একরাতে আড়াই গুণ বেড়েছে মস্কো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার রাশিয়ার রাজধানী মস্কো আড়াই গুণ বেড়ে গেছে। শহরটির সীমানা কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ৫০ কিলোমিটার পিছিয়ে গেছে। যানজট কমাতে, নগরবাসীর জীবনযাত্রার মানবাড়াতে, পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। দ্য হিন্দুর অনলাইনে প্রকাশিত খবরে আজ এ কথা জানানো হয়।সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভের আমলে নেওয়া ‘বৃহত্তর মস্কো’ প্রকল্পের অংশ হিসেবে নগরটির পরিধি বাড়ানো হলো। আজ ১ জুলাইয়ে শহরটির আয়তন এক হাজার ৭০ বর্গ কিলোমিটার থেকে বেড়ে দুই হাজার ৫৫০ বর্গ কিলোমিটার হয়েছে। এর ফলে শহরটি আয়তনের দিক দিয়ে বিশ্বের চৌত্রিশতম অবস্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। শেষবার মস্কোর সীমানা বেড়েছিল পঞ্চাশ বছর আগে। তখন শহরটির জনসংখ্যা ছিল ৬০ লাখ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১৬ লাখ। মস্কো ইউরোপের অন্যতম ঘনবসতিপূর্ণ নগর। শহরটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগার হাজার মানুষ বাস করে। শহরটির আয়তন বেড়ে যাওয়ায় এর জনসংখ্যা বাড়লো মাত্র দুই লাখ ৩২ হাজার। নতুন এলাকার বিস্তারিত উন্নয়ন কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে এটুকু পাকা হয়েছে যে, ২০২০ সালের মধ্যে শহরের ঘিঞ্জি এলাকায় এলোমেলো করে ছড়িয়ে থাকা সরকারি অফিসগুলোকে নতুন জায়গায় সরিয়ে ফেলা হবে এবং সরকার উপশহরগুলোতে ২০ লাখ মানুষের জন্য বাড়ি তৈরি করে দেবে ও ১০ লাখ মানুষের জন্য কাজের ব্যবস্থা করবে। সরকারি কর্মকর্তারা বলছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি কার্যালয়গুলোকে সরিয়ে ফেলা হবে। নতুন নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নতুন এলাকায় পথঘাট তৈরিতেই খরচ হবে প্রায় তিন হাজার কোটি ডলার। এত বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া বেশ জটিল। তাই সরকার পুরানো এলাকার ঘরবাড়ি বেচে দিয়ে নতুন কাজের খরচ যোগাবার প্রস্তুতি নিয়েছে।