একনেকের সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের রুল
উন্নয়নকাজে দেশের প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সিদ্ধান্ত কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনাসচিবসহ পাঁচজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। জানা যায়, ১০ মার্চ একনেকের বৈঠকে উন্নয়নকাজের জন্য প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল হক ৮ আগস্ট রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় উন্নয়নের বিষয়টি তদারকি করবেন স্থানীয় প্রতিনিধিরা। কিন্তু ওই সিদ্ধান্তে এর ব্যত্যয় ঘটেছে।শুনানি শেষে আদালত রুল জারি করে স্থগিতাদেশ দেন। রিট আবেদনকারীর কৌঁসুলি এম ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, একনেকের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। উন্নয়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দের যে সিদ্ধান্ত হয়েছিল তা আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।