একপর্যায়ে আমরা হতাশ হয়ে পড়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁপের পর রাবার। এবার উন্মোচন করলেন সোনালি আঁশখ্যাত পাটের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্সিং)। বিশ্বের যে ১৭টি উদ্ভিদের জীবনরহস্য উন্মোচিত হয়েছে, তার তিনটিই এসেছে বাংলাদেশের এই বিজ্ঞানীর হাত ধরে। এতগুলো বড় সাফল্যের নেতৃত্ব দিলেও আগে কখনো কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি বিজ্ঞানী মাকসুদুল আলম। গত মঙ্গলবার প্রথম আলোর পক্ষে তাঁর মুখোমুখি হন ইফতেখার মাহমুদ।প্রশ্ন: পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণার শুরুটা কীভাবে হয়?উত্তর: পাট শুধু একটি উদ্ভিদ নয়। এটি আমাদের ইতিহাস-ঐতিহ্য। তাই পাটের জিনক্রম নকশা উন্মোচনের পেছনে আমার শুরু থেকেই আগ্রহ ছিল। মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইনসে কাজ করার সময় আমার মনে হয়েছে পাটের জিন নকশাও উন্মোচন করা প্রয়োজন। ২০০৮ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটারস ড. ইসলাম, প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান ও ডেটা সফটের মাহবুব জামানের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা তাৎক্ষণিকভাবে উৎসাহ নিয়ে সাড়া দেন। আমরা সবাই মিলে কীভাবে এ কাজটি করা যায়, তা নিয়ে পরিকল্পনা করি। প্রকল্প প্রস্তাবনা তৈরি করে দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে ধরনা দিলাম। শুরুতে অনেকে আশ্বাস দিলেও কাজ শুরু হওয়ার পর কাউকে পাওয়া গেল না। ২০০৮ সালের জুনে আমরা নিজেরাই তহবিল সংগ্রহের জন্য নেমে পড়লাম। পুরো কাজটি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী, ডেটা সফটের কর্মীদের নিয়ে স্বপ্নযাত্রা নামে একটি উদ্যোগ নিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা, জেবা সিরাজসহ জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী, অস্ট্রেলিয়া প্রবাসী মো. আজাদসহ ৭০ জনের একটি দল গঠন করলাম।প্রশ্ন: কাজটা কীভাবে এগিয়ে নিলেন?উত্তর: কাজ শুরু হওয়ার পর তহবিল সংগ্রহ করা যাচ্ছিল না। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পাটের জিনোম-বিষয়ক গবেষণাকর্ম ও তথ্য জোগাড় করা শুরু করলাম। প্রচুর তথ্য চলে আসার পর এবার এগুলো ব্যাখ্যা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন দেখা দিল। মাহবুব জামান তখন অর্থের জন্য দ্বারে দ্বারে ধরনা দিলেন। শুরুতে অনেকে অর্থ দেওয়ার আশ্বাস দিলেও কাজ শুরুর পর তাদের সমর্থন পাওয়া গেল না।প্রশ্ন: তখন কী করলেন? কারও কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পেয়ে আমরা হতাশ হয়ে পড়লাম। ভাবলাম, কাজটা যেহেতু শুরু করেছি বন্ধ তো করা যাবে না। বেশ কয়েকটি দেশ আরও বড় ধরনের উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক সমর্থনে পাট নিয়ে গবেষণা করছে। আমরা কাজ বন্ধ করলে তারা তো থেমে থাকবে না। হতাশায় আমাদের স্বপ্নযাত্রার অনেককেই ধরে রাখা যাচ্ছিল না। একপর্যায়ে ভাবলাম তহবিল চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেব।২০০৯ সালের নভেম্বরে আমি যখন মালয়েশিয়ায়, তখন শুনলাম প্রথম আলোতে আমাদের গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রথম আলোর ওই প্রতিবেদন আমাদের নতুনভাবে কাজ শুরু করতে সহযোগিতা করেছিল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আমাকে মালয়েশিয়ায় ফোন করলেন। বললেন, ‘প্রথম আলো পত্রিকায় আপনার কাজের ওপর লেখাটি পড়লাম। আপনি দেশে আসেন। যত ধরনের সহযোগিতা লাগবে আমরা দেব।’