একনেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।এ অনুমোদনের ফলে পাবনার ঈশ্বরদীতে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (২ ইউনিট) নির্মাণের পথ সুগম হলো। এর ফলে প্রকল্পের সাইট অফিস ও আবাসিক অবকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় নকশা প্রণয়ন সম্পন্ন হবে।আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। খবর বাসসের।বাসস জানায়, রূপপুর প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ২৪২ কোটি টাকা। এর মধ্যে ঋণ হিসেবে চার হাজার কোটি টাকা দেবে রাশিয়া। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে আর্থিক ও নির্মাণবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হবে। প্রকল্পে পরমাণু প্রযুক্তির জন্য মানবসম্পদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈঠকে নয় হাজার ৪৯৮ কোটি টাকা ব্যয় সংবলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে তিন হাজার ৩৪ কোটি টাকা জাতীয় রাজস্ব থেকে আসবে। বাকি ছয় হাজার ৪৬৪ টাকা প্রকল্প সহায়তা হিসেবে আসবে। একনেক বৈঠকে শাহজীবাজার ৩০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল পাওয়ার প্লান্টও অনুমোদিত হয়। এতে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৮৪৪ কোটি টাকা। এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে হবিগঞ্জের শাহজীবাজারে দুই বছরের মধ্যে একটি বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা। চীনভিত্তিক একটি রপ্তানি ঋণ সংস্থা এ প্রকল্পের জন্য এক হাজার ৯৪৬ কোটি টাকা দেবে। কমিটি দেশে মাদ্রাসা শিক্ষার উন্নয়নেও একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পের নাম হচ্ছে, ‘বাংলাদেশে বাছাইকৃত মাদ্রাসায় জ্ঞান অর্জনের পরিবেশ সম্প্রসারণ।’ এ প্রকল্পের আওতায় ৯৫টি বাছাই করা মাদ্রাসায় নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে।বৈঠকে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।