একসঙ্গে তিনটি অ্যালবাম
একই সঙ্গে নতুন তিনটি অ্যালবামের কাজ শুরু করেছেন সৈয়দ আব্দুল হাদী। নজরুলসংগীত, আধুনিক ও দেশাত্মবোধক গান নিয়ে হবে অ্যালবাম তিনটি। সৈয়দ আব্দুল হাদী জানান, এরই মধ্যে নজরুলসংগীতের অ্যালবামের গান নির্বাচনের কাজ শেষ করেছেন। দেশাত্মবোধক গানের অ্যালবামটি করছেন বিভিন্ন সময় তাঁর নিজেরই গাওয়া গান নিয়ে। আর আধুনিক গানের অ্যালবামটি হবে ষাট ও সত্তরের দশকে রেডিও-টেলিভিশনে তাঁর গাওয়া জনপ্রিয় হওয়া আধুনিক গানগুলোর মধ্য থেকে। সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘দীর্ঘ সংগীতজীবনে আমি রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে অনেক গান করেছি। অনেক দেশাত্মবোধক গান করেছি। ষাট ও সত্তরের দশকে রেডিও-টেলিভিশনে অসংখ্য আধুনিক গান করেছি। এই গানগুলো বর্তমান প্রজন্ম একেবাইে জানে না। সেই ভাবনা থেকেই আধুনিক ও দেশাত্মবোধক গানের অ্যালবামটি করছি।’নজরুলসংগীতের অ্যালবামটি নিয়ে আব্দুল হাদী বলেন, ‘সম্প্রতি আমি রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম করেছি। এবার নজরুলসংগীতের কম প্রচলিত গানগুলোই করার কথা ভেবেছি।’ বছরের গোড়ার বাজারে আসে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম যখন ভাঙল মেলা।