একরামুলের পেশা হত্যা চাঁদাবাজি ছিনতাই ডাকাতি
চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ সাত মামলার আসামি একরামুল হক ওরফে ছুট্টুকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালতে তাঁকে হাজির করলে বিচারক কাল বৃহস্পতিবার তাঁর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। গত সোমবার রাতে নগরের লাভলেইন এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি নন্দনকানন বৌদ্ধ মন্দিরের অদূরে নাজমুল নামের এক যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল ছিনিয়ে নেন একরামুল। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। পুলিশ জানায়, একরামুল তাদের বলেছেন, মোটরসাইকেলটি চট্টগ্রামের আরেক শীর্ষস্থানীয় সন্ত্রাসী মোরশেদ খানের ছোট ভাই মানিক খানের কাছে রয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও মানিককে গ্রেপ্তারে চেষ্টা চলছে। কোতোয়ালি জোনের সহকারী কমিশনার কাজী হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, একরামুল চট্টগ্রাম নগর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি তাঁর মূল পেশা। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। গতকাল একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পলাতক শীর্ষস্থানীয় সন্ত্রাসী মোরশেদের বাহিনীর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ১৯৯৬ সালে নগরের কাজীর দেউড়ি এলাকার অ্যাপোলো শপিং সেন্টারে স্বর্ণের দোকানে দিনের বেলায় ডাকাতি হয়। একরামুল ওই ডাকাতির নেতৃত্বে ছিলেন। সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানা দীর্ঘদিন ধরে কুতুবদিয়া থানায় পড়ে আছে। ওসি আরও বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি নগরে নন্দনকানন এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে একরামুল। নগরের জুবিলি রোডের বিভিন্ন সিরামিক ও টাইলসের দোকান থেকে সে চাঁদাবাজি করছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা এসব অভিযোগও খতিয়ে দেখছি।’