একসঙ্গে জন্ম, একসঙ্গে ক্রিকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃগর্ভে একসঙ্গে বাস, পৃথিবীর আলো দেখা কিছুক্ষণের ব্যবধানে। এরপর একসঙ্গে ক্রিকেট খেলা। শুধু বাড়ির আঙিনা বা পাড়ার মাঠে নয়, জাতীয় দল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ে! চলুন শোনা যাক ক্রিকেটের কয়েকজন যমজ ভাইয়ের গল্পদুই ওয়াহক্রিকেটে তো বটেই, সব খেলা মিলিয়েও যমজদের গল্প বলতে গেলে শুরুর দিকে রাখতে হবে ওয়াহদের। শুধু যমজই বা কেন, ক্রিকেটের সফলতম ভাই জুটিও দুই ওয়াহ। স্টিভের চার মিনিট পর পৃথিবীর আলো দেখেছেন মার্ক, আন্তর্জাতিক অভিষেকেও পেছনে মার্ক। ওয়ানডে অভিষেক স্টিভের তিন বছর পর, টেস্ট অভিষেক ছয় বছর। মার্কের টেস্ট অভিষেকটাও আবার ক্রিকেটের অমর এক গল্প। টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন যমজ বড় ভাই স্টিভের বদলে! তবে স্টিভ ফিরেছেন দ্রুতই। পরবর্তী প্রায় এক যুগ দুই ভাই ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা। দুজনে মিলে ৮৬৫ আন্তর্জাতিক ম্যাচ, ৩৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান, ৪৩১ উইকেট, ৫১২টি ক্যাচ—এই পরিসংখ্যানের পর ওয়াহদের নিয়ে আর কিছু বলার প্রয়োজন মনে হয় নেই। একসঙ্গে মাতৃগর্ভে থাকাই শুধু নয়, একই রুমে দীর্ঘদিন থেকেছেন দুজন, বেড়ে উঠেছেন একই সঙ্গে। তার পরও খেলার ধরন, ব্যক্তিত্ব—সবকিছুতেই দুজন ছিলেন আলাদা। এই প্রেক্ষাপট থেকেই জন্ম ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত স্লেজিংগুলোর একটির। ২০০১ অ্যাশেজের ওভাল টেস্টে অভিষিক্ত ইংলিশ পেসার জিমি অরমন্ডকে মার্কের স্লেজিং, ‘মেট, তুমি এখানে কী করছ, তুমি তো টেস্ট খেলার যোগ্যই নও!’ অরমন্ডের জবাব, ‘হয়তো তোমার কথা ঠিক, তবে আমি অন্তত আমার পরিবারের সেরা ক্রিকেটার!’সিগন্যালক্রিকেটের বিখ্যাত যমজদের কথা অনেকেই জানেন, কিন্তু একসঙ্গে টেস্ট খেলা প্রথম যমজের কথা কজন জানেন? তথ্যটি তাই অনেকের জন্যই আসবে বিস্ময় হয়ে, একসঙ্গে টেস্ট খেলা যমজ কিন্তু ছেলে-ক্রিকেটার নন, মেয়ে-ক্রিকেটার! জন্মই শুধু একসঙ্গে নয়, লিজ ও রোজ সিগন্যাল নিউজিল্যান্ডের মহিলা দলে সুযোগই পেয়েছিলেন একসঙ্গে। ১৯৮৪ সালের ইংল্যান্ড সফরে দুজনের টেস্ট অভিষেকও একসঙ্গে, হেডিংলিতে। দুই ইনিংসে ০ ও ৮ করার পর রোজ আর কোনো টেস্ট খেলতে পারেননি। তবে অলরাউন্ডার লিজ খেলেছিলেন আরও পাঁচ টেস্ট। ওই সিরিজেই ক্যান্টারবুরি টেস্টে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল জেন পাওয়েলের। তাঁর যমজ বোন জিল একটি টেস্ট খেলেছিলেন বছর পাঁচেক আগে।