একনেকের সভায় ২৮৪০ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদিত
জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভা আজ মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন একনেকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দুই হাজার ৮৪০ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে ৪৩৮ কোটি টাকা রয়েছে প্রকল্প সাহায্যের জন্য। বৈঠক শেষে, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এই তথ্য দেন।অনুমোদিত প্রকল্পগুলো হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের বুড়িগঙ্গা পুনরুদ্ধার প্রকল্প (নতুন ধলেশ্বরী-পুংলি-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম), একই মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা (সংশোধিত) প্রকল্প, ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট প্রকল্প, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের স্ট্রেংদেনিং দ্য রিসার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন ক্যাপাবিলিটিজ অব দ্য জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ প্রকল্প, সড়ক ও রেলপথ বিভাগের মিরপুর-বিমানবন্দর সড়কে ফ্লাইওভার এবং বনানী রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প।বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী, শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এবং বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা।