একমাত্র চিকিৎসক ছুটিতে, চিকিৎসা করছেন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানায় সব মিলিয়ে প্রাণীর সংখ্যা দুই হাজার ৮২টি। চিকিৎসক (ভেটেরিনারি সার্জন) মাত্র একজন। তিনিও আছেন দীর্ঘ মেয়াদের ছুটিতে। ঠেকাকাজ চালিয়ে নিচ্ছেন একজন পশুবিষয়ক বৈজ্ঞানিক কর্মকর্তা।শুধু চিকিৎসক নন, কর্মকর্তা-কর্মচারীর সংকটও রয়েছে। এ ছাড়া চিড়িয়াখানা হাসপাতালে চিকিৎসাযন্ত্র আর ওষুধের অভাবও প্রকট। এতে প্রাণীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রাণী মারাও যায়।ঢাকা চিড়িয়াখানা তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, এর আয়তন ১৮৬ দশমিক ৬৩ একর। এখন ১৩৭টি খাঁচার ২৩৭টি প্রকোষ্ঠে দুই হাজার ৮২টি প্রাণী আছে। এর মধ্যে ১০ প্রজাতির ৪৮টি মাংসাশী, ১২ প্রজাতির ১৫৯টি বড় তৃণভোজী, ৩৩টি প্রজাতির ২৩৯টি ছোট স্তন্যপায়ী ও সরীসৃপ, এক হাজার ২১৭টি পাখি এবং অ্যাকোয়ারিয়ামে আছে ২৬ প্রজাতির ৪১৯টি মাছ।জানা গেছে, প্রায় তিন বছর ধরে চিড়িয়াখানার একমাত্র ভেটেরিনারি সার্জন জাকিরুল ফরিদ সব ধরনের প্রাণীর চিকিৎসা করছেন। তবে গত ২০ মে থেকে তিনি ছয় মাসের ছুটিতে গেছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২১ মে থেকে প্রাণী বৈজ্ঞানিক কর্মকর্তা শফিক উল আজম প্রাণীদের চিকিৎসার কাজও করছেন।২১২টি পদের ৪০টি শূন্য: জানা গেছে, চিড়িয়াখানায় কর্মকর্তা-কর্মচারীর ২১২টি পদের মধ্যে ৪০টি বর্তমানে শূন্য। ১১ জন কর্মকর্তার মধ্যে চারটি পদ খালি। এর মধ্যে দুজন বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তা রয়েছেন। তৃতীয় শ্রেণীর ২৮টি পদের মধ্যে সাতটি খালি।প্রাণীদের পরিচর্যাকারী ১৭০টি পদের মধ্যে ৩৩টি শূন্য। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, পরিচর্যাকারীর সংকটে প্রাণীদের যত্ন নেওয়া যাচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক চিড়িয়াখানার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাংসাশী, বড় প্রাণী, ক্ষুদ্র প্রাণী ও পাখি—এই চার শাখায় অন্তত চারজন চিকিৎসক এবং তাঁদের তত্ত্বাবধানের জন্য একজন ঊর্ধ্বতন চিকিৎসক থাকা উচিত। পশুসম্পদ অধিদপ্তরে লিভ রিজার্ভে (অতিরিক্ত কর্মকর্তা) পশুচিকিৎসকেরাও থাকেন। তাঁদের মধ্য থেকে চিড়িয়াখানায় নিয়োগ দিলে চিকিৎসক-সংকট দূর হতে পারে।অনেক প্রাণীই অসুস্থ: চিড়িয়াখানার অনেক প্রাণী অসুস্থ। এর মধ্যে আছে বিভিন্ন প্রজাতির বাঘ, সিংহ, জিরাফ, কুমির, ঘড়িয়াল, গ্রেটার কুদু, নীলগাই ও গন্ডার।জানা গেছে, গন্ডারটি এক বছরেরও বেশি সময় ধরে পায়োমেট্রা রোগে আক্রান্ত। শান্তি ও ভাস্কর নামে দুটি সিংহ বয়সের ভারে ন্যুব্জ। দাঁত ক্ষয়ে যাওয়ায় ঠিকমতো খেতে পারে না। প্রাণী দুটো চোখেও ভালো দেখে না। একটি নীলগাইয়ের পা ফুলে গেছে। দাঁড়াতে পারছে না। গ্রেটার কুদু আর্থ্রাইটিসে ভুগছে। অনেক প্রাণীর অবস্থাই এমন করুণ।রোগনির্ণয় যন্ত্র নেই: দূর থেকে প্রাণিদেহের তাপমাত্রা মাপার লেজার থার্মোমিটার, ডিজিটাল এক্স-রে, আলট্রাসনোগ্রাফি যন্ত্র, স্কুইজ বাক্সসহ (প্রাণীকে ছোট খাঁচায় আটকে রেখে পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র) প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতিই চিড়িয়াখানা হাসপাতালে নেই।বৈজ্ঞানিক কর্মকর্তা সফিক উল আজম প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় যন্ত্র না থাকায় চিকিৎসার জন্য আমরা চেতনানাশক ইনজেকশন দিয়ে প্রাণীকে অচেতন করি। বিশ্বের কোথাও এখন এই পদ্ধতিতে চিকিৎসা হয় না। গন্ডারের দ্রুত সার্জারি করা প্রয়োজন। কিন্তু স্কুইজ বাক্স না থাকায় করা যাচ্ছে না। ধীরে ধীরে প্রাণীটি মৃত্যুর দিকে যাচ্ছে।’নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই: চিড়িয়াখানার হাসপাতালে শুধু প্রাণীর মল পরীক্ষা করা হয়। রক্ত, পুঁজ, সেলুলোজিক্যাল, হিস্টোপ্যাথলজিক্যাল নমুনা পরীক্ষা করাতে হয় ফুলবাড়িয়ার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন (সিডিআই) পরীক্ষাগারে। সেখানে চাপ অনেক বেশি। পরীক্ষার ফলাফল হাতে আসতে লম্বা সময় লেগে যায়। তত দিনে অসুস্থ প্রাণীদের অবস্থা জটিল হয়ে ওঠে।ওষুধের মজুদ কম: হাসপাতালে ওষুধের মজুদও পর্যাপ্ত থাকে না। হঠাৎ কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়লে প্রয়োজনীয় ওষুধের অভাবে অনেক সময় চিকিৎসা থেমে থাকে। সূত্র জানায়, ক্রিমিনাশক ওষুধ ছাড়া হাসপাতালে অন্য কোনো ওষুধ নেই। অথচ চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ লেগেই থাকে।ভারপ্রাপ্ত কিউরেটর এ বি এম শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘একমাত্র চিকিৎসক ছুটিতে থাকায় প্রাণীদের উপযুক্ত চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না। অন্যান্য পদেও লোকবল কম রয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে সঠিকভাবে রোগনির্ণয় করা যায় না। প্রাণীর চিকিৎসার জন্য মাত্র ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকায় এত প্রাণীর চিকিৎসা দেওয়া কঠিন। বাজেট কম থাকায় জরুরি চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ কিনেও মজুদ রাখা যাচ্ছে না।’এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘একমাত্র চিকিৎসকের ছয় মাসের ছুটির বিষয়টি আমার জানা নেই। যদি তা-ই হয়, তাহলে ওই চিকিৎসকের ছুটি বাতিল করা হবে। চিড়িয়াখানার আধুনিকায়নের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাস হলে উন্নত পরীক্ষাগার স্থাপন করা যাবে।’ তিনি বলেন, ‘মালয়েশিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান চিড়িয়াখানার ভেতরে বিনোদন পার্ক করার জন্য ১২০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর সম্ভাব্যতাও খতিয়ে দেখা হচ্ছে।’