একসঙ্গে ছোটপর্দায় মম-সুজানা
প্রথমবারের মতো একসঙ্গে ছোটপর্দায় অভিনয় করতে যাচ্ছেন দুই লাক্স সুন্দরী মম ও সুজানা। ৫০ মিনিট ব্যাপ্তির এ নাটকের শুটিং শুরু হবে চলতি মাসের ২৬ তারিখ থেকে। ত্রিভুজ প্রেমের গল্পে মম-সুজানার বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার রোমান্টিক নায়ক সজল। মনের আকাশে নীল মেঘ নাটকের গল্পে দেখা যাবে, সজল ও মম ভালোবেসেই ঘর বাঁধে। চার বছরের সংসার জীবনে তাঁদের সুখের কোনো অভাব নেই। হঠাত্ একটি ঘটনা তাঁদের জীবনকে কেমন যেন বদলে দিল। একদিন বিকেলে সজলের অফিসে সুজানা নামের একটি মেয়ে দেখা করতে আসে। দীর্ঘ সাত বছর পর তাঁকে দেখে অবাক হয় সজল। এক সময় সুজানার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তাঁর। অনেক পরে হলেও পুরোনো প্রেমিকার দেখা পেয়ে সজল বেশ খুশি। কিছুদিন পর এক বিকেলে মম দেখে সজল ও সুজানা একসঙ্গে রেস্টুরেন্টে ঢুকছে। এতে দুজনার মধ্যে সৃষ্টি হয় নানা টানাপোড়েন। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগিয়ে যায়।নাটকটিতে সজল, মম ও সুজানা ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মাহমুদ সানী। মনের আকাশে মেঘ নাটকটি লিখেছেন অজেয় চৌধুরী। আর পরিচালনা করবেন জিয়াউদ্দিন আলম।