একসঙ্গে আটটি অ্যালবামের কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে স্টুডিও থেকে সরাসরি গানের অনুষ্ঠান কল-এর গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর হোসেন। এই অনুষ্ঠানে আজকের শিল্পী সজীব। কথা হলো তাঁর সঙ্গে। ‘কল-এর গান’ অনুষ্ঠানে আজ কী কী গান করবেন?এ পর্যন্ত যত ধরনের গান শিখেছি, তা থেকেই করার চেষ্টা করব। এর মধ্যে থাকবে পুরোনো দিনের গান, লালনগীতি, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কবির সুমন, নচিকেতাসহ আরও অনেকের গান করব। এ ছাড়া আমার নিজের অ্যালবাম থেকে সবগুলো গানই করতে চাই। কিন্তু সময়ের কারণে সেটা হয়তো সম্ভব হবে না। দর্শকদের অনুরোধও থাকবে। তা ছাড়া ক্লাসিক্যাল গান গাওয়ার ইচ্ছা আছে। এ ধরনের সরাসরি গানের অনুষ্ঠানে শুধু শাস্ত্রীয় সংগীত করছেন না কেন?শাস্ত্রীয় সংগীত পরিবেশনের জন্য একজন শিল্পীর যে ধরনের স্থিরতা থাকা দরকার, তা আমার মধ্যে নেই। আর আমাদের অডিওশিল্পটা অনেক বেশি অস্থির। বলতে পারেন, সময়ের সঙ্গে আমি নিজেও অস্থির হয়ে গেছি। যদি কখনো নিজের মধ্যে স্থিরতা আসে, তাহলে শাস্ত্রীয় সংগীতের পরিবেশন নিয়ে ভাবব।সরাসরি প্রচারিত অনুষ্ঠানে গান করতে কেমন লাগে?আমি কিন্তু এ ধরনের অনুষ্ঠানেই গান করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি মনে করি, সরাসরি অনুষ্ঠানে শ্রোতাদের সঙ্গে শিল্পীর যোগাযোগটা খুব দ্রুত সম্ভব হয়। দর্শক ও শিল্পীর মধ্যে চমৎকার সমন্বয় হয়।আপনার নতুন একক অ্যালবাম কবে আসছে?একসঙ্গে আটটি অ্যালবামের কাজ করছি। এগুলোর মধ্যে আছে মৌলিক গান, লালনের গান ও শচীন দেব বর্মণের গান। এগুলোর মধ্য থেকে একটা অ্যালবাম আমি নির্বাচন করেছি। সেটাই এবার ঈদে শ্রোতাদের হাতে তুলে দেব। এই অ্যালবামের মিক্সিংয়ের কাজ এরই মধ্যে শেষ করেছি। চলচ্চিত্রে কাজের খবর কী? তারেক মাসুদের রানওয়ের পর আশীষ খন্দকারের তার কোনো নাম নেই ছবির সংগীতের কাজ করছি। ছবির কাজের বাইরেও আমি নাটকের কাজ করছি। এগুলোর মধ্যে আছে গোলাম সোহরাব দোদুল, নুরুল আলম আতিক ও রোকেয়া প্রাচীর নাটক। তবে চলচ্চিত্রে গান করতেই বেশি ভালো লাগে। কারণ, নাটকের চেয়ে চলচ্চিত্রের গানের জন্য সময়টা একটু বেশি পাওয়া যায়। তাই কাজটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে।