একসঙ্গে আন্দোলন করতে চায় শরিকেরা, সিদ্ধান্তহীন বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোটের শরিক দলগুলো বিএনপিকে জোটগতভাবে আন্দোলনের কর্মসূচি নির্ধারণ ও পালনের জন্য চাপ দিচ্ছে। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শরিক দলগুলোর এই দাবির ব্যাপারে এখনো সুস্পষ্ট করে কিছু বলেননি।বিএনপির সূত্রগুলো নিশ্চিত করেছে, যুদ্ধাপরাধের বিচার চলাকালে কৌশলগত কারণে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে যেতে চায় না দলটি। দলের নেতারা মনে করছেন, সরকারি দল প্রচার চালাচ্ছে যে খালেদা জিয়ার বাড়ি রক্ষায় আন্দোলন করছে বিএনপি। এই অবস্থায় জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করা হলে প্রচার করা হবে যে যুদ্ধাপরাধের বিচার বানচাল করতেই বিএনপি আন্দোলন করছে। সরকারকে সে সুযোগ দেওয়া যাবে না।যোগাযোগ করা হলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের জোটগত কার্যক্রম আপাতত নেই। আমরা আমাদের কর্মসূচি এককভাবে পালন করছি। শরিক ও সমমনা দলগুলো আমাদের কর্মসূচি সমর্থন করছে। আমরা জোটবদ্ধভাবে কোনো কর্মসূচি করব কি না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’এদিকে শীর্ষ পাঁচ নেতার গ্রেপ্তারের পর থেকেই জামায়াত ইসলামী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করার কথা বলে আসছে। নানা কর্মসূচি দিলেও পুলিশের বাধার কারণে সমাবেশই করতে পারছে না দলটি। এ অবস্থায় বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনই একমাত্র উপায় বলে দলটি মনে করছে।জামায়াতের সাংসদ আ ন ম শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের রাজপথেই নামতে দিচ্ছে না। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে যখন খুশি হানা দিচ্ছে। এ অবস্থায় সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।’জোটের শরিক দলগুলোর সূত্র জানায়, এক বছর ধরেই দলগুলোর নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে একসঙ্গে কর্মসূচি পালন করার অনুরোধ করে আসছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে জোটের শরিক দলের নেতারা একই অনুরোধ করেন। ঈদুল আজহার আগে খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছেড়ে আসতে বাধ্য হওয়ার পর জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি ও খেলাফত মজলিসের নেতারা আবারও একই যুক্তি তুলে ধরেন। কিন্তু খালেদা জিয়া এখন পর্যন্ত তাঁদের সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি।ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘আমরা ম্যাডামকে বারবার বলেছি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে। ঈদের আগেও তাঁকে আমরা এ কথা বলে এসেছি। তিনি নিজেও এখন এই প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন বলে মনে হচ্ছে।’ঐক্যবদ্ধ আন্দোলন করার বিষয়ে কেন বারবার চাপ দিচ্ছেন, জানতে চাইলে বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি এক হলে আমাদের জন্য সরকারের বিরুদ্ধে জনমত গড়া সহজ হবে। আমরা ঈদের আগে ম্যাডামকে এ কথা বলে এসেছি। তিনি ঈদের পর একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন।’খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের হতাশার কথা বলেছেন। তিনি বলেন, ‘এখনো জোটগতভাবে কিছু হওয়ার লক্ষণ তো দেখতে পাচ্ছি না। ম্যাডাম তো এ বিষয়ে চুপচাপ থাকেন।’এদিকে বিএনপির সব কর্মসূচিতে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। দলের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা প্রথম আলোকে বলেন, ‘আমরা বিএনপির পায়ে পায়ে হাঁটব।’