দুই মার্শাল২০০৫ সালের অকল্যান্ড টেস্টে বড্ড বিপাকে পড়েছিলেন রিকি পন্টিং। নিউজিল্যান্ডের হয়ে একসঙ্গে ব্যাট করছিলেন মার্শাল যমজরা, অস্ট্রেলিয়ান অধিনায়ক বুঝতেই পারছিলেন না কোন জন কে! দুই ভাই দুই ব্র্যান্ডের ব্যাট নিয়ে খেলছিলেন বলে শেষ পর্যন্ত রক্ষা। অবিকল চেহারা, প্রায় একই উচ্চতা, শারীরিক গঠন আর কোঁকড়ানো চুল মিলিয়ে হ্যামিশ ও জেমশ মার্শালকে আলাদা করতে গলদঘর্ম হতে হতো পরিচিতজনদেরও। ওয়াহরা ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত যমজ হতে পারেন, সিগন্যালরা প্রথম, একটা জায়গায় কিন্তু প্রথম মার্শালরা। একসঙ্গে টেস্ট খেলা প্রথম ‘আইডেন্টিক্যাল’ বা একই রকম চেহারার যমজ নিউজিল্যান্ডের এই দুই ভাই। এখন দুজনের বয়স ৩৩, সর্বশেষ ওয়ানডেতে ১৬১ করার পরও (আয়ারল্যান্ডের বিপক্ষে) আর সুযোগ পাননি জেমস। তবে বয়সটা তাঁর পক্ষেই আছে। কে জানে, প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে আবারও হয়তো একসঙ্গে মাঠে দেখা যাবে দুই মার্শালকে!দুই ডেন্টনটেস্ট খেলতে পারেননি দুজনের কেউই। তবে নর্দাম্পটনশায়ারের হয়ে দীর্ঘদিন ইনিংস ওপেন করেছেন বিলি ও জন ডেন্টন। দুজনই খেলেছেন এক শর বেশি ম্যাচ। পরে এই যমজের ছোট ভাই ডন ডেন্টনও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন নর্দাম্পটনশায়ারের হয়ে।দুই রিপনকেনসিংটনে জন্ম, কিন্তু দুজনই খেলেছেন সমারসেটের হয়ে। ডেন্টনদের মতো কখনো টেস্ট খেলা হয়নি ডাডলি ও সিডনি রিপনেরও। তবে এই দুজনও ছিলেন ওপেনার, একসঙ্গে ব্যাট করার সময় যথেষ্টই গোলমাল বেধে যেত স্কোরারের। ১৯১৪ সালে নর্দাম্পটনে এক ম্যাচে স্কোরারের তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সমারসেটের ইনিংস ওপেন করেছিলেন রিপন যমজরা, নর্দাম্পটনশায়ারের ইনিংস শুরু করেছিলেন ডেন্টন যমজরা! ডাডলি ৩১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেললেও সিডনি খেলেছিলেন ১০৬টি। ১৯১৯ সালে এক ম্যাচে সিডনি দাদিমার পদবি নিয়ে খেলেছিলেন ‘এস ট্রিমনেল’ নামে। পরদিন স্থানীয় পত্রিকায় লেখা হয়েছিল, ‘নামটি যদিও নতুন, কিন্তু মানুষটি কাউন্টি ক্রিকেটে অপরিচিত কেউ নন!’দুই মাতামবানাদজোজিম্বাবুয়ের হয়ে মাত্র তিনটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন। কিন্তু নামটাই তাঁকে মনে রাখা বা ভুলে যাওয়ার জন্য যথেষ্ট—এভারটন ভিকমবোরেরো মাতামবানাদজো! প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার ছিলেন, কিন্তু পিছু না ছাড়া চোটের কাছে হার মেনে মাত্র চব্বিশেই ছেড়ে দেন ক্রিকেট। পরে বিয়েথা করে অভিবাসী হয়ে যান যুক্তরাষ্ট্রে। এভারটনের যমজ ভাই ডারলিংটন ছিলেন প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার। মাশোনাল্যান্ডের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালোই করছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ও ইকোনমিকস পড়ায় মন দেওয়ায় ছেদ পড়ে ক্রিকেটে। পরে ফিরেও আর সুবিধা করতে পারেননি। সেন্ট অ্যান্ড্রুস ইন্টারন্যাশনাল স্কুলে ক্রিকেট শিক্ষকের দায়িত্ব নিয়ে এরপর পাড়ি জমান মালাবিতে।