মতিয়া চৌধুরীর আশ্বাস পেয়ে দেশে এলাম। তাঁর সঙ্গে দেখা হলো। তিনি আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে গেলেন। প্রধানমন্ত্রী আমাকে সময় দিলেন। আমি তাঁকে পুরো বিষয়টি সংক্ষেপে জানালাম। তিনি বললেন, ‘আপনি কাজটা করেন। আমরা আপনাদের সঙ্গে আছি।’ প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর আশ্বাস পেয়ে মনোবল ফিরে পেলাম। আবারও পূর্ণোদ্যমে কাজ শুরু করলাম। এটা আমাদের জন্য একটি বড় ব্যাপার ছিল। প্রশ্ন: নতুন করে কীভাবে শুরু করলেন?উত্তর: কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে গবেষণাটি করতে ১০ কোটি টাকা দেওয়া হলো। আমাদের স্বপ্নযাত্রার সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। জিন বিজ্ঞানী, তথ্যপ্রযুক্তিবিদ আর সরকারি প্রতিষ্ঠানের গবেষকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নতুন উদ্যোমে কাজ শুরু করলাম। ডেটা সফটের সহযোগিতায় অনেকগুলো কম্পিউটার একত্রিত করে সুপার কম্পিউটার তৈরি করা হলো। সার্ভার ভাড়া নেওয়া হলো।আমাদের প্রকল্পের সঙ্গে যেসব তরুণ বিজ্ঞানী যুক্ত ছিলেন, তাঁদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা দিনরাত কাজ করেছেন। অন্য দেশে এ ধরনের গবেষণার জন্য প্রশিক্ষণ নিয়ে আসতে হয়। আমাদের তরুণ বিজ্ঞানীরা কাজ করতে করতে প্রশিক্ষিত হয়েছেন। বিদ্যুৎ থাকত না। তাঁদের ভালো বেতনও দিতে পারিনি। তার পরও তাঁরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ করে গেছেন। প্রশ্ন: সামনের দিনে কী কী কাজ করতে হবে? উত্তর: সামনের দিনের কাজও অনেক কঠিন। এ জন্য সবাইকে একত্রে রেখে কাজ করে যেতে হবে। ভালো জাত উদ্ভাবন করে তা কৃষকের হাতে পৌঁছে দিতে সরকারের উদ্যোগ প্রয়োজন হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ জৈবপ্রযুক্তিবিদ ও তথ্যপ্রযুক্তিবিদদের সহযোগিতা লাগবে। আমাদের জন্য সামনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই জিন নকশার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া। এ জন্য একটি বিশ্বমানের জার্নালে এটি প্রকাশের ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক মেধাস্বত্ব নিবন্ধন সংস্থার কাছে নিবন্ধন করতে হবে।প্রশ্ন: পাট খাত এই গবেষণা থেকে কীভাবে উপকৃত হতে পারে? উত্তর: আমাদের পাটের ২০ থেকে ৩০ শতাংশ পোকার আক্রমণে নষ্ট হয়। পাটের আঁশ পচানো বা জাগ দেওয়া একটা বড় সমস্যা। আমরা পাটের এমন জাত উদ্ভাবন করতে চাই, যা পোকার আক্রমণ প্রতিরোধক। দ্রুত পচবে। পাটের তন্তু দিয়ে ইথানল তৈরি করে জৈব-জ্বালানিও তৈরি করা সম্ভব। পাটের পাতা দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি করা সম্ভব। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে তা আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার সম্ভাবনাকেও আমরা কাজে লাগাতে পারি। আমাদের এই উদ্ভাবন দেশের পাট খাতের চেহারাই পাল্টে দিতে পারে। এটি একটি দরজা খোলার পর আরেকটি দরজা খোলার মতো উদ্ভাবনী বিষয়। ভারত জৈবপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পেশাদার গবেষক ও প্রতিষ্ঠান তৈরি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। আমাদেরও সেই সুযোগ রয়েছে।