একমাত্র ফুটপাতও বেদখল
জয়পুরহাট শহরের প্রধান সড়কটির দুই পাশে ফুটপাত দখল করে দোকানপাট বসিয়ে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন ব্যবসায়ীরা। এ রাস্তার পাশেই রয়েছে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, সরকারি রামদেও বাজলা উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচলও করতে পারে না। সরেজমিনে দেখা গেছে, জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে সিও কলোনি পর্যন্ত রাস্তার দুই পাশে ড্রেনের ওপর স্লাব বসিয়ে ফুটপাত বানানো হয়েছে। কিন্তু এসব ফুটপাতে ওয়েল্ডিং কারখানার জিনিসপত্র, জুতার দোকান, চায়ের দোকান, এমনকি বিভিন্ন অফিস ও ব্যাংকের কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেল রেখে চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। ফুটপাতের পার্শ্ববর্তী অনেক দোকানিও তাঁদের মালামাল ফুটপাতে রেখে ব্যবসা করছেন। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত এভাবেই ফুটপাত দখলে থাকে। জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তন্ময়, ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহাদি, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফারজানা ইয়াসমিন, বাজার করতে আসা গৃহবধূ মনোয়ারা, খঞ্জনপুর এলাকার প্রকৌশল বিভাগের ছাত্র শুভ মহন্ত অভিযোগ করেন, শহরের প্রধান এই রাস্তার ফুটপাত দিয়ে তাঁদের চলাচল করতে হয়। কিন্তু ফুটপাতে দোকান বসিয়ে বেচাকেনা করায় চলাচলে বিঘ্ন ঘটে। বাধ্য হয়ে প্রধান রাস্তায় নেমে পড়তে হয়। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র নন্দলাল পার্শী স্বীকার করেন, ফুটপাতে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে। পৌরসভার পক্ষ থেকে একাধিক বার এসব দোকানপাট তুলে নিতে বলা হয়। কিন্তু ব্যবসায়ীরা তা সরিয়ে নেননি। শিগগিরই ফুটপাত মুক্ত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে সিও কলোনি পর্যন্ত যত্রতত্র ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে, তা দ্রুত দখলমুক্ত করা হবে।