একমাত্র প্রত্যক্ষদর্শী মেয়েকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের সাদেকুর রহমান ও রোমানা নার্গিস দম্পতি খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী তাঁদের মেয়ে সুমাইয়া ইয়াসমীন প্রাণনাশের আশঙ্কায় সম্প্রতি বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হাইকোর্ট পুলিশের গুলশান অঞ্চলকে নিহত দম্পতির দুই মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়ার সাত দিনের মাথায় ঘটনাটি ঘটল। পরিবারের দাবি, সুমাইয়া জোড়া খুনের ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হওয়ায় খুনিচক্র মরিয়া হয়ে উঠেছে। তারা এখন ফোনে সুমাইয়া ও তাঁর ছোট বোন নিলুফারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কে বা কারা হুমকি দিচ্ছে, সে সম্পর্কে তাঁরা নিশ্চিত নন। হুমকিদাতারা কোনো একটি নির্দিষ্ট নম্বর থেকে ফোন করছে না এবং হুমকি শেষে ফোন বন্ধ করে দিচ্ছে। তবে তাঁরা নিশ্চিত, হত্যাকাণ্ডের ঘটনার মূল আসামি রুবেলের ঘনিষ্ঠ জনেরাই তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।গত ২৪ মার্চ রুবেল গুলশানের কালাচাঁদপুরে নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে সুমাইয়ার উপস্থিতিতে ঘরে ঢুকে গুলি করে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগপত্রভুক্ত আসামি রুবেল ও মিথুন চন্দ্র চন্দ কারাগারে আটক থাকলেও অপর দুই আসামি জামিনে মুক্ত। তাঁরা হলেন রুবেলের মামা মোহাম্মদ আলতাফ হোসেন এবং ভগ্নিপতি মোহাম্মদ মহিউদ্দীন আযাদ। তাঁদের মধ্যে আলতাফ হোসেনের বিরুদ্ধে রুবেলকে অস্ত্র সরবরাহ এবং মহিউদ্দীনের বিরুদ্ধে খুনের পর রুবেলকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।সূত্র জানায়, হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পর নিহত দম্পতির দুই মেয়ে সুমাইয়া ইয়াসমীন ও নিলুফার ইয়াসমীনের নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ঢাকাভিত্তিক একটি মানবাধিকার সংগঠন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে একটি রিট করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সম্প্রতি পুলিশের গুলশান অঞ্চলকে ২৪ আগস্টের মধ্যে দুই বোনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।সুমাইয়া প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা জারির পরপরই আমার বড় ভাইকে মালয়েশিয়ায় অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। ১৯ আগস্ট আমার ভাইকে কেউ একজন ফোন করে বলে, আমি যেন আদালতে সাক্ষ্য দিতে না যাই, তাহলে আমার পরিণতিও আমার মা-বাবার মতো হবে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি ২০ আগস্ট বাড্ডা থানায় জানিয়েছি (জিডি নম্বর ১৫৬৪)।’ এর আগেও সুমাইয়া ও সুমাইয়ার ভগ্নিপতি ইসহাক খানকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।এ প্রসঙ্গে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা পেয়ে আমরা দুই বোনের সঙ্গে দেখা করেছি। পুলিশ সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে।’তবে সুমাইয়া দুঃখ করে বলেছেন, ‘যারা খুনের সঙ্গে জড়িত, তারা হুমকি দিয়ে বেড়াচ্ছে, আর আমরা নিরাপরাধ হয়েও ঘর থেকে বের হতে পারছি না। মা-বাবার হত্যাকাণ্ডের পর থেকে পাঁচ মাসে একটি দিনের জন্যও আমরা দুই বোন স্কুল-কলেজে যেতে পারিনি।’ তাঁর ভাবি মমতাজ বেগম স্কুলে শিক্ষকতা করতেন। তিনি এক রকম গৃহবন্দী অবস্থায় আছেন বলে প্রথম আলোর কাছে আক্ষেপ করেন সুমাইয়া।