একসঙ্গে ইমরান-জেমিমা...
মার্কিন চালকবিহীন বিমান বা ড্রোন হামলার প্রতিবাদে এক কাতারে শামিল হয়েছেন ইমরান খান ও তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ সময় ড্রোন হামলার তীব্র সমালোচনা করেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ব্রিটিশ আদালতে চলমান মামলায় ড্রোন হামলার শিকার বেসামরিক পাকিস্তানি নাগরিকদের পক্ষের ব্রিটিশ আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথও এ সময় উপস্থিত ছিলেন। ২০০৪ সালে ড্রোন হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত ৮০০-র বেশি বেসামরিক নাগরিক মারা গেছে বলে এক গবেষণায় দাবি করেছেন তেহরিক-ই-ইনসাফের সভাপতি ইমরান খান। অন্যদিকে তাঁর ব্রিটিশ বংশোদ্ভূত সাবেক স্ত্রী জেমিমা, পাকিস্তানের আদিবাসী নেতাদের ডিজিটাল ক্যামেরা সরবরাহ করে এই ড্রোন হামলাগুলোর সচিত্র প্রমাণ ধরে রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।জঙ্গি দমনের নামে অবিরাম ড্রোন হামলার তীব্র সমালোচনা করেছেন ইমরান খান। বর্তমান সরকার পাকিস্তানের বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেটের এই কিংবদন্তি। ড্রোন হামলা প্রতিহত করার শক্তি-সামর্থ্য থাকলেও পাকিস্তানি সেনাবাহিনী তা করছে না অভিযোগ ইমরানের। বরং এ হামলাগুলোর পেছনে পাকিস্তানি সরকারেরও প্রত্যক্ষ সহায়তা আছে বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলার পরপরই এ প্রতিবাদ জানান ইমরান খান ও জেমিমা।পাকিস্তানে ড্রোন হামলার শিকার বেসামরিক নাগরিকদের ভোগান্তির সচিত্র প্রমাণ সংগ্রহের জন্য তত্পরতা চালাচ্ছেন দেশটির আইনজীবীদের একটি সংগঠন। তাদের মাধ্যমে এখন পর্যন্ত পাকিস্তানের আদিবাসী নেতাদের কাছে প্রায় ৫০টি ডিজিটাল ক্যামেরা সরবরাহ করেছেন জেমিমা।১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইমরান খান ও জেমিমা। কিন্তু ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দম্পতি। মেইল অনলাইন।