে ‘শর্টকাট’-এ কারওয়ান বাজারে আসার জন্য রিকশাচালক উঁচিয়ে ধরলেন রিকশার মাথা, তিনজন যাত্রী উঁচু করেন রিকশার পেছনের চাকা। এরপর সড়ক বিভাজন পার হয়ে দ্রুতগামী যানের মধ্য দিয়ে এঁকেবেঁকে রাস্তা পার হলেন। এই নগরের যান চালকেরা, তা ইঞ্জিনবিহীন রিকশার চালকই হোন, আইন ভাঙতে সবাই যে ওস্তাদ, তা আবারও প্রমাণ হলো।পকেট-মোবাইল সাবধান!লোকাল বাসে যাঁরা চলাফেরা করেন, তাঁদের অনেকের নিশ্চয়ই পকেটমারের কাছে বোকা সাজার অভিজ্ঞতা আছে। বাসের দরজার সামনে ভিড় করে থাকা পকেটমারের দল প্রতিদিনই দুই আঙুলের কারসাজিতে যাত্রীদের অর্থকড়ি বা মোবাইল ফোনসেট বাগিয়ে নেয়। মাঝেমধ্যে ধরা পড়লে যে উত্তম-মধ্যম জোটে, তাতেও তাদের শিক্ষা হয় না। বাসচালকেরাও বিব্রত এই পকেটমারদের নিয়ে। যাত্রীদের পকেট বাঁচানোর সাবধানবাণী মাঝেমধ্যে বাসের ভেতরে লেখা থাকে। তাতেও যাত্রীদের পকেট বাঁচছে না। তাই বুঝি, এবার বাসের বাইরেই বড় বড় হরফে লেখা সতর্কবাণী, ‘পকেট-মোবাইল সাবধান।’ এই সতর্কবাণীটি এখন শোভা পাচ্ছে ২২ নম্বর বাসের দরজার সামনে। —অর্ক আসিফ