একনেকে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মঙ্গলবার প্রায় তিন হাজার ১৩৬ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নের মধ্যে জিওবি এক হাজার ৪১৪ কোটি, জেডিসিএফের ৪০ কোটি ও প্রকল্প সাহায্য এক হাজার ৬৮২ কোটি টাকা রয়েছে।প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—স্থানীয় সরকার বিভাগের ‘পল¬্লী উন্নয়ন প্রকল্প; অবকাঠামো উন্নয়ন: ২৬ (বৃহত্তর ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, কুমিল্ল¬া, সিলেট, চট্টগ্রাম এবং নোয়াখালী জেলা) শীর্ষক প্রকল্প (৩য় সংশোধিত); শিক্ষা মন্ত্রণালয়ের ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প’; তথ্য মন্ত্রণালয়ের ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম: ৩য় পর্যায়, সংশোধিত প্রকল্প’; স্থানীয় সরকার বিভাগের ‘রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’; সড়ক ও রেলপথ বিভাগের ‘বিভাগীয় সদর রংপুরের সওজের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’; সড়ক ও রেলপথ বিভাগের ‘বাংলাদেশ রেলওয়ের লাকসাম-চাঁদপুর সেকশনের পুনর্বাসন প্রকল্প’; সড়ক ও রেলপথ বিভাগের ‘মাগুরা-মোহাম্মদপুর-কালিশঙ্করপুর-নোহাটা-লোহাগড়া সড়ক উন্নয়ন (মাগুরা অংশ) প্রকল্প’; স্থানীয় সরকার বিভাগের ‘পলিউশান কন্ট্রোল মেজারস অব গুলশান-বারিধারা লেক বাই ডাইভার্টিং দ্যা ড্রেনেজ আউটলেটস প্রকল্প।’অর্থমন্ত্রী ও একনেকের বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান, মোদাচ্ছের আলী ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সভায় উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পরিকল্পনাসচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বাসস