দুই ভ্যারিযমজদের একসঙ্গে খেলার নজির তো কতই আছে, কিন্তু দুজন দুই দলে? এখানেই আলাদা হয়ে আছেন ডেভিড ও জোনাথন ভ্যারি। ডেভিড পড়তেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, জোনাথন অক্সফোর্ডে। এই বিশ্ববিদ্যালয় দুটি ক্রিকেট মাঠে মুখোমুখি হতো নিয়মিতই, যমজ ভাইয়ের লড়াইও তাই জমত দারুণ। ১৯৮২ সালের এক ম্যাচে ডেভিডকে আউট করেন জোনাথন, কিন্তু ম্যাচ জিতে যায় কেমব্রিজ। অক্সফোর্ডের বাইরে আর ম্যাচ খেলা হয়নি জোনাথনের, ডেভিড অবশ্য পরে খেলেছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে।দুই টেলরমার্শালদের মতোই অবিকল চেহারার যমজ। তবে টেলরদের নিয়ে প্রতিপক্ষকে খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি। কারণ, দুজন এক দলে কখনোই খেলেননি। মাইক টেলর ছিলেন পেস বোলিং অলরাউন্ডার, দেড় যুগেরও বেশি সময় প্রথম শ্রেণীর ক্যারিয়ারে খেলেছেন হ্যাম্পশায়ার, নর্দান ট্রান্সভাল ও নটিংহামশায়ারের হয়ে। ডেরেক টেলর সমারসেট ও সারের হয়ে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন ৩০২টি প্রথম শ্রেণীর ম্যাচে। দুবার উইকেটের পেছনে ক্যাচ নিয়ে যমজ ভাইকে ০ রানে ফিরিয়েছেন ডেরেক।আরও দুই বেডসার১৯৪৮ সালের ২০ মে দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে বেডসার দম্পতির ঘর আলো করে এল যমজ সন্তান। উচ্ছ্বসিত বাবা-মাকে সন্তানদের নাম নিয়ে একটুও ভাবতে হয়নি। ইংল্যান্ডের বেডসার ভাইদের কথা তখন কে না জানত! অ্যালেক বেডসার তখন বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা, এরিক বেডসার দাপটে খেলছিলেন কাউন্টিতে। দক্ষিণ আফ্রিকার বেডসার দম্পতি তাঁদের যমজের নাম রাখলেন অ্যালেক ও এরিক। এই দুজনও একসময় ক্রিকেটে এলেন, কিন্তু ইংলিশ বেডসারদের মতো সুবিধা করতে পারলেন না। বোর্ডারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে পেরেছেন অ্যালেক, এরিক বোর্ডারের মূল দল পর্যন্ত আসতে পারেননি। ৩৩ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় অ্যালেকের দুঃখজনক মৃত্যুর পর ক্রিকেটই ছেড়ে দেন এরিক।দুুই বেডসারমুখাবয়বে যেমন, তেমনি সাদৃশ্য ছিল দুজনের শারীরিক গড়নেও। দুই বেডসারই ছিলেন সুঠামদেহী, দূর থেকে আলাদা করা যেত না। দুজনই ছিলেন বোলার, তবে একজন পেসার, আরেকজন স্পিনার। এ নিয়েও মজার এক গল্প আছে। ছেলেবেলায় নাকি দুই ভাই টস করে ঠিক করেছিলেন, কে পেস বোলিং করবেন আর কে স্পিন। অ্যালেক বেডসার টস জিতে বেছে নিয়েছিলেন পেস বোলিং। নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে পরে ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৫১ টেস্ট। সর্বকালের সেরা মিডিয়াম পেসারদের একজন মনে করা হয় স্যার অ্যালেক বেডসারকে। এরিক বেডসার টেস্ট ক্যাপ পরার সুযোগ পাননি। তবে দুই দশক দাপটে খেলেছেন কাউন্টিতে। অফ স্পিনের পাশাপাশি তাঁর ব্যাটের হাতটাও ছিল ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে খেলা না হলেও ইংলিশ কাউন্টিতে সারের এই যমজ ছিলেন প্রতিপক্ষের জন্য ত্রাস। দুই ভাইয়ের বোলিং তাণ্ডবেই টানা সাতবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড গড়েছিল সারে।ক্রিকইনফো অবলম্বনে আরিফুল ইসলাম