একমাত্র নারী ইকো গাইড
জন্ম থেকেই কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে (পল্লি) বসবাস করছেন রোজী। ছোটবেলা থেকেই দেখেছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে অনেক দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা। এসব পর্যটকের সঙ্গে মাঝে মাঝে দু-একজন গাইড থাকেন। আবার কখনো কোনো গাইড ছাড়াই পর্যটকেরা লাউয়াছড়ার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য ঘুরে দেখে। তবে তারা ভালোভাবে লাউয়াছড়া ঘুরে দেখতে পারত না বলে খাসিয়া পুঞ্জির খাসিয়া পরিবারের সদস্যদের সহযোগিতা চাইত। সে সময় থেকেই কিশোরী রোজীর মনে বাসা বাঁধে এসব পর্যটকের গাইড হওয়ার স্বপ্ন।বছর চার-পাঁচ আগের কথা। ইউএসএআইডির অর্থায়নে নিসর্গ সহায়তা প্রকল্পের অধীনে কমলগঞ্জের পশ্চিম ভানুগাছ রিজার্ভ ফরেস্ট ১২৫০ হেক্টর জমি নিয়ে গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে তা আইপ্যাক সহায়তা প্রকল্প নামে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের অধীনে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি দেশি-বিদেশি পর্যটকদের সেবাদানে ১১ জনকে নিয়ে একটি গাইড দল গঠন করে প্রশিক্ষণ দেয়। সুযোগটি কাজে লাগান রোজী। তিনিও প্রশিক্ষণ নেন। বর্তমানে লাউয়াছড়া জাতীয় উদ্যানের একমাত্র মহিলা গাইড রোজী।পর্যটন সংস্থা ইয়োর বাংলা ট্যুরের সঙ্গে কাজ করছেন রোজী। এই কোম্পানির যেসব পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসবে, সবার গাইড এবং লোকাল রিপ্রেজেন্ট হিসেবে কাজ করেন রোজী। এ ছাড়া প্রতিদিন লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসা পর্যটকেরা তো আছেই। মাসে আয় কত হয়—এই প্রশ্নের উত্তরে তিনি জানান যে ১০-১৫ হাজারের কম হয় না, সিজনে তো আরও বেশি।রোজী বলেন, ‘ইকো গাইড ট্রেনিংয়ের কথা শুনেই মনের মধ্যে সুপ্ত স্বপ্নটা আবার বিকশিত হলো। সাহস করে নামটা দিয়ে দিলাম ট্রেনিংয়ের জন্য। নিসর্গ সহায়তা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ শেষ করলাম। সংকোচ আর লজ্জা কাটিয়ে উঠে যোগ দিলাম ট্যুরিজম কোম্পানি ‘ইয়োর বাংলা ট্যুর’-এ। এ ছাড়া প্রতিদিন লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসা পর্যটকদের গাইড হিসেবেও কাজ করি।’কিছুদিন আগে আইপ্যাক প্রকল্পের মাধ্যমে আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে একটি সভায় উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। সেখানেও সবার পক্ষ থেকে নিজেদের অবস্থান ও সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে ইকো গাইডের দক্ষতা। আইপ্যাক প্রকল্পের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন নতুন ইকো গাইডদের। রোজীর বাবা পুঞ্জির এক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আর বাবা-মায়ের সংসারে রোজি এক সন্তানসহ বসবাস করছিলেন। বাবা হাতিম আলীর আন্তরিক অনুপ্রেরণা আর সহযোগিতায় তিনি এই পথে আসতে পেরেছেন বলে জানান রোজী। এখন তাঁর ছেলে শ্রীমঙ্গল বোর্ডিংয়ে (হোস্টেল) থেকে লেখাপড়া করে। পরিচয় দেয় ইকো গাইড রোজীর ছেলে হিসেবে। আর্থিক সচ্ছলতা ছাপিয়ে ছেলের ভবিষ্যতের চিন্তায় কাজ করছেন এই মা।