একনজরে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে একজন কৃষ্ণাঙ্গ হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। তাঁর বাবা বারাক হুসেইন ওবামা সিনিয়র ছিলেন কেনিয়ার নাগরিক। দেশের প্রথিতযশা এই অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেন। সেখানেই ওবামার মা অ্যান ডানহামের সঙ্গে তাঁর পরিচয়, প্রেম ও বিয়ে।হাওয়াইয়ে ১৯৬১ সালে বারাক ওবামার জন্ম। তাঁর জন্মের পর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। শিশু ওবামাকে নিয়ে মা ইন্দোনেশিয়ায় চলে আসেন। পরে অবশ্য ওবামা নিউইয়র্কে পড়াশোনা শেষ করেন। এর পর ওবামা ইলিনয় অঙ্গরাজ্যে একটি দাতব্য সংস্থায় পেশাগত জীবন শুরু করেন।আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে ওবামা শিকাগো নগরে চলে যান। শিকাগোয় তিনি সামাজিক অধিকার-বিষয়ক একজন আইনজীবী হিসেবে আইন ব্যবসা শুরু করেন। ১৯৯৭ সালে তিনি ইলিনয় অঙ্গরাজ্য সিনেটের সদস্য নির্বাচিত হন।২০০৪ সালে মার্কিন সিনেটের সদস্য নির্বাচিত হন। উনিশ শতকের পর বারাক ওবামাই ছিলেন তৃতীয় আফ্রিকান-আমেরিকান, যিনি যুক্তরাষ্ট্র সিনেটের সদস্য নির্বাচিত হয়েছিলেন।এর কিছুদিন পর তিনি ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ইরাক যুদ্ধের বিরুদ্ধে তাঁর বক্তব্য তুলে ধরেন। বক্তব্যে যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কড়া সমালোচনা করে দ্রুত ইরাক যুদ্ধের সমাপ্তি ও ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। অনেকে বলে থাকেন, ডেমোক্রেটিক পার্টির ওই সম্মেলনটিই বারাক ওবামার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এর মাধ্যমে তিনি সবার দৃষ্টি কাড়তে সক্ষম হন, যা ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেতে সহায়ক ভূমিকা রাখে।তবে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য খুব সহজেই ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাননি বারাক ওবামা। এ জন্য তাঁকে দীর্ঘ লড়াই করতে হয় নিউইয়র্কের সিনেটর ও যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনের সঙ্গে। শেষ পর্যন্ত মনোনয়ন পাওয়ার জন্য ভোটের লড়াইয়ে জিতে তিনি ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হন। নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি দলীয় মনোনয়নের ক্ষেত্রে